আমাকে আমার মতো থাকতে দাও
আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিযেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাকসব পেলে নষ্ট জীবন...এ সময়ের খুব জনপ্রিয় একটি গানের স্থায়ী অংশ। শিল্পী ভারতের পশ্চিমবঙ্গের অনুপম রায়। লিখেছেন ও সুর করেছেন তিনি নিজেই। বললেন, ‘একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে লিখেছিলাম গানটি। তখন কী ভেবে লিখেছিলাম, জানি না। গানটা এত জনপ্রিয় হবে, তাও ভাবিনি। তবে এটা পুরোপুরি একটা মিথ্যে গান। বানিয়ে বানিয়ে একটা গল্প লিখেছি। সব মানুষের জীবনে অনেক কিছু না পাওয়াই থেকে যায়। আর তা নিয়েই মানুষের বেঁচে থাকা। তাই হয়তো গানটির কথাগুলো সবার অনেক পছন্দ হয়েছে।’এবারই প্রথম ঢাকায় এলেন অনুপম। শনিবার সন্ধ্যায় গান করেছেন মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আর রোববার দুপুরে দেশ টিভিতে। কথা ছিল দেশ টিভিতে অনুপমের সঙ্গে আড্ডা হবে দুপুর দুইটায়। কিন্তু রেকর্ডিং শেষ হতে দেরি হয়ে যায়। শেষে দুপুরের খাবারের আগে কিছুক্ষণের জন্য পাওয়া গেল অনুপমকে। অনুপম বললেন, ‘যেদিন বাংলাদেশে আসার ভিসা পেলাম, সেদিন থেকেই আমার উত্তেজনার মাত্রা ছিল একটু বেশি। গান? ও তো সব সময়ই করছি। কিন্তু ঢাকায় এসে কী খাব, কোথায় ঘুরব, কী কেনাকাটা করব—তা নিয়ে চলছিল নানা পরিকল্পনা।’কোথায় কোথায় বেড়াতে যাচ্ছেন? অনুপম বললেন, ‘সোমবার পুরোটা আর মঙ্গলবারের অর্ধেকটা দিন হাতে রেখেছি বেড়ানোর জন্য। সোমবার সকালে যাব ধানমন্ডিতে, বঙ্গবন্ধুর বাসায়। ওই দিনটিতে (১৫ আগস্ট) কী ঘটেছিল, সেই স্মৃতিচিহ্নগুলো খুব দেখার ইচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। আশপাশে কোনো নদীতে গিয়ে নৌকায় ঘুরব। কেনাকাটা করব আড়ংয়ে।’কী খাবেন? ‘ঢাকার অনেক খাবারের গল্প শুনেছি। আমার তো ইচ্ছা সব খাব। তবে পুরান ঢাকার নান্না মিয়া বাবুর্চির মোরগ-পোলাও তো খাবই।’ অনুপম বললেন।অনুপম ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনা করেছেন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। দারুণ ছাত্র ছিলেন। পেয়েছিলেন স্বর্ণপদক। পড়া শেষ করে ২০০৪ সালে চাকরি নিয়ে চলে যান বেঙ্গালুরুতে। বছর ছয়েক পর চাকরি ছেড়ে চলে আসেন কলকাতায়। এরপর শুধু গান গাওয়া আর লেখালেখি। অনুপম গান লেখেন, সুর করেন আবার তাতে নিজেই কণ্ঠ দেন। জানালেন, প্রায় দুই শ গান তৈরি করেছেন তিনি। অনুপমের ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি প্রথম ব্যবহার করা হয় অটোগ্রাফ ছবিতে। অনুপম বললেন, ‘আমি চলচ্চিত্রের জন্য গান করছি না। অটোগ্রাফ ছবির পরিচালক সৃজিৎ মুখার্জি আমার বন্ধু। অনেক দিন আগে গানটি শুনিয়েছিলাম তাঁকে। সেদিনই নিজের ছবির জন্য গানটি চূড়ান্ত করেন সৃজিৎ। গানটি মাথায় রেখেই তৈরি করেন চিত্রনাট্য। পরেরগুলোও এভাবেই হয়েছে।’শুধু গান নয়, অনুপম স্কুলজীবন থেকে কবিতা লিখছেন। গত বইমেলায় বেরিয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ সারা রাত কেটে যায় তোর কথা ভেবে। জানালেন, এবার ঢাকার কবিদের কিছু বই সঙ্গে নিয়ে যাবেন।অনুপমের মা মধুরিতা রায় ছিলেন সুচিত্রা মিত্রের ছাত্রী। চর্চা করেন রবীন্দ্রসংগীত। মায়ের গান নয়, অনুপমের পছন্দ ছিল কবির সুমন আর নচিকেতার গান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর জ্যেষ্ঠদের পরামর্শে শুনেছেন ঢাকার শিল্পীদের গান। এরপর মাইলস, এলআরবি, জেমস, বাংলা, হাবিব আর অর্ণবের গানের ভক্ত হয়ে যান। শুরুতে অটোগ্রাফ, এরপর বাইশে শ্রাবণ ও চলো পাল্টাই আর সম্প্রতি ল্যাপটপ ও হেমলক সোসাইটি। অনুপম বললেন, ‘অনেকেরই ধারণা, অনুপম রায় মানেই বেদনার গান। এবার তা ভেঙেছি। হেমলক সোসাইটি ছবিতে গেয়েছি আনন্দ আর প্রেমের গান।’ এবার তিনি কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ছবিতে। নাম চোরাবালি। পরিচালক রেদওয়ান রনি। এ বছর ভালোবাসা দিবসে এসেছে অনুপমের প্রথম অ্যালবাম দূরবীনে চোখ রাখব না। জানালেন, সামনের পূজায় আসছে দ্বিতীয়টি। আড্ডা এবার শেষ করতে হবে, ওদিকে খাবার ঠান্ডা হচ্ছে। অনুপম বললেন, ‘আগামী সপ্তাহেই হয়তো আবার দেখা হবে। কারণ আবারও ঢাকায় আসার কথা আছে।’