আব্বাস কিয়ারোস্তামির ক্যানসার এবং সেই সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি l ছবি: প্রথম আলো
ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি l ছবি: প্রথম আলো

২০১৪ সালের মে মাসের ঘটনা। ফ্রান্সের রাস্তায় হঠাৎ দেখা হয়েছিল তাঁর সঙ্গে। নির্জন ফুটপাতে একলা দাঁড়িয়ে ছিলেন তিনি। খানিক আনমনা। কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে আগের দিন। ফ্রান্সের দক্ষিণ সমুদ্র উপকূল তখন বলতে গেলে নির্জন। রাস্তাঘাটে মানুষজন খুব কম। এরই ফাঁকে হয়তো একটুখানি বাইরে ধূমপান করতে বেরিয়েছিলেন। তখনই তাঁর সঙ্গে আচমকা সাক্ষাৎ। বছর দুয়েক আগে, ইরানের সিনেমা–গুরুর সঙ্গে সেই ক্ষণিকের দেখা আবারও মনে করিয়ে দিল এক দুঃসংবাদ। ইরানের কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ক্যানসারে আক্রান্ত বাইরের বিশ্বে ইরানের ছবির এই অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এরই মধ্যে অস্ত্রোপচারও হয়েছে ৭৫ বছর বয়সী এই নির্মাতার শরীরে। ইরানের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তবে কিয়ারোস্তামির পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারক ছিলেন এই ইরানি সিনেমা-গুরু। ‘আপনি কি আব্বাস কিয়ারোস্তামি?’ বোকার মতো ভয়ে ভয়ে প্রশ্ন করেছিলাম তাঁকে। বিস্ময়ের ঘোর যে তখনো কাটেনি। সব ভয়ডর মিথ্যা করে দিয়ে মানুষটি ‘হ্যাঁ’ সূচক মাথা নেড়েছিলেন। ছবি তোলার অনুরোধে রাজি হয়েছিলেন বিনা আপত্তিতে। বেশিক্ষণ কথা বলার সুযোগ অবশ্য হয়নি। তাঁর বিমান ধরার তাড়া ছিল। অল্প আলাপেই আব্বাস কিয়ারোস্তামিকে জানাতে ভুলিনি, বাংলাদেশে অনেক ভক্ত তাঁর ছবির। আব্বাস বলেছিলেন, বাংলাদেশে আসারও ইচ্ছা আছে তাঁর।
১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পাম জেতে আব্বাস কিয়ারোস্তামির ছবি টেস্ট অব চেরি। দুই বছর পর ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কার জেতেন দ্য উইন্ড উইল ক্যারি আস ছবির জন্য। তাঁর সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে আছে সার্টিফায়েড কপি ও লাইক সামওয়ান ইন লাভ। তার চেয়েও বড় কথা, আব্বাস কিয়ারোস্তামি সেই বিরল নির্মাতাদের একজন, যিনি শত প্রতিকূলতার বিরুদ্ধে লড়েও তাঁর দেশের সিনেমাকে নিয়ে গেছেন অনেক দূর। আব্বাস কিয়ারোস্তামি বাংলাদেশের বহু নির্মাতার কাছেও অনুসরণীয় এক দৃষ্টান্তের নাম।