আমাদের কণ্ঠে বাজে সহজিয়া সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আবৃত্তি উৎসব ও কর্মশালার উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আবৃত্তি উৎসব ও কর্মশালার উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো

‘আঞ্চলিক ভাষা বলাতে কোনো দোষ নেই। তবে প্রমিত ভাষা জানা জরুরি। কারণ, সুন্দর করে কথা বলতে পারারও একটা গুরুত্ব আছে। শিল্পের সুষমা ফুটিয়ে তুলতে হলে সাধনা, চর্চার বিকল্প নেই।’
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আবৃত্তি উৎসব ও কর্মশালার উদ্বোধনীতে প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা উল্লেখ করে এ মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী বক্তৃতার শুরুতে নিজের শৈশবের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেবেলায় এমন আবৃত্তি কর্মশালা হতো না। তাই ভাগ্যেও জোটেনি। বাবা বলতেন, “জোরে পড়।” জোরে পড়লে তিনি মাঝে মাঝে ভুল ধরিয়ে দিতেন। আর স্কুলের পণ্ডিতমশাই ভুল ধরতেন উচ্চারণের।’ ‘আমাদের কণ্ঠে বাজে সহজিয়া সুর, ধর্ম-বর্ণ মিশে যায় যেখানে মানুষ’ স্লোগানে শুরু হলো তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা। মূল আয়োজন ছিল শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তিকেন্দ্রে। উদ্বোধনী আয়োজন ছিল একাডেমির খোলা প্রাঙ্গণে। সেখানে আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীরা দাঁড়িয়ে গাইলেন জাতীয় সংগীত। জাতীয় পতাকা আর উৎসবের পতাকা ওড়ালেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ। উদ্বোধনী পর্বে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’। এরপর সংগীত, নৃত্যকলা ও আবৃত্তিকেন্দ্রে শুরু হয় আলোচনা পর্ব। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন। এরপর শুরু হয় আবৃত্তি। কয়েকটি আবৃত্তির দল দলীয় আবৃত্তি পরিবেশন করে। একক আবৃত্তি করেন কাজী মদিনা।