আব্বাস কিয়ারোস্তামিকে নিয়ে বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আব্বাস কিয়ারোস্তামি এবং বিশ্ব চলচ্চিত্রের নতুন ভাষা’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শেষ হলো গত শনিবার। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। কর্মশালাটি পরিচালনা করেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। কর্মশালার শেষ দিন বিকেলে ছিল ‘আব্বাস কিয়ারোস্তামি এবং ইরানি চলচ্চিত্র’ শিরোনামে তারেক মাসুদের বক্তৃতা। এখানে তিনি বলেন, ‘আমরা কিয়ারোস্তামিকে নিয়ে অনেক কথা বলছি, তাঁকে দেখে অনুপ্রেরণা বোধ করছি, কিন্তু আমরা কিয়ারোস্তামির ছবি কতটা দেখেছি? এটা খুবই আশঙ্কাজনক অবস্থা। বিশ্ব চলচ্চিত্র অনেক দূর এগিয়েছে, কিন্তু আমরা এক জায়গাতেই আছি। তাই আব্বাস কিয়ারোস্তামির ছবি দেখা এবং তাঁকে আরও গভীরভাবে অনুধাবনের জন্য এই কর্মশালার আয়োজন।’ তারেক মাসুদ আরও বলেন, ‘এ দেশের নির্মাতাদের জন্য ইরানি চলচ্চিত্র অনুপ্রেরণাস্থল হতে পারে। কিয়ারোস্তামির ছবিতে একটি বস্তুকে যেমন বিভিন্ন দিক থেকে দেখা যায়, তেমনই কিয়ারোস্তামিকেও নানা দিক থেকে বুঝতে হবে। তাঁর দার্শনিক অবস্থানটি অনুধাবন করতে হবে।’সনদ বিতরণ এবং ডকুমেন্টরি অন ইরানি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন।