আব্বাসউদ্দীন আহমদ স্মরণে
আব্বাসউদ্দীন আহমদের ১১০তম জন্মবার্ষিকী এবার বড় আয়োজনে উদ্যাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী জানান, আগামী ২৭ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান হবে। এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশ লোকসংগীত পরিষদ তিন মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এখানে বাংলাদেশ লোকসংগীত পরিষদ ৩০ জন সদস্য আব্বাসউদ্দীন আহমদের গানগুলো শুদ্ধভাবে গাওয়া এবং শেখানোর ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্দ্রমোহন রাজবংশী বলেন, ‘এখন অনেক শিল্পীই আব্বাসউদ্দীন আহ্মদের গান গাওয়ার সময় ভুল করছেন। আমরা প্রশিক্ষণের জন্য আব্বাসউদ্দীন আহমদের গাওয়া ৩৫টি গান বাছাই করেছি। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সব কটি গানের অডিও সিডি দিয়েছি। পাশাপাশি আসল কথা ও সুরের গানটি গাওয়াচ্ছি। এভাবেই গানগুলো সংরক্ষণের চেষ্টা আমরা করছি।’তিনি আরও জানান, আব্বাসউদ্দীন আহ্মদের জন্মদিন উপলক্ষে একটি বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বইয়ে আব্বাসউদ্দীন আহ্মদকে নিয়ে বাংলাদেশ ও ভারতের শতাধিক লেখকের লেখা থাকবে। আর জন্মদিনের অনুষ্ঠানে বইটির মোড়ক খুলবেন দেশের সাতটি বিভাগের সাতজন প্রবীণ সংগীতজ্ঞ। এঁরা হলেন—সরদার আমীর আলী চিশতি, আব্দুল গফুর হালী, বিদিত লাল দাস, মনোরঞ্জন সরকার, মো. লোকমান আলী শাহ, মোহাম্মদ সিরাজ উদ্দিন ও মতিউর রহমান। বইটির নাম দেওয়া হয়েছে কালজয়ী আব্বাসউদ্দীন।অনুষ্ঠানে ভাওয়াইয়া ও ভাটিয়ালি গানের পাশাপাশি থাকবে নজরুলসংগীত। দেশের স্বনামধন্য শিল্পীরা এখানে গান করবেন। থাকবেন আব্বাসউদ্দীন আহ্মদের ছেলে মুস্তাফা জামান আব্বাসী ও নাতনি নাশিদ কামাল।