আমাদের চলচ্চিত্র ও ফিনিক্সের জেগে ওঠার প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কমছে প্রেক্ষাগৃহ, কমছে দেশি চলচ্চিত্র নির্মাণের সংখ্যা, প্রযোজকেরাও এ শিল্পে বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। গত মাসে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সারা দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ২ এপ্রিল এ িসদ্ধান্ত প্রত্যাহারও করে তারা। ঢাকাই ছবির চলমান এই সংকটের মধ্যে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র আনন্দ–এ গত ২১ মার্চ প্রকাশিত হয় ‘সারা বিশ্বের ছবি দেখতে চাই: সব কটা জানালা খুলে দাও’ শীর্ষক নিবন্ধ। তার পরিপ্রেক্ষিতেই লিখেছেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান

চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনব্যবস্থা ক্রমবর্ধমান হারে ক্ষয়িষ্ণু সময় পার করছে দুই দশকের বেশি সময় ধরে, যা এতকাল পরে সমাধানের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে বলে মনে হয়। হ্যাঁ, আমি এখনই আশাবাদী হওয়ার সময় এসেছে বলে বিশ্বাস করতে চাইছি। ধরে নিই, আমরা এখন রূপান্তরের কাল অতিক্রম করছি। আর দীর্ঘকাল ধরে চলা কোনো সংকট শেষ হয় এর রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হলেই। যেখান থেকে নতুন সম্ভাবনা নিয়ে শুরু হয় নতুন পথের যাত্রা।

এ বিষয়ে গত ২১ মার্চ আনন্দ পাতায় খোদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কলম ধরেছেন দেখে সত্যিই অনুপ্রাণিত হয়েছি। তাঁর লেখায় ৬০ ও ৭০ দশকে উপমহাদেশের চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের ইতিহাস ও প্রতিযোগিতামূলক সহাবস্থানের চমত্কার চিত্র পাওয়া যায়। প্রতিযোগিতায় উত্সাহের যৌক্তিকতার বিষয়েও টেলিভিশনের স্বর্ণযুগে আন্তর্জাতিক নানা অনুষ্ঠান, বিশ্বসাহিত্য আমদানি, পাঠের প্রয়োজনীয়তাসহ খেলাধুলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরেছেন। তবে সে আলোচনায় আরও যে দুটি বিষয় অন্তর্ভুক্ত হতে পারত, সে বিষয়ে খানিকটা আলো ফেলতে চাই।

প্রথমত, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের চলচ্চিত্রের অংশগ্রহণ আর সম্ভাবনাও ক্রমান্বয়ে বাড়ছে। শুধু জীবনঘনিষ্ঠ ও সৃজনশীল চলচ্চিত্রগুলো নিয়ে নির্মাতারা সম্মানজনক উত্সবে আর প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করছেন তা–ই নয়, বিনোদনধর্মী চলচ্চিত্রগুলোও আন্তর্জাতিক বাজারে নিয়মিতই জায়গা করে নিচ্ছে। শুধু নিজেদের বাজার নিজেদের জন্য ছোট হয়ে এসেছে ক্রমে।

দ্বিতীয়ত, আলোচনায় আরও যে বিষয়টি রাখা যায়, সেটি হচ্ছে স্বাধীনতার পর এ দেশের চলচ্চিত্র ও প্রদর্শনব্যবস্থার খানিকটা চিত্র। প্রতিযোগিতাহীন খালি মাঠে এবং সৃজনশীলতার অভাবে যেদিন থেকে সমাজ ও পরিবারনির্ভর গল্প থেকে বেরিয়ে নির্মাতারা (চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক—সবাই) আজগুবি ফ্যান্টাসির দিকে ধাবিত হলেন, সেদিন থেকেই এর নিম্নগামিতার শুরু। এ ছাড়া আশির দশকে বিকল্পধারা হিসেবে পরিচিতি পাওয়া যে ধারাটি সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে এগিয়ে এসেছে, বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ও প্রদর্শনব্যবস্থা কখনোই তাকে স্বাগত জানায়নি। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করা একটি দেশের সংস্কৃতির প্রধান বাহক ও জনপ্রিয় এ মাধ্যমটি ১ হাজার ২০০ প্রেক্ষাগৃহ নিয়ে এগিয়ে গেছে সৃজনশীলতা ও প্রকৃত সৃজনশীল মানুষদের কোনো গুরুত্ব না দিয়ে। যার ধারাবাহিকতা একসময় মেধাশূন্যতায় গিয়ে ঠেকেছে।

যে দেশের ইন্ডাস্ট্রি থেকে ফি বছর ৬০ থেকে ১০০টি পর্যন্ত চলচ্চিত্র নির্মিত হয়েছে, সে দেশে জাতীয়ভাবে নির্মাতা ও কলাকুশলী তৈরির জন্য একটিও চলচ্চিত্রবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি। আর এ মাধ্যমে যারা শুধু মুনাফার লোভে এসেছে, তাদের কথা বাদ দিলেও দেশের সংস্কৃতি রক্ষায় ও সুস্থ সমাজ বিনির্মাণে যাদের ভূমিকা থাকার কথা, সে জায়গাটাও সব সময় শূন্য রয়ে গেছে। আমাদের চলচ্চিত্রশিল্পের বয়স ৬২ বছর আর আমরা স্বাধীনতা অর্জন করেছি ৪৮ বছর, কিন্তু আজ অবধি একটি ‘জাতীয় চলচ্চিত্রকেন্দ্র’ প্রতিষ্ঠিত হয়নি। আজ অবধি পাস হয়নি জাতীয় চলচ্চিত্র নীতিমালা।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখার শিরোনামের ওপরে, প্রথমেই লেখা ছিল, ‘সারা বিশ্বের ছবি দেখতে চাই’। আর এর পাঠপ্রতিক্রিয়া হিসেবে ২৮ মার্চ প্রকাশিত হওয়া প্রদর্শক সমিতির সভাপতি শ্রদ্ধেয় নওশাদ ভাইয়ের (ইফতেখার উদ্দিন নওশাদ) মতামতের মূল শিরোনামের ওপর লেখা ছিল, ‘সারা বিশ্বের ছবি দেখাতে চাই’। ব্যক্তিগতভাবে আমি দুজনের সঙ্গেই একমত। আমিও সত্যিকার অর্থেই সারা বিশ্বের নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখতে চাই। পাশাপাশি নিজেদের নির্মিত সব ধরনের চলচ্চিত্রও দেখতে চাই।

