মধুপুরের প্রভাবশালী চৌধুরী পরিবারের কর্তা আমজাদ চৌধুরী (আলীরাজ)। তার প্রাসাদোপম বাড়িতে আরও আছে স্ত্রী, বিধবা বোন, অবিবাহিত আইবুড়ো শ্যালক মজনু এবং আদরের একমাত্র মেয়ে প্রিয়া। তার পরিবারের দেখাশোনা করার জন্য আছে এক বিশ্বস্ত গোলাম। একের ভেতরে তিন—এই গোলাম তার দেহরক্ষী, গাড়ির ড্রাইভার এবং ব্যক্তিগত সহকারী। এই চৌধুরীকে তার গোলাম বহুবার মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, যার কারণে আরেক প্রভাবশালী প্রতিবেশী তালুকদার (মিশা সওদাগর) তাকে বহুবার চেষ্টা করেও খতম করতে পারেনি। তালুকদারের লোকজন এসে প্রিয়াকে অপহরণ করে নিয়ে যায়; কিন্তু মুক্তিপণ হিসেবে চায় চৌধুরীর বিশ্বস্ত গোলামকে। মেয়ের জীবনটা স্বাভাবিকভাবেই তার কাছে বড় হওয়ায় গোলামকে তুলে দেয় তালুকদারের কাছে। যথারীতি গোলাম সেখানে মারা যায়।ছোটবেলায় প্রিয়ার খেলার সঙ্গী ছিল তারই সমবয়সী গোলামের ছেলে নোমান। তাদের মধ্যে অন্তরঙ্গতা টের পেয়ে চৌধুরী তার মেয়েকে শহরে পাঠিয়ে দেয় লেখাপড়া করার জন্য। কারণ চৌধুরী জানে, এই প্রণয় পরিণয়ে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।বেশ কয়েক বছর পর প্রিয়া মধুপুরে ফিরে আসে ছুটিতে তার চার বান্ধবীসহ। এখন সে পূর্ণযৌবনা (অপু বিশ্বাস)। নোমান (শাকিব খান) তাকে নিয়ে আসে স্টেশন থেকে। নোমান যদিও তাকে চেনে, কিন্তু প্রিয়া নোমানকে চিনতে পারে না(!)। বাড়িতে আসার পথে তালুকদারের মাস্তান বাহিনীর হাত থেকে নোমান তাকে রক্ষা করে। চৌধুরী এতে খুশি হয় এবং তাকে যা খুশি তা-ই চাইতে বলে। কিন্তু নোমান মুখ ফুটে প্রিয়াকে চাইতে পারে না। যখন প্রিয়া নোমানকে চিনতে পারে, তখন তাদের মধ্যে আবার হার্দিক সম্পর্ক শুরু হয়। এর মধ্যে প্রিয়ার রূপে মুগ্ধ তালুকদারবাড়ির সন্তান ইমরান প্রিয়াকে বিয়ে করতে চায়। তালুকদার চৌধুরীর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। চৌধুরী রাজি না হলে প্রিয়া-নোমানের ঘনিষ্ঠতার কথা চৌধুরীর কাছে বলে দেয়। গোলামের ছেলে নোমানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে চৌধুরী শত্রুতা ভুলে ইমরানের সঙ্গে প্রিয়ার বিয়েতে রাজি হয়। কিন্তু নায়কের সঙ্গে নায়িকার মিলন ঠেকায় সাধ্য কার? নানা ঘটনা-সংঘাত ও অতিনাটকীয়তার মধ্য দিয়ে প্রিয়া-নোমানের ‘মধুরেণ সমাপয়েৎ’ হয়। এই হচ্ছে আবদুর রহমান প্রযোজিত ও রাজু চৌধুরী পরিচালিত ঈদের চলচ্চিত্র প্রিয়া আমার জান-এর কাহিনি। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান আর অপু বিশ্বাস তাই দর্শককে কিছুটা হলেও তৃপ্ত করতে পারেন এই চলচ্চিত্রের মাধ্যমে। এটি শীতল প্রেমের ছবি নয়, উষ্ণ প্রেমের ছবি। