আমজাদ হোসেনকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ হোসেন
আমজাদ হোসেন

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে নিয়ে তৈরি হবে প্রামাণ্যচিত্র। এই প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন পরিচালক আবদুস সামাদ খোকন। তবে প্রামাণ্যচিত্রটির নাম এখনো ঠিক হয়নি।
আমজাদ হোসেনের স্কুলজীবনে লেখা নাটক থেকে শুরু করে এ পর্যন্ত তাঁর সাহিত্যচর্চা, নাটক, চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, বাংলা একাডেমি পুরস্কার—সবই উঠে আসবে এই প্রামাণ্যচিত্রে। এতে জহির রায়হান, খান আতাউর রহমানের মতো বরেণ্য চলচ্চিত্রকারদের সঙ্গে তাঁর সময় কাটানোর অভিজ্ঞতাও বলবেন আমজাদ হোসেন।
এই প্রামাণ্যচিত্র নির্মাণে আগ্রহী হওয়া প্রসঙ্গে খোকন বলেন, এখনকার প্রজন্মের যাঁরা ভালো কাজ করছেন, তাঁরা নিজেদের কাজ আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। কিন্তু আমজাদ হোসেনদের মতো কিংবদন্তিদের সম্পর্কে দেশ-বিদেশের অনেকেই হয়তো জানেন না। এ ধরনের একটি কাজ করে সব প্রজন্মের কাছে তাঁকে ও তাঁর কাজকে তুলে ধরা জরুরি।
খোকন বলেন, ‘প্রামাণ্যচিত্রটি হবে ১২০ মিনিটের। আমজাদ হোসেনের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। চলচ্চিত্রে তাঁর কাজের শুরু থেকেই জড়িত আমি। তাঁর জীবনের এই জার্নিটা আমি খুব কাছ থেকে দেখেছি।’
খোকন আরও বলেন, ‘সামনে আমজাদ হোসেনের ৭৫তম জন্মবার্ষিকী। এই কাজটি করে তাঁকে উপহার হিসেবে দিতে চাই।’
প্রামাণ্যচিত্রের চিত্রনাট্য নিজেই লিখছেন নির্মাতা। কবে থেকে শুটিং শুরু হবে—জানতে চাইলে আবদুস সামাদ খোকন বলেন, ‘একটি অংশের চিত্রনাট্য লেখা শেষ। আশা করছি, নভেম্বরের শেষ দিকে কাজটি শুরু করতে পারব।’
এ ব্যাপারে আমজাদ হোসেন বলেন, ‘যদি সত্যিকার অর্থে প্রামাণ্যচিত্র হয়, তাহলে তো ভালো। পৃথিবীতে একটা স্বাক্ষর রয়ে যাবে আমার।’