আমাদের নিভৃতচারী এক বন্ধু - জাকারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহম্মদ জাকারিয়া
মুহম্মদ জাকারিয়া

যেকোনো মানুষের মৃত্যুই বেদনাদায়ক। আর একজন সৃজনশীল মানুষের মৃত্যু তো আরও বেদনার। কারণ খুব বেশি মানুষ সৃজনশীল হয় না। আর মানুষটির মৃত্যুর সঙ্গে সঙ্গে মানবজাতির সৃজনশীলতার একটা অংশও হারিয়ে যায়।
আমাদের বন্ধু মুহম্মদ জাকারিয়ার অকস্মাৎ মৃত্যুটা তাই আমার মনে গভীরভাবে বেজেছে। ২০১২ সালের ৫ জানুয়ারি ও চলে গেছে। জাকারিয়া ছিল আমার ছবির সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজুর ঘনিষ্ঠ বন্ধু। আরজুর সূত্রেই জাকারিয়ার সঙ্গে আমার পরিচয় ও বন্ধুত্ব। জাকারিয়ার গান রচনার কলাকৌশল বইটি বাংলা গানের জগতে একটি ব্যতিক্রমী বই। কেউ যদি গান রচনা করতে চান, শিখতে চান গান রচনার নিগূঢ় সব কলাকৌশল, এ বইটি তাকে পড়তেই হবে। গান লেখার নানা বিষয়ের ওপর সহজ ভাষায় এত বিশদ ও কার্যকর একটা বই বাংলা ভাষায় আর দ্বিতীয়টি নেই। বইটি লেখার জন্য আমরা যারা গান লেখার চেষ্টা করি, তারা সবাই-ই মুহম্মদ জাকারিয়ার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তবে জাকারিয়া তো শুধু অন্যদের গান লেখা শেখানোর কলাকৌশলের ওপর বই লেখেনি, নিজেও অজস্র গান লিখেছে, লিখেছে অসংখ্য ছড়া। ওর একটি গান ‘আইল গাঙ্গে নয়া পানি’ আমরা আমাদের চিত্রা নদীর পারে ছবিটিতে বিয়ের গান হিসেবে ব্যবহার করেছি।
জাকারিয়া অভিনয়ও জানত। আমার দুটি ছবি চিত্রা নদীর পারে ও লালন-এ দুটি ছোট চরিত্রে অভিনয় করেছিল ও।
খুলনা শহরে নীরবে সাইকেলে চলাফেরা করত আমাদের এই নিভৃতচারী বন্ধুটি। খুলনা শহরের খুব কম মানুষই জানত কত বড় একজন গুণী ছিল এ মানুষটি। কিন্তু এ সমাজে তো গুণের তেমন কদর নেই। সৃজনশীলতার মূল্যই বা বোঝে কয় জনা? ফলে বেশ অনাদরে-অবহেলাতেই যেন বিদায় নিল অসাধারণ গুণী নিভৃতচারী আমাদের এই বন্ধুটি।