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রিয়া-নোমানের প্রেম সার্থকতা লাভ করে এ ছবিতে। এর বাইরে যাওয়ার সাধ্য কি কাহিনিকার আর পরিচালকের? ফর্মুলা অনুযায়ী ছয়টি গান, সঙ্গে নাচ আর অ্যাকশন-দৃশ্যে ভরপুর এই সোশ্যাল অ্যাকশন ড্রামা। এতে অ্যাকশন আছে, আছে মেলোড্রামা; কিন্তু নেই সোসাইটি—সামাজিক বাস্তবতা, বিশ্বাসযোগ্যতা।ছবির সেটিং মধুপুর। কোথায় এই মধুপুর? টাঙ্গাইলের গারো-অধ্যুষিত মধুপুর? না, সেটির কোনো দিকনির্দেশনা নেই এই চলচ্চিত্রে। তবে ছবি দেখে যা বোঝা গেল, এটি কক্সবাজার এলাকার সমুদ্র-তীরবর্তী কোনো স্থান। কারণ, নোমানের বাগানবাড়িটি সমুদ্র-তীরবর্তী মনে হয়। সেখানে স্থানীয় কোনো অধিবাসীর দেখা আমরা পাই না। তাই এটি বাংলাদেশের কোনো একটি কাল্পনিক গ্রাম বলে ধরে নেওয়াই ভালো। পলাশপুর, কুসুমপুর, বিলাসপুর ইত্যাদি ‘পুর’সর্বস্ব নামগুলো ঢাকাই চলচ্চিত্রের কাহিনিকারদের কাছে খুব প্রিয়।যদিও এটি একটি প্রেমের ছবি; কিন্তু বিষয়বস্তু হিসেবে পাশাপাশি রয়েছে মালিক-গোলাম সম্পর্ক। মালিকের সঙ্গে মালিকের সম্পর্ক—গোলামের সঙ্গে গোলামের। তাই প্রিয়া-নোমানের ভালোবাসা সহ্য করতে পারে না আমজাদ চৌধুরী। যার ফলে চিরশত্রু তালুকদার পরিবারের সন্তান ইমরান তালুকদারের হাতে নিজ সন্তানকে বিয়ে দিতে তার একটুও বাধে না। সামাজিক অবস্থানই এখানে মুখ্য। মেয়ের সুখ-শান্তি এখানে বিবেচ্য নয়। যার ফলে গরিবের ছেলে, বড়লোকের মেয়ের প্রেম পারিবারিক বাধার মুখে পড়ে।বাংলা চলচ্চিত্রে কমেডি থাকবে না, তাই কি হয়? এই ছবিতে কমেডি এসেছে চৌধুরীর শ্যালক মনজুর মাধ্যমে। আইবুড়ো প্রিয়ার এই মামা মুম্বাইয়ের জনি লিভারের অনুকরণে দর্শককে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে। আশীষ কুমার লৌহের বরিশালের আঞ্চলিক ভাষার কৌতুক কিছুটা হলেও মনে করিয়ে দেয় আমাদেরকে প্রিয়ার বান্ধবী লতা, সীমা, কাজলদের দেখামাত্রই ‘মজনু’ মামা-ভাগনির সম্পর্ক ভুলে যেতে বলে—তাদের বিয়ে করতে চায়। প্রিয়া আমার জান চলচ্চিত্রে বিধবার সংখ্যা প্রচুর। তাদের বৈধব্যের কারণ দ্বিবিধ। তারা তাদের সামাজিক অবস্থান ভুলে গোলামশ্রেণীর পুরুষদের প্রেমে পড়ে বিয়ে করে; কিন্তু চৌধুরী কিংবা তালুকদারদের মতো লোক সেটি মেনে না নিয়ে তাদের অকাল বৈধব্যের শিকার করে। আরেক দল বিধবা হয় দুই পরিবারের সংঘাতের কারণে। সোশ্যাল অ্যাকশন এই চলচ্চিত্রের অ্যাকশন দর্শকেরা হাততালি দিয়ে উপভোগ করে। নোমান চরিত্রে ‘কিং খান’ নাম্বার ওয়ান শাকিব খান একাই তিনটি বাঘের শক্তি ধারণ করেন। নিজের শক্তিমত্তার পরিচয় দিয়ে নিজের পরিচয় দেন—‘কখনো আমি ঝড়, কখনো তুফান;নাম আমার নোমান।’