শীতের সূর্যটা বেশ আগেই তার আলো ছড়াতে শুরু করেছে। ঠিক এমন সময় ব্যাগ কাঁধে নিয়ে পাবলিক লাইব্রেরির মূল ফটক দিয়ে বেশ হন্তদন্ত হয়ে ভেতরের দিকে ছুটছিল ছোট্ট ফারিয়া। পেছনে পেছনে তার বাবা-মাও। পেছন থেকে ফারিয়ার মায়ের অনুরোধ, ‘একটু আস্তে দৌড়াও মা! পড়ে যাবে তো।’ কিন্তু কে শোনে কার কথা। ছুটতে ছুটতেই ফারিয়ার উত্তর, ‘আরে! থামা যাবে না। ১১টা বেজে গেছে তো! বোধহয় সিনেমাটা শুরুই হয়ে গেল।’ এ কথা বলেই শওকত ওসমান মিলনায়তনের দিকে দ্রুত পা ফেলতে লাগল ফারিয়া। ফারিয়ার মতো শত শত শিশুকে এ রকম ব্যস্তই দেখা গেল গত কয়েক দিন। ব্যস্ত থাকবেই না বা কেন! বাংলাদেশের শিশুদের জন্য যে শুরু হয়ে গেছে চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর ‘৫ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০১২’! ফারিয়ার মতো আরও অনেক শিশুর ব্যস্ততার কারণ আসলে এ উৎসবই। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসব চলবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। রাজধানী ঢাকার নয়টি ভেন্যু ছাড়াও উৎসব অনুষ্ঠিত হচ্ছে সব বিভাগীয় শহরে। সারা দেশে অনুষ্ঠিত নজরকাড়া এ উৎসবে প্রতিদিন সিনেমা দেখতে হাজির হয়েছে নানা বয়সের শিশু। কেউ বা এসেছিল বাবা-মায়ের হাত ধরে, আবার কেউ বা স্কুল শেষ করে এসেছিল একাই। তাদের মতোই একজন অনিক মাহমুদ। নোয়াখালী জিলা স্কুলে নবম শ্রেণীতে পড়ছে অনিক। প্রথমবারের মতো চলচ্চিত্র উৎসবে এসেছে সে। ‘আগে আমি সিনেমা খুব একটা দেখতাম না। বাসায় বসে ভিডিও গেমস খেলতাম। কিন্তু উৎসবে এসে সিনেমা সম্পর্কে আমার ধারণাই বদলে গেছে। আমাদের জন্যও যে সিনেমা তৈরি হয়, তা উৎসবে না এলে বোধ হয় জানাই হতো না। ভাবছি, এখন প্রতি সপ্তাহে একটি ভালো সিনেমা দেখব।’আবার কারও কারও জন্য সুসময়ও বয়ে নিয়ে এসেছে এ উৎসব। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনকালে অনেক অভিভাবককেই মিলনায়তনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কথা হয় অপেক্ষারত অভিভাবক রওশন আরা বেগমের সঙ্গে। একটু হাসতে হাসতে তিনি বললেন, ‘আমার মেয়েকে নিয়েই সিনেমা দেখতে এসেছি। কিন্তু তাকে বাসায় সিনেমা দেখতে দিই না বলে সেও আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। তার কথা, আপনারা বাসায় ছবি দেখতে দেন না, বলেন এসব বড়দের ছবি, দেখতে নেই। তাই আমাদের ছোটদের ছবিও আপনাদের দেখতে হবে না।’ স্কুলপড়ুয়া শিশুদের পাশাপাশি উৎসবে অংশ নিয়েছে সুবিধাবঞ্চিত শিশুরাও। সে রকম একজন রিয়াজ। সে ফুল বিক্রি করে। ফুল বিক্রি করতে করতেই চলে আসে পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে। অন্য সব শিশুর সঙ্গেই তিনটি সিনেমা দেখেছে রিয়াজ। ছবি দেখার পর কেমন লেগেছে প্রশ্ন করতেই রিয়াজের উত্তর, ‘ইংলিশ সিনেমা আছিল তো, তাই বেশি কিছু বুঝি নাই। বাংলা অইলে বেশি বুঝতাম। তাও সিনেমাডা ভালো লাগছে।’ পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এ উৎসবে দর্শক যেমন শিশুরাই, তেমনি সব কাজও করছে তারাই। নানান বয়সের শিশুদের আগমনে যেন মিলনমেলায় পরিণত হয়েছিল উৎসবস্থল। আগামীকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে উৎসবের। বিকেলে যখন পাবলিক লাইব্রেরি থেকে ফিরছিলাম তখনো চলছিল প্রদর্শনী। নীরব, স্তব্ধ মিলনায়তনে যেন পিনপতন নীরবতা। সবার চোখ পর্দার দিকে। তাদের মধ্য থেকেই কেউ একজন বলে উঠল, ‘আমরা করব জয়। আমরা করব জয় একদিন...।’