আমিও বিশ্বাস করি, প্রতিযোগিতার সুযোগ না থাকলে প্রতিযোগীর উন্নয়ন ঘটে না। কিন্তু তাই বলে কেবল আমদানি করা ভারতীয় বা হলিউডের সিনেমাগুলোই দেখতে চাই, এমনও নয়। দেশি সিনেমার পাশাপাশি পৃথিবীর সব দেশের সিনেমা বড় পর্দায় দেখতে চাই। যথাযথ নীতিমালার মধ্যে এর একটা প্রদর্শনসংখ্যার অনুপাত মেনে এবং যথাযথ কর প্রদানের আওতায় সেসব প্রদর্শিত হবে। কেব্​ল টিভি, ইউটিউব আর নেটফ্লিক্স, আই ফ্লিক্সের কালে ঘরে বসেই আমরা এমনিতেই সারা বিশ্বের ছবি দেখতে পাই। এ দেশের বেশির ভাগ চায়ের দোকানে আছে ফ্রি সিনেমার চ্যানেলসহ রঙিন টেলিভিশন। হিন্দি-তামিল কোনোটাই দর্শকের বাদ যায় না। তাই সাংস্কৃতিক আগ্রাসনের জুজুর ভয় যাঁরা এখনো দেখান, তাঁরা দেখতে পান না আগ্রাসনটি আসলে আরও অনেক আগেই ঘটে গেছে। এখন বরং সেখান থেকে মুক্তির পালা। উপমহাদেশের চলচ্চিত্র থেকে প্রভাবমুক্ত হয়ে আন্তর্জাতিক হয়ে ওঠা। সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করে নিজেদের যোগ্যতায় সাবালক হয়ে ওঠা।

আমি আশা করতে চাই, দেশের প্রেক্ষাগৃহগুলো নিজস্ব প্রদর্শনব্যবস্থায় আধুনিকায়ন করে, ই-টিকিটিং ও বক্স অফিসের ব্যবস্থা করবে এখন। ই-টিকিটিং ও বক্স অফিসের ব্যবস্থা না করে কোনো শর্টকাট সমাধানের দিকে গেলে সে সমাধান স্থায়ী হওয়ার সম্ভাবনা এখন কম। কারণ, প্রদর্শকদেরও মনে রাখতে হবে, প্রযোজক লগ্নি করা পুঁজি ফেরত পেলেই নিয়মিত চলচ্চিত্র নির্মিত হবে।

প্রেক্ষাগৃহ আধুনিকায়নের প্রশ্নে উদাহরণস্বরূপ পাশের দেশ নেপালের কথাই বলা যেতে পারে। বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতি ও চলচ্চিত্রের জন্য অপেক্ষাকৃত ছোট বাজারের দেশ নেপালেও ১৪০টি প্রেক্ষাগৃহের মধ্যে ৫৮টি আধুনিক সিনেপ্লেক্স রয়েছে। রয়েছে বক্স অফিস ও ই-টিকিটিং ব্যবস্থা। একজন প্রযোজক নিজের স্মার্টফোনে মুহূর্তেই দেখে নিতে পারেন কোন প্রেক্ষাগৃহে, কোন প্রদর্শনীতে কয়টি টিকিট বিক্রি হয়েছে। তাই সেখানে সব ক্ষেত্রেই বজায় রয়েছে একটি সুষ্ঠু চলমান প্রক্রিয়া।

সবশেষে বলা প্রয়োজন, একটি শৃঙ্খলাপূর্ণ সমাজ আশা করলে সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ রাখতে হবে। সংস্কৃতি প্রদর্শনের জায়গা রাখতে হবে। জাতীয়ভাবে সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। নয়তো অপসংস্কৃতি এসে সে জায়গা দখল করবে। শিল্প হিসেবে, দর্শন হিসেবে, দর্পণ হিসেবে চলচ্চিত্রের শক্তিমত্তার দিকটি বোঝার আগ্রহ হোক। অতিদ্রুত সরকারি সিদ্ধান্তের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতার আগ্রহটাও তৈরি হোক। চলচ্চিত্রই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিধর শিল্পমাধ্যম, গণমাধ্যম এবং বাণিজ্যিক মাধ্যমও। ১৭ কোটি মানুষের এই দেশে এর শক্তি ও সম্ভাবনার প্রায় পুরোটাই এখনো অনাবিষ্কৃত।

ধ্বংসলীলা দেখার জন্য প্রস্তুত না থাকলেও পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার জন্য বোধ হয় আর সময় নেওয়া ঠিক হবে না। আমরা বরং ছাই থেকে ফিনিক্সের জেগে ওঠা দেখার অপেক্ষায় থাকব।