
বছর দশেক আগের ঘটনা। আমি তখন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগের ঘটনা। আমি একটি কোচিং সেন্টারে গণিত বিষয়ে কোচিং করতাম। আমাদের সঙ্গে একটি মেয়ে ছিল। অন্য স্কুলে পড়ত। তার নাম বলতে চাচ্ছি না। কোচিংয়ে প্রথম প্রথম মেয়েটির সঙ্গে কথা হতো না, চোখাচোখি হতো। মনে মনে তার প্রতি ভালো লাগা কাজ করত। কথা বলার আগ্রহ ছিল, কিন্তু সুযোগ ছিল না। একদিন সেই সুযোগ পাওয়া গেল। বাইরে বৃষ্টি। কোচিং শেষ। সবাই যার যার মতো চলে যাচ্ছে। মেয়েটি কোচিংয়ের সামনের ছাউনিতে দাঁড়িয়ে আছে। ছাতা না থাকায় বাসায় যেতে পারছে না। আমার কাছে ছাতা ছিল। তার সঙ্গে কয়েকবার চোখাচোখি হলো। মেয়েটির কাছে গেলাম। জিজ্ঞাসা করলাম, ছাতে লাগবে কি না। মেয়েটি রাজি হলো। এরপর বৃষ্টির মধ্যে আমরা দুজন এক ছাতার নিচে বাসায় রওনা হলাম। প্রায় আধঘণ্টা হাঁটার পর মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিলাম। এরপর তার প্রতি ভালো লাগা আরও বেড়ে যায়। আমাদের নিয়মিত কথা হচ্ছে। আমার ভালো লাগার ব্যাপারটি সে আগেই টের পেয়েছিল। সামনে পরীক্ষা, তাই নিজের মুঠোফোন ব্যবহার করতাম না। মাঝেমধ্যে মার ফোন থেকে তার সঙ্গে কথা হতো। মাধ্যমিক পরীক্ষার ব্যস্ততার কারণে একসময় খেয়াল করলাম, আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে। পরীক্ষা দিয়ে আমি ঢাকায় চলে আসি। দূরত্ব আরও বেড়ে যায়। দুজনের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক দিন পর চট্টগ্রামের একটি সুপারশপে তাঁর সঙ্গে হঠাৎই দেখা হয়। ওই দিন অনেকটা সময় আমরা কথা বলেছি। ও তখন মেডিকেল কলেজের ছাত্রী। ও ওর মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে আর আমি আমার মতো। এখন মাঝেমধ্যে ফেসবুকে কিংবা ফোনে অল্প সময়ের জন্য কথা হয়। আমরা এখন শুধুই বন্ধু।
অনুলিখন: শফিক আল মামুন