আমাদের দুঃখের কোনো সীমা নেই: সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘আমরা ভীষণভাবে বিক্ষুব্ধ, মর্মাহত। আমাদের দুঃখের কোনো সীমা নাই। কারণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে। নারীবিদ্বেষী, মুক্তিযুদ্ধের বিপক্ষের মৌলবাদী শক্তির সঙ্গে আপস করছে।’
কবি সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী এবং নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি’ শীর্ষক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, কবি সুফিয়া কামালকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা সবাই তাঁর আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মৃত্যুর পর তাঁর শীতল দেহ ছুঁয়ে আমরা শপথ নিয়েছিলাম তাঁর শুরু করা সংগ্রাম আমরা এগিয়ে নিয়ে যাব।
৬৯টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত এ সভায় কবি পরিবারের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি-কন্যা সাইদা কামাল এবং কবি-জামাতা সুপ্রিয় ভট্টাচার্য। আরও বক্তব্য দেন অ্যারোমা দত্ত, জাকিয়া কে হাসান, রঞ্জন কর্মকার, নাসিমুন আরা হক মিনু প্রমুখ।