ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) দ্বিবার্ষিক আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। যৌথভাবে তা আয়োজন করছে আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবের আজ পঞ্চম দিন। এই আয়োজন নিয়ে কথা বললেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার।আইটিআইয়ের নির্বাহী পরিষদের কতজন প্রতিনিধি এবার এসেছেন? ১৭টি দেশের ২৩ জন প্রতিনিধি আইটিআইয়ের বিশ্ব নির্বাহী পরিষদের ১৩০তম সভায় অংশ নিয়েছেন। তিনটি বৈঠক হয়েছে। দুটো ঢাকা ক্লাবে আর একটি হয়েছে সাভারের কর্ণপাড়ায় বেঙ্গলের গেস্টহাউসে। এসব বৈঠকে সাংগঠনিক আলোচনা হয়েছে। এর বাইরে একই দিনে দুটো সেমিনার হয়েছে। বিষয় ছিল, ‘নতুন বাস্তবতা, নতুন থিয়েটার’। প্রবন্ধ উপস্থাপন করেছেন অধ্যাপক আবদুস সেলিম ও অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।আইটিআইয়ের এই দ্বিবার্ষিক সভা তো এর আগেও এখানে হয়েছে।হ্যাঁ, তৃতীয়বারের মতো ঢাকায় এ সভা অনুষ্ঠিত হলো। এর আগে অন্য কোথাও এমনটা হয়নি। এর একটা গুরুত্বও আছে। আমাদের নাট্যচর্চার যে অগ্রগতি হচ্ছে, বৈচিত্র্য এসেছে—আইটিআই কিন্তু এই সভার মধ্য দিয়ে তা স্বীকার করছে। এটা বাংলাদেশে নাট্যচর্চার জন্য খুব ইতিবাচক দিক। নাট্যকর্মীদের জন্য আইটিআইয়ের দ্বিবার্ষিক সভা কী ভূমিকা রাখছে?এই সভা উপলক্ষে আমরা বিদেশি দুজন কৃতী প্রশিক্ষককে আমন্ত্রণ জানিয়েছি। চায়নিজ অপেরার ওপর চুয়া সু পং এবং আফ্রিকান থিয়েটারের ওপর সুদানের আলী মাহাদিকে। তাঁরা আমাদের নাট্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। নাট্যোৎসবে অংশ নিতে সিঙ্গাপুর থেকে এসেছে চায়নিজ অপেরা ইনস্টিটিউট ও কলকাতার মণিরথ গ্রুপ থিয়েটার। তাদের নাটক থেকে কিছু শেখার আছে। আসলে এ ধরনের আয়োজন নাট্যকর্মীদের অনেক কাজে লাগে। আইটিআই বিশ্ব কংগ্রেসের কী খবর?এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকায় আয়োজনের ব্যাপারে আমরা খুব আগ্রহী। এ ধরনের আয়োজন একটু ব্যয়সাপেক্ষ ব্যাপার। আর সাংগঠনিক দক্ষতার প্রয়োজন। এটা আমাদের আছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আমরা খুব সহজেই তা আয়োজন করতে পারব। বিভিন্ন দেশ থেকে নাটকের সঙ্গে সংশ্লিষ্ট তিন শতাধিক প্রতিনিধি আসবেন। অনেক নাটক মঞ্চস্থ হবে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।