
আনুশেহ আনাদিল । সংগীতশিল্পী। ছিলেন বাংলায়। তাঁর গানের নতুন দল বাহক। বাহককে নিয়ে প্রথম গান করেছেন এ বছর মার্চ মাসে দিল্লিতে, সাউন্ডস অব ফ্রিডম কনসার্টে। বাহকের প্রথম অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গানের পাশাপাশি এখন ব্যস্ত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘যাত্রা’ নিয়ে।কেমন আছেন?
ভালো। অনেক দিন পর কথা হচ্ছে।
হ্যাঁ, মঞ্চে কিংবা টিভিতে আপনাকে তো দেখাই যায় না।
আমিই যাই না। মিডিয়া থেকে দূরে আছি। এর একটা লাভও আছে, এই যেমন স্বাধীনভাবে ঘুরতে পারছি। কিন্তু টিভিতে গান করলে পরদিন আর বেরোতেই পারি না। একটু সমস্যা হয়।
মিডিয়া থেকে দূরে আছেন বলে সবাই আপনাকে ভুলে গেছে?
আমাকে ভুলে গেলেও কোনো অসুবিধা নাই। ওসব নিয়ে ভাববার সময় কোথায়? আমি আমার মতো কাজ করে যাচ্ছি।
আপনার গানের নতুন দল বাহকের কী খবর?
বাহকের সদস্যরা হলেন বাউল শফি মণ্ডল (কণ্ঠ ও দোতারা), পাণ্ডু (লিড), কার্তিক (বেস), নজরুল (ঢোল), পালকি (অ্যাকুস্টিক গিটার)। পালকি কিন্তু ফাটাফাটি হারমোনিকা বাজায়। আর আমি তো আছিই।
বাহককে নিয়ে মঞ্চে গান করেছেন?
ঢাকায় এখনো করা হয়নি। বাহককে নিয়ে প্রথম গান করেছি দিল্লিতে। সাউন্ডস অব ফ্রিডম কনসার্টে।
বাহকের অ্যালবামের কোনো খবর আছে?
প্রস্তুতি তো নিচ্ছি অনেক দিন থেকেই। এত দিনে রেকর্ডিং শুরু করার কথা ছিল, কিন্তু গান নিয়ে আমার আলসেমির কারণেই হয়নি। ভাবছি শিগগিরই শুরু করব।
বাংলার সঙ্গে বাহকের গানের কোনো পার্থক্য আছে?
যখন বাংলা শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৯, এখন ৩৭। তখন খুব লাফালাফি করতাম আর এখন শান্ত, ধীরস্থির। গানগুলোর মধ্যেও সেটা বোঝা যাবে। আর একটা ব্যান্ড সব সময় একই রকম আওয়াজ করে যাবে, এটা ঠিক না। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। এখানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনের গান করছি। আসলে যে গানগুলো আমাদের কথা বলে, সেগুলোই করছি। আমার নিজের লেখা গানও থাকবে।
প্রযোজক আনুশেহ আনাদিল কী কাজ করছেন?
বাউল শফি মণ্ডলের অ্যালবাম ভাব বের করেছি। এখন বের করব কাঙালিনী সুফিয়ার অ্যালবাম। সব কাজ শেষ। সামনে সায়ান আর পার্বত্য চট্টগ্রামের ব্যান্ড মাদলের অ্যালবাম করার ইচ্ছা আছে। সায়ান এখন আরও ফাটাফাটি গান করছে।
আপনার অ্যালবামে কোনো লোগো নেই। কেন?
এটা আমাদের একটা প্রতিবাদ।
আপনার একক অ্যালবাম ‘রাই’ বেরিয়েছিল ২০১২ সালে। এরপর?
আমার একক অ্যালবাম করার কোনো শখ ছিল না। বাংলার পর আমার মধ্যে অনেকগুলো গান আটকে ছিল। গানগুলো বের করা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। তা না হলে আর নতুন কিছু বের হবে না। তাই রাই বের করেছিলাম। এখন সেই ইচ্ছা আর নেই। অন্যদের অ্যালবাম প্রডিউস করছি।
আর যাত্রা?
দেশের সাতটি বিভাগ নিয়ে আমরা একটি গবেষণা করছি। সংশ্লিষ্ট বিভাগের নানা বিষয় নিয়ে কাজ করছি। নাম দিয়েছি ‘সাতকাহন’। ঢাকা আর সিলেটের কাজ শেষ করেছি। এবার চট্টগ্রাম নিয়ে কাজ করব।
১০ মিনিট শেষ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ।
সবাই ভালো থাকুন।
আনন্দ প্রতিবেদক