রেদওয়ান রনির ইশকুল শেষ। শুরু হলো নাটকটির পরবর্তী গল্প নিয়ে ধারাবাহিক কলেজ। এখন প্রচারিত হচ্ছে মাছরাঙা টিভিতে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন পল্লব বিশ্বাস। এতে অভিনয় করছেন শায়না। অভিনয় আর দাম্পত্য জীবন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।শহীদ আর শুভমিতার গান ‘এক জীবনে’র মিউজিক ভিডিওর পর এ ধরনের আর কোনো কাজ করেননি?এই একটিমাত্র মিউজিক ভিডিও আমাকে দর্শকের অনেক কাছে নিয়ে গেছে। কিন্তু সমস্যা হলো, এরপর আমার কাছে যে কয়টি মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব এসেছে, সব কটিই হুবহু ‘এক জীবনে’র মতো। কী করে রাজি হই বলুন তো! আর ‘এক জীবনে’ এতটাই জনপ্রিয় হয়েছে যে আমিও আর হুট করে এ ধরনের কোনো কাজ করতে চাইছি না।‘কলেজ’ ধারাবাহিকের শুটিংয়ের খবর কী?এই নাটকের কয়েকজন শিল্পী এখন দেশের বাইরে আছেন। আমার বিপরীতে আছেন মিশু সাব্বির। এখন তাঁর সঙ্গেই আমার বেশির ভাগ দৃশ্য। আপাতত শুটিং হচ্ছে না। আগামী মাসে আবার হবে।শুনেছিলাম, আপনি চলচ্চিত্রে কাজ করছেন...দুটি কাজ করেছি—নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ও মাসুদ আখন্দের পিতা। পুত্র এখন পয়সাওয়ালার একটি গানের শুটিং বাকি আছে। পিতার কাজ শেষ। পরিচালক সুইডেন গেছেন। সেখানেই তিনি নির্মাণ-পরবর্তী কাজ করবেন। আপনার বিয়ের খবর নিয়ে একটু জটিলতা হয়েছিল। হুট করেই বিয়ে করেছিলাম। তাই খবরটা নিয়ে সংবাদমাধ্যমে একটু ঝামেলা হয়েছিল। তা-ও প্রায় ১০ মাস হতে চলল। বাবার বাসা আর শ্বশুরবাড়ি খুব কাছাকাছি, লালমাটিয়ায়। এখন আমরা খুব ভালো আছি। আর নিজের পড়াশোনা?লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি।