আমাদের প্রিসলিরা

এলভিস প্রিসলি ছিলেন বিংশ শতাব্দীর সংগীত আইকন। ‘কিং অব রক অ্যান্ড রোল’ নামেই পরিচিত। একসময় হঠাৎ তিনি নেমে পড়লেন চলচ্চিত্র অভিনয়ে। সেই পথেই হাঁটছেন আমাদের সংগীত তারকাদের কেউ কেউ। তাঁদের নিয়েই এই আয়োজন
‘ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার’—গানটিতে ঠোঁট মিলিয়ে প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ ্ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাতে হয়তো সংগীতশিল্পী আগুনের একটা দুঃখবোধ থাকতে পারে। তাই আগুন এবার গান করেছেন তাঁর নিজের জন্যই। সরকারি অনুদানে নির্মিত ছবি একাত্তরের মা জননীতে আগুনকে দেখা যাবে নায়কের ভূমিকায়। কথাসাহিত্যিক আনিসুল হকের ৭১ এর সাহসিনী অবলম্বনে নির্মিত এ ছবিতে আগুন নিজের গানে ঠোঁট মেলাবেন। অবশ্য সিনেমায় অভিনয় আগুনের কাছে নতুন কিছু নয়। ১৯৯৭ সালে তাঁর বাবা খান আতাউর রহমান নির্মিত এখন অনেক রাত ছবিতেও একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও আগুন তাঁর সে অভিনয়ে সন্তুষ্ট হতে পারেননি।
আগুন মূলত জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা আগুনের অভিনয়ে প্রথম পাঠ নবম শ্রেণীতে পড়ার সময়, বাবার তৈরি একটা তথ্যচিত্রে। অবশ্য তাঁকে একজন পাকাপোক্ত অভিনেতা হিসেবে দর্শক প্রথম খুঁজে পেয়েছে সালাহউদ্দিন লাভলু পরিচালিত রঙের মানুষ ধারাবাহিক নাটকে। তারপর গানের পাশাপাশি তিনি অভিনয় করে গেছেন অনেকগুলো নাটকে। প্রয়াত কথাসাহিত্যিক ও নাট্যপরিচালক হুমায়ূন আহমেদের বাজি, নিমফুল থেকে শুরু করে সমসাময়িক কালে করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসহ সবগুলো নাটকেই আগুনকে দেখা গেছে একজন সপ্রতিভ অভিনেতা হিসেবে। গানের পাশাপাশি অভিনয়কে পেশা হিসেবে নিলেও আগুন দিনশেষে নিজেকে দেখতে চান একজন সংগীতশিল্পী হিসেবেই। সেই তুলনায় সংগীতশিল্পী তাহসানের অভিনয়ে আসার গল্পটা ব্যতিক্রমী। একসময় জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’-এর ভোকাল হিসেবেই শ্রোতাদের কাছে একমাত্র পরিচিতি ছিল তাঁর। আকর্ষণীয় ব্যক্তিত্ব আর অনন্য গায়কিতে মুগ্ধ তাঁর শ্রোতারা তখন ভুগছিলেন তাহসান-জ্বরে। হঠাৎ করেই আফসানা মিমি একদিন অনুরোধ করলেন ‘ব্ল্যাক’কে তাঁর নাটক অফবিট-এ অভিনয় করতে। শুরুতে রাজি না হলেও শেষ পর্যন্ত ‘ব্ল্যাক’ একটা ব্যান্ড হিসেবেই সেই নাটকে অভিনয় করে। নাটকটি তুমুল দর্শকপ্রিয়তা পায়। দর্শক-শ্রোতাদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছাবাণীগুলো তাহসানকে নতুন করে ভাবতে শেখাল। ভালো লাগল দর্শক-শ্রোতাদের কাছে সরাসরি নিজেকে পৌঁছানোর এ উপায়টিও। এরপর তাহসান বেশ কিছু নাটক আর টেলিছবিতে অভিনয় করেছেন। কাছের মানুষ, আমাদের গল্প, মন ফড়িংএর গল্প, মনসুবা জংশন তাঁর অভিনীত জনপ্রিয় নাটকের কয়েকটি। কিন্তু নিজের অভিনীত এত সব নাটকের মধ্যে তাহসান এগিয়ে রাখলেন তাঁর রিভিশন নাটকটিকে।
গানের পাশাপাশি অভিনয়ের ব্যাপারটি তাহসানের কাছে অন্য আরেকটা শখের মতোই। দর্শকদের চাওয়া, নাট্যপরিচালক শিহাব শাহীনের অনুরোধ আর এনটিভির মোস্তফা কামাল সৈয়দের চাওয়াই নাকি এ ক্ষেত্রে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা।
সংগীতশিল্পী তাহসান অনেক দিন থেকেই জড়িত আছেন শিক্ষকতার সঙ্গে। সারাটা সপ্তাহ নিজেকে সেই পেশাতে ব্যস্ত রাখার পর পাওয়া অতি কাঙ্ক্ষিত ছুটির দিনগুলোকেই তিনি বরাদ্দ রেখেছেন অভিনয়ের জন্য, তাও আবার বিশেষ কিছুদিন সামনে রেখেই শুধু নাটকে অভিনয় করেন। বাংলা চলচ্চিত্রেও তাঁর অভিনয়ের জোর গুঞ্জন শোনা গেছে মাঝেমধ্যে। তার পরও তাহসান মনে করেন, তাঁর সব সুখ গান গাওয়া আর শিক্ষকতাতেই। ‘আমি শুধু শখের বশেই অভিনয় করি। হয়তো অভিনয় করতে ভালো লাগাটাও এর অন্যতম আরেকটা কারণ। কিন্তু একজন শিক্ষক পরিচয়ের পাশাপাশি আমি নিজেকে পরিচিত করতে চাই শুধু একজন সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে।’ বললেন তাহসান।
জনপ্রিয় ব্যান্ডশিল্পী পার্থ বড়ুয়াকেও এখন দেখা যাচ্ছে টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে। দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে পার্থ নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবেই তুলে ধরেছেন। ‘কেন এই নিঃসঙ্গতা’সহ আরও অসংখ্য গানে মাতিয়েছেন দর্শক-হূদয়। তারপর হঠাৎ করেই তাঁর অভিনয়ে পা রাখা। এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ফিফটি ফিফটিতে দর্শক তাঁকে দেখেছে এক ব্যতিক্রর্মী চরিত্রে। গানের পাশাপাশি নিজের অভিনয় প্রতিভাকে দর্শকের সামনে তুলে ধরার যে সূক্ষ্ম প্রয়াস তাঁর, সেটি বিফলে যায়নি। দর্শক তাঁকে স্বাগত জানিয়েছে অভিনয়ে। ২০১২ সালে তাঁর অভিনীত মেইড ইন চিটাগং নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর শেষ দুই দিন, লাভ ইউ ক্রিস্টিনা, শহরতলীর আলোসহ আরও কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। কিন্তু নাট্যনির্মাতা রেদওয়ান রনির কিক অফ নাটকটি তাঁকে নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে দর্শকদের। যেখানে তাঁকে দেখা গেছে একজন রাগী ফুটবল কোচের চরিত্রে। আর সে চরিত্রটি তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
বিশ্বখ্যাত রক তারকা এলভিস প্রিসলির কথা মনে আছে নিশ্চয়ই? গায়ক হয়ে তুমুল জনপ্রিয়তায় ভেসে যাওয়া প্রিসলি হঠাৎ করেই একদিন নেমে পড়লেন অভিনয়ে। লাভ মি টেন্ডার সিনেমায় অভিনয় করে প্রিসলি অনেক আলোচনা-সমালোচনার মুখোমুখি দাঁড়িয়েছিলেন। গান থেকে অভিনয়ে, আবার অভিনয় থেকে গানে—এমন আসা-যাওয়ার খেলায় মেতে ওঠা প্রিসলি শেষ পর্যন্ত গানেই খুঁজে নিয়েছিলেন শেষ আশ্রয়। এখন দেখার পালা, আমাদের প্রিসলিরা শেষ আশ্রয় হিসেবে কোনটিকে বেছে নেন। নাকি গান-অভিনয়ের যুগলবন্দীতেই তাঁরা শান্তি খুঁজবেন?