
ক্যারিয়ারের শুরুর দিকে এনজি শট ব্যাপারটি খুব একটা বুঝতাম না। অভিনয়ের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে সব পরিস্কার হতে থাকে। এনজি শট, ওকে শট, কাট, অ্যাকশন, সাউন্ড, কীভাবে দাঁড়ালে লাইট পাব—সব কারিগরি ব্যাপারগুলো ছবির কাজ বাড়ার সঙ্গে সঙ্গে আয়ত্তে চলে আসে।
যতদূর মনে পড়ছে, কাজী জহির ভাইয়ের ছবিতে অভিনয় করার সময়ই এনজি শটের ব্যাপারটি ভালোভাবে বুঝি। তাঁর ছবিতে বারবার এনজি শট দিতে হয়নি, এমন অভিনয়শিল্পী কেউ আছে বলে আমার মনে হয় না। কাজী জহিরের দুটি ছবিতে অভিনয় করেছি। প্রথমটি ময়নামতি। এই ছবিতে একটি দৃশ্যের জন্য তো আমাকে ৪০ বার শট দিতে হয়েছে। পরে জানতে পারলাম শুরুর দিককার একটি শট জহির ভাই চূড়ান্ত করেন। তিনি খুব সহজে সন্তুষ্ট হতেন না। অনেক সময় নিয়ে ছবির কাজ করতেন। প্রতিটি সংলাপ তাঁর মতো করেই আদায় করতেন। চিত্রনাট্যে তিনি যেভাবে সংলাপ লিখতেন, ঠিক সেভাবেই শিল্পীদের বলতে হতো। এক চুলও নড়চড় হতো না। কোনো ইম্প্রোভাইজ শট তাঁর পছন্দ হতো না। এমনকি একটি সংলাপের সময় পর্যন্ত ঠিক করে দিতেন তিনি। তবে এ ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম ছিলাম। বধু বিদায় ছবিতে আমি আর শাবানা কাজ করেছিলাম। আমার আর শাবানার একটি যৌথ দৃশ্য ছিল। ওই সময় পরিস্থিতির উপযোগী করে দৃশ্যটিকে করার ইচ্ছের কথা জহির ভাইকে জানাই। কোনোভাবেই তিনি রাজি নন। একপর্যায়ে কাজী জহির ভাইকে বোঝাতে সক্ষম হই। শেষ পর্যন্ত তিনিও আমার কাজে সন্তুষ্ট হয়েছিলেন।
শুধু যে পরিচালকের কারণে এনজি শট হতো, তা কিন্তু না। আমরা শিল্পীরাও ইচ্ছে করে বারবার এনজি শট করতাম। শুটিং করতে করতে খাবারের সময় পার হয়ে যাচ্ছে, অথচ সেসব নিয়ে পরিচালকের কোনো মাথাব্যথা নেই। পেটে ক্ষুধা নিয়ে তো আর শুটিং করা সম্ভব না। আমরা যে শুটিং করতে চাচ্ছি না, এ ব্যাপারে পরিচালককে কিছু বলাও সম্ভব না। তাই আমরা নিজেরাই ভিন্ন উপায় বেছে নিতাম, আর তা হচ্ছে এনজি শট।
রাত আটটায় শুটিং শেষ করার কথা থাকলেও দশটা বেজে গেল। পরিচালক তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। প্যাকআপ করার কোনো লক্ষণ নেই। এদিকে আমাদেরও শুটিংয়ে মন বসছে না। মুখ ফুটে কিছু বলতেও পারছি না। তখন আমরা ফন্দি করতাম এনজি শট করার। তখন পরিচালক শুটিং প্যাকআপ করতে বাধ্য হতেন।
অনেককেই বলতে শোনা যায়, একবারেই শট ওকে হয়ে গেছে। তাতে আসলে বাহাদুরির কিছু নেই। বারবার শট নেওয়ার মধ্যে নিখুঁত একটা ব্যাপার যেমন থাকে, তেমনি ধৈর্যচ্যুতি হওয়ার সম্ভাবনাও থাকে। কোনো কান্নার দৃশ্যের শুটিং হচ্ছে। প্রথমে কয়েকবার আবেগ দিয়ে কান্নার দৃশ্যটি করা গেলেও বারবার তো তা সম্ভব নয়। তখন অভিনয়শিল্পীর ধৈর্য কমতে থাকে। যতই গ্লিসারিন দেওয়া হোক না কেন, একটা সময় চোখের পানিও শুকিয়ে যায়। আর চোখের পানি পড়তে পড়তে মেকআপও নষ্ট হয়ে যায়। তাই আমার মতে, অনেকবার এনজি না করে সেটা একটা সহনীয় পর্যায়ে হলেই ভালো। আবার এক শটে ওকে হওয়ার ব্যাপারটিতেও আমি একমত নই।
চট্টগ্রামে লাভ ইন সিমলা ছবির শুটিং করতে গেছি। সহশিল্পী ছিলেন আলমগীর। আর পরিচালক আবুল বাশার। কেন জানি আমাদের দুজনের মাথায় হঠাৎ করে দুষ্টুমি বুদ্ধি চেপে বসে। ভাবলাম আজ পরিচালককে একটু পেইন দেব। চট্টগ্রাম ক্লাবের পাশেই আমাদের শুটিং। অন্তরঙ্গ দৃশ্য। একটা সময় দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আমরা বললাম, এত লোকের সামনে শুটিং করতে পারব না। পরিচালকও নাছোড়বান্দা। কিন্তু আমরা কোনোভাবেই শট ওকে করছিলাম না। বাধ্য হয়ে সেদিন শুটিং বাতিল করতে হয়।
দুষ্টুমি করে রাজ্জাকও কিন্তু এনজি শট করতেন। নজরুল ইসলামের দর্পচূর্ণ ছবির শুটিং করছি। আমার আর রাজ্জাকের একটি প্রেমের দৃশ্যের শুটিং ছিল। আর আমাদের প্রেমের মধ্যে বাগড়া দেবে কৌতুক অভিনেতা খান জয়নুল। আমি আর রাজ্জাক ফন্দি করলাম এনজি শট করব। তাই খান জয়নুলের কাপড়ের মধ্যে পিঁপড়া ঢুকিয়ে দিলাম। যখন সে শট দিতে এল, কোনোভাবেই শট ওকে হচ্ছিল না। যখনই অ্যাকশন বলা হলো, তখন সারা শরীর এমনভাবে চুলকানো শুরু করল যে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। শেষ পর্যন্ত নজরুল ভাই বাধ্য হয়ে সেদিন শুটিং প্যাকআপ করেন।
অনুলিখন: মনজুর কাদের