শুধু বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশীয় চলচ্চিত্রেই নায়ক হচ্ছে একাই এক শ। তার লক্ষ্য অব্যর্থ। কিন্তু শত্রুর লক্ষ্য সব সময়েই ব্যর্থ (বিশেষ আয়োজন ছাড়া)। প্রিয়া যখন শহর থেকে গ্রামে আসে, তখন শাকিব খান তালুকদারের মাস্তান বাহিনীকে শায়েস্তা করেন তাঁর অস্ত্র নিয়ে—সেটি থেকে কখনো বুলেট বেরোয়, কখনো গ্রেনেডের মতো এক্সপ্লোসিভ। আমি অস্ত্রবিশারদ নই। তার পরও এটি আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কিন্তু আমাদের সাধারণ দর্শকেরা এটি বিশ্বাস করে নেয়। ইংরেজ কবি লোকরিজের ‘উইলিং সাসপেনশন অব ডিসবিলিফ’ অনুসরণে। তাদের যা-ই দেওয়া যায়, তা-ই তারা গ্রহণ করে নেয় কোনোরকম অবিশ্বাস ছাড়া। কারণ, তাদের কাছে ‘হিরো’ হচ্ছে সুপার হিরো—অসাধারণ এবং অমর। ছবির গানগুলো শুনলে মনে হয়, আগে যেন শুনেছি কোথাও। হিন্দি চলচ্চিত্রের গানের সুরের কথাই মনে পড়ে। এটি শুধু গানের ক্ষেত্রেই নয়, অ্যাকশন-দৃশ্যের স্পেশাল সাউন্ড ইফেক্ট ও বিদেশি চলচ্চিত্র থেকে মেরে দেওয়া বোঝা যায়। অ্যাকশন-দৃশ্যে কিছু স্পেশাল দৃশ্যের শুরুতে। ফ্রেমগুলো ‘ইরাইজন্টাল স্ট্রেচ’ করে দেওয়া হয়েছে এবং সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ধার করা সাউন্ড ইফেক্ট। স্লো-মোশন এবং ফাস্ট মোশনের ব্যবহারও রয়েছে এখানে। নায়ক-নায়িকা দৌড়াচ্ছে কিংবা অ্যাকশন-দৃশ্যে রয়েছে স্লো-মোশনের ব্যবহার। আর কমিক ইফেক্টের জন্য ফাস্ট মোশন।ক্যামেরার কাজ খুবই গতানুগতিক এবং তাতে কোনো সৃজনশীলতা কিংবা কুশলতার ছাপ নেই। নায়িকাকে গ্ল্যামারাস করে উপস্থাপনের চেষ্টা নেই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নায়িকাকে যখন ক্যামেরায় ধরা হচ্ছে, তখন তার ভাইটাল ডিফরমিটি ধরা পড়েছে। আরেকটু কুশলী হলে সেটি এড়ানো যেত। অভিনয় গতানুগতিক। মূল খলনায়ক তালুকদার ও চৌধুরী পরস্পরকে ‘এ-ই-ই-ই চৌধুরী’ আর ‘এ-ই-ই-ই তালুকদার বলে সম্বোধন করে খলনায়কীয় ঢঙে। দুর্বল কাহিনি ও ঘটনাবিন্যাস স্বভাবতই চিত্রনাট্যে প্রতিফলিত হয়। সরলরৈখিক কাহিনিবিন্যাসে বার কয়েক ফ্ল্যাশব্যাক ব্যবহার করা হয়েছে। প্রেডিক্টেবল বাহিনী তাই গ্রিক নাটকের মতো পরিবেশনের চমৎকারিত্ব কিংবা সৃজনশীলতার প্রকাশ ঘটায়নি। মালিক-গোলামের সম্পর্কের কোনো আর্থরাজনৈতিক উপস্থাপনার চেষ্টাই করা হয়নি। তাই প্রিয়া আমার জান চলচ্চিত্রটি ব্রিটিশ সাইকিডেলিক রকব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের গানের কথার সূত্র ধরে—‘just another brick in the wall’