
গুরুত্বপূর্ণ একটা তথ্য আগেই জানিয়ে রাখছি, আমি ছোটবেলা থেকেই মেয়েদের কাছে ভালো ছাত্র আর ভালো ছেলে। এই তথ্যটি কিন্তু মেয়ের বাবা-মা ঢের ভালো জানতেন। বলা যায়, অভিভাবক মহলে অল্পবিস্তর নামও ছিল আমার এ বিষয়ে। আর এ কারণে ‘সেদিনের’ দিনগুলোতে বাড়তি সুবিধাও পেয়েছি। আমার গল্পটা স্কলাস্টিকা স্কুলের। বয়স কত হতে পারে? বেশি নয়, মাত্র চতুর্থ শ্রেণিতে পড়ি। সে বয়সেই পড়ে গেলাম প্রথম ভালো লাগায় বা ক্রাশে। মেয়ের নাম সাতুয়া। আমার সহপাঠী। আরও একটা সত্য কথা বলি। ছোটবেলায় আমি কিন্তু দুষ্টু ছিলাম। প্রথম যখন তাকে ভালো লাগে, তখনই কিছু খেলা আবিষ্কার করি। ছোঁয়াছুঁয়ি খেলা। এটাই আমরা বেশি খেলতাম। আর চেষ্টা করতাম টিফিন টাইমটা একসঙ্গে কাটাতে। প্রথম যেদিন পরিচয় হলো, কোনোভাবেই তার বাসার টেলিফোন নম্বর নিতে পারছিলাম না। এর মধ্যে আমার এক বন্ধু এসে দুম করে বলল, সে মেয়েটিকে পছন্দ করে। ত্রিভুজ প্রেম! আমার মাথায় বুদ্ধি এসে গেল। মেয়ের কাছে গিয়ে বললাম, তোমাকে একজন পছন্দ করে। তার থেকে সাবধান থাকা দরকার। তোমার বাসার ফোন নম্বরটা দাও। তার বিষয়ে কোনো আপডেট থাকলে সঙ্গে সঙ্গে জানাব। কথায় কাজ হলো, সে আমাকে বাসার ফোন নম্বর দিল। এরপর স্কুলে দেখা-সাক্ষাৎ আর বাসায় দিতাম ফোন। ওই যে আগেই বলেছি, অভিভাবকদের মাঝে আমার নাম আর কদর ছিল। তাই বাসায় ফোন দিলে কোনো সমস্যা হয়নি। সবাই জানত, আমি হোম ওয়ার্কের জন্য তাকে ফোন করছি। তাই পিতা-মাতাদের মধ্যেও আগ্রহের কমতি ছিল না। তবে এ পর্যন্তই। আমরা প্রেমের বিষয়ে আর কথা বলিনি। ছোটবেলা থেকে ও-লেভেল পর্যন্ত একসঙ্গে পড়েছি এবং আমরা এখনো খুব ভালো বন্ধু। সেদিন তাঁকে বললাম ছোটবেলায় আমার সেই ভালো লাগার কথা।
অনুলিখন: আলম বিশ্বাস