একুশে টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক টাট্টু ঘোড়া। লিখেছেন ম আ সালাম, পরিচালনা করছেন জুয়েল মাহমুদ। অভিনয় করছেন আলভি। কথা হলো তাঁর সঙ্গে।‘টাট্টু ঘোড়া’ নাটকটি নিয়ে কিছু বলুন।পুরো নাটকটি নিয়ে কিছু বলা খুবই কঠিন। কারণ, মাসের প্রায় ৩০ দিনই এত ব্যস্ত থাকতে হয় যে নাটকের সেটে গিয়ে শুধু নিজের অংশটুকু দেখেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। যদিও তা মোটেই ঠিক কাজ নয়, তার পরও কী করব বলুন! আমরা একেবারে যান্ত্রিক হয়ে গেছি।নাটকে আপনার নিজের চরিত্রটি কী রকম?নাটকে আমি হিন্দু পরিবারের মেয়ে। বিয়ের পরপরই স্বামী মারা যায়। গ্রামের একটি ছেলে আমার এই সাদা বেশ মেনে নিতে পারে না। সে চায়, আমি যেন আবার নতুন করে জীবন শুরু করি। আমরা নাটকটির কাজ করছি মানিকগঞ্জে।আপনি তো এটিএন বাংলার ‘চাঁদ ফুল অমাবস্যা’ নাটকেও অভিনয় করছেন।আমার কিন্তু এই নাটকে অভিনয়ের কোনো কথা ছিল না। একটা অতিথি চরিত্র আছে, ঘণ্টা দুয়েকের কাজ। পরিচালকের অনেক অনুরোধের কারণে কাজটা করতে রাজি হলাম। এখন কিন্তু তা নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। আর তাতে আমি নিয়মিত অভিনয় করছি।কুষ্টিয়ার মেয়ে হয়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ দারুণভাবে উচ্চারণ করছেন। কীভাবে পারলেন? আরটিভির ‘মনরঙ্গিলা’ নাটকের কথা বলছি।আঞ্চলিক ভাষায় এখন যাঁরাই নাটক তৈরি করছেন, তাঁদের বেশির ভাগ চিত্রনাট্যই আমার কাছে আসে। আমি কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা খুব ভালো বলতে পারি। নোয়াখালীর আঞ্চলিক ভাষার ব্যাপারে ভয় ছিল। এখন দেখছি, হচ্ছে। অনেকই প্রশংসা করছেন।