আমাদের ভাষায় আমাদের মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঐশী, প্রীতম হাসান, শবনম ফারিয়া ও সিয়াম আহমেদ এসেছিলেন অানন্দের আমন্ত্রণে। ছবি: খালেদ সরকার
ঐশী, প্রীতম হাসান, শবনম ফারিয়া ও সিয়াম আহমেদ এসেছিলেন অানন্দের আমন্ত্রণে। ছবি: খালেদ সরকার

দুজন অভিনয়শিল্পী আর দুজন সংগীতশিল্পী। চারজন এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। আসার আগে কেউ জানতেন না, কী বিষয় নিয়ে আলাপ হবে! তবে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের অনুভূতি জানতে চাওয়ায় বলেছেন মন খুলে। অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, সংগীতশিল্পী প্রীতম হাসান ও ঐশীর সঙ্গে এই আড্ডার সঞ্চালক ছিলেন প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর।

জাহীদ রেজা নূর: সবাইকে স্বাগত। আমাদের আজকের আড্ডায়। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলব। আসলে ১৯৭১ বলতে যা ভাবