আমদানি নীতিমালা দিয়ে ভারতীয় ছবি প্রদর্শন করা যাবে না
তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের কোনো সুযোগ নেই। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালায় বলা হয়েছে, সাবটাইটেল করে বিদেশি ভাষার ছবি দেশে আমদানি করা যাবে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, এসব ছবিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে।এই আমদানি নীতিমালার আলোকে প্রেক্ষাগৃহের মালিকেরা দেশে ভারতীয় চলচ্চিত্র আনার চেষ্টা করছেন। অন্যদিকে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আমদানি নীতিমালায় বিদেশি ভাষার ছবি আনা যাবে, কথাটি বলা হলেও সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, সেন্সর বোর্ডের অনুমতি নিতে হবে। এই শর্তের ব্যাপারে তথ্যসচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘ভারতীয় ছবি দেশে প্রদর্শনের কোনো সুযোগ নেই, তাই সেন্সর বোর্ড কোনো অনুমতি দিতে পারে না।এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিন বলেন, ‘ভারতীয় ছবি দেশে প্রদর্শন হবে কি হবে না—এটা তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা বলেছি, সেন্সর বোর্ডের অনুমতি নিয়ে ছবি প্রদর্শন করতে হবে। যদি সেন্সর বোর্ড বা তথ্য মন্ত্রণালয় ছবি প্রদর্শনের অনুমতি না দেয়, তাহলে ভারতীয় ছবি এ দেশে কেউ আনতে পারবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী আমরা কোনো পণ্যকে নিষিদ্ধ করতে পারি না।’ এ প্রসঙ্গে তথ্যসচিব বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতির গেজেট বের হওয়ার পরই আমরা বলেছি, এ দেশে উপমহাদেশের কোনো ছবি আনা যাবে না। যদি কেউ আমদানি নীতি দেখিয়ে ছবি আনার চেষ্টা করেন, তবে তার ছাড়পত্র বিমানবন্দর থেকেও দেওয়া হবে না। তথ্য মন্ত্রণালয় বিমানবন্দরকে ছবির ছাড়পত্র দেওয়ার অনুমতি দেবে না। ফলে ভারতীয় বা উপমহাদেশের কোনো ছবি আনার সুযোগ নেই।’এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন প্রভাবশালী চলচ্চিত্র প্রদর্শক জানান, এরই মধ্যে মাই নেম ইজ খান ও থ্রি ইডিয়টস ছবি দুটি আনার সব ধরনের প্রক্রিয়া তাঁরা সম্পন্ন করেছেন। তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি না পেলে তাঁরা আদালতে যাবেন।