আমাদের ঘেটুপুত্র কমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সঙ্গে আমাদের পথচলা শ্যামল ছায়া দিয়ে। তারপর কেটে গেছে অনেকটা সময়। শ্যামল ছায়া থেকে ঘেটুপুত্র কমলা। অনেক কাহিনি, অনেক স্মৃতি। অবিস্মরণীয় হুমায়ূন আহমেদ এই দীর্ঘ পথ পরিক্রমায় ব্যক্তিগতভাবে আমাকে ঋদ্ধ করেছেন নানাভাবে। সংক্ষেপে এখানে শুধু ঘেটুপুত্র নিয়ে বলব। হুমায়ূন আহমেদ যখন আমাকে বললেন, এটি হবে আমার শেষ ছবি, তখন কথাটা মেনে না নিয়েও একবাক্যে ছবিটি করার সিদ্ধান্ত আমরা নিয়ে ফেললাম।তিনি একটা ছবি করেন। তারপর প্রতিজ্ঞা করেন, ঘোষণা দেন, কখনো আর ছবি করবেন না। এটিই হবে শেষ ছবি। এ রকম নানা ঘোষণা। তারপর প্রতিজ্ঞা ভঙ্গ করেন। ঘোষণা দেন নতুন ছবির। কারণ, ছবি তৈরি করা তাঁর নেশা।প্রতিবারই বলেন আমায়, সাগর, বাজেট আরও বাড়াতে হবে। তারপর বাজেট পর্যন্ত পৌঁছানোর আগেই ছবি শেষ করে ফেলেন। বাড়তি টাকা বরাদ্দ নেন না আর। ঘেটুপুত্র কমলার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটল না। বিশাল আয়োজনে, ব্যাপক শ্রম আর মেধা ব্যয় করে নানা লোকেশনে ঘুরে ছবিটি শেষ করছিলেন যখন, তখন ভেতরে ভেতরে হয়ে পড়েছিলেন অসুস্থ। অথচ তাঁর কর্মব্যস্ততায়, আবেগে তার ছাপ দেখিনি বিন্দুমাত্র। হাওর অঞ্চলে ঘুরে ঘুরে লোকেশন দেখছিলেন।জানতে চাইলাম, আপনার তো সব চেনা। সব জানা। হাওরের সবকিছু আপনার জানাশোনা। তবে লোকেশনের বিষয়ে অনুপুঙ্খ দেখার কারণ বুঝতে পারছি না। হাসলেন হুমায়ূন আহমেদ। বললেন, আমি হাওরের শুটিংয়ে এমন একটা জায়গা বাছাই করতে চাই, যে জায়গাটায় দুই সময়ে কাজ করব। একবার ভরা বর্ষায়, একবার শুকনো মৌসুমে। তা হলে প্রশ্ন করো, জায়গাটা যে একটাই তা সেলুলয়েডে বোঝাব কী করে? রেফারেন্স পয়েন্ট হিসেবে লোকেশনে একটা বড় গাছ বা বড় কিছু থাকবে। যাতে দর্শক বুঝতে পারে জায়গাটা ওই একটাই। এ রকম ভরপুর আনন্দ আর সিরিয়াসনেস নিয়ে শুরু করলেন শুটিং। শেষ করলেন শুটিং। শেষ হলো এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রি-রেকর্ডিং। সবশেষে বের হলো মাস্টার প্রিন্ট। মাঝে নদীতে অনেক পানি গড়াল। হুমায়ূন আহমেদ চিকিৎসার ফাঁকে দেশে ফিরলেন অল্প সময়ের জন্য। ঘেটুপুত্র কমলার বিশেষ প্রদর্শনী আয়োজনে সঙ্গী হলেন সেই সময়টায়।আমন্ত্রণপত্র ছাপানো, লোকজনকে আমন্ত্রণ জানানো, সব কিছুতেই তাঁর দারুণ অংশগ্রহণে মুগ্ধ হলাম। অন্য কোনো ছবিতে কখনো তাঁকে এতটা ইনভলব হতে দেখিনি। প্রিমিয়ার শোর দিনেও তাঁর নিয়ন্ত্রিত উচ্ছ্বাস দেখে আমি বিস্মিত। বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্সের বাইরের সোফায় বসেছিলেন শো শুরুর আগে অনেকটা সময়। সব অতিথিকে ডেকে হেসে বসতে বলছিলেন। থাইল্যান্ড থেকে খুশি নামে এক তরুণী এসেছিলেন বিশেষ প্রিমিয়ার শোতে। তাঁকে আমার সামনে প্রশ্ন করলেন, তুমি কি ভক্ত হিসেবে আমাকে দেখতে এসেছ, না আমার ছবিটা? যদি ছবিটাই দেখতে এত দূর থেকে এসে থাক, তবে তা জেনে খুশি হব। সচরাচর প্রিমিয়ার শোতে যা করেন এবারও তা-ই করতে চাইলেন। অন্ধকার হলে সবার পেছনে বসে চুপচাপ ছবিটি দেখতে চাইলেন। আমি বললাম, না। আপনাকে সবার সামনের সারিতে এসে বসতে হবে। কারণ, ছবিটি শুরুর আগে আপনাকে দেখতে চাইবে সবাই। আপনার কথাও শুনতে চাইবে। হুমায়ূন আহমেদকে যতটুকু দেখেছি, উনি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তা থেকে তাঁকে নড়ানো যায় না একচুলও। অবাক করে দিয়ে সেদিন তিনি সুবোধ বালকের মতো আমার কথায় সামনের সারিতেই এসে বসলেন।হুমায়ূন আহমেদের মা আমাকে বললেন, তুমি একটু বলো, আমার ছেলে যেন না ঘোষণা দেয়, এটিই তার শেষ ছবি। আমি বললাম, সে কথাটা তিনি বলেছেন!খালাম্মা বললেন, তুমি তোমার বক্তব্যে স্পষ্ট করে বলো যে এটি আমার ছেলের শেষ ছবি হবে না!আমরা সবাই কেউ চাইনি এটিই হোক তাঁর শেষ ছবি। কিন্তু চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিদ্ধান্ত নির্মমভাবে অনড় হয়ে রইল। অসামান্য ঘেটুপুত্র কমলা যে সত্যিই তাঁর শেষ ছবি হবে, বিশেষ প্রদর্শনীর দিনে বুঝতে পারিনি। এখনো এত দিন পরে মনে হচ্ছে, এটি একটি ঘোর। মনে হচ্ছে ওনার উষ্ণ হাত পেছন থেকে আমার কাঁধ স্পর্শ করছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে তাঁর হাসিভরা ভারী চশমার চেহারাটা দেখতে পাচ্ছি। তারপর ওনার কণ্ঠস্বর, ‘বুঝলে সাগর, নেক্সট ছবির সাবজেক্টটা ঠিক করে ফেললাম। অতি চমৎকার সাবজেক্ট। আসো, সামনের সপ্তায় আমরা বাজেট নিয়ে বসি। ঠিক আছে...?’ঘেটুপুত্র কমলা দর্শকদের সামনে হাজির।আমরা চেয়েছিলাম চ্যানেল আইয়ের পর্দায় ছবিটি উপহার দিতে। কিন্তু হুমায়ূন স্যার ইবনে হাসান খানের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিলেন, ‘তোমার প্রোডাকশন, যেখানে খুশি ছবিটি রিলিজ করতে পারো। আমি খুশি হতাম যদি বড় পর্দায় ছবিটি মুক্তি পেত।’ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। হুমায়ূন আহমেদের দায়িত্ব ছিল বড় একটি সৃষ্টি তৈরি করা। আজ দর্শকদের দায়িত্ব, বড় পর্দায় ছবিটি দেখে ঘেটুপুত্র কমলাকে আরও বড় করা।