আব্বাস কিয়ারোস্তামি স্মরণে

‘ইরানি চলচ্চিত্রের কবি আব্বাস কিয়ারোস্তামি আমাদের প্রিয় চলচ্চিত্রকার। বাংলাদেশে ও পৃথিবীর প্রায় সব দেশে বহু চলচ্চিত্রকার এবং চলচ্চিত্রপ্রেমী তাঁর চিন্তা ও কাজের মুগ্ধ দর্শক। আমরা সবাই তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত।’ বলছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন। আব্বাস কিয়ারোস্তামি স্মরণে অনুষ্ঠেয় চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনার আয়োজন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ১ জুলাই গুলশানে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং পবিত্র ঈদুল ফিতর পালনের সময় আমরা ভীষণ বিষণ্ন সময় অতিবাহিত করেছি। এ শোকগ্রস্ত পরিস্থিতির মাঝে কেটে গেছে কিছু সময়। আমরা এক সন্ধ্যা সম্মিলিতভাবে আব্বাস কিয়ারোস্তামিকে স্মরণ করতে চাই, তাঁর কাজ ও চিন্তার বয়ান শুনতে চাই এবং দেখতে চাই তাঁর নির্মিত চলচ্চিত্র। যা তাঁর সৃষ্টিকর্মে আমাদের সন্ধানযাত্রাকে সহজ করে তুলবে।’
আব্বাস কিয়ারোস্তামি স্মরণে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) অনুষ্ঠান আয়োজন করেছে। রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শনিবার বিকেল পাঁচটায় এ অনুষ্ঠান হবে। আলোচনার পর দেখানো হবে এ নির্মাতার নন্দিত চলচ্চিত্র ‘টেস্ট অব চেরি’।
আব্বাস কিয়ারোস্তামির চিন্তা ও তাঁর চলচ্চিত্র নিয়ে আলোচনা করবেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র সম্পাদক জুনায়েদ হালিম, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক ও নির্মাতা প্রসূন রহমান।
আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রারম্ভিক আলোচনা করবেন এফএফএসবির সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফএফএসবি সভাপতি স্থপতি লাইলুন নাহার। আলোচনা ও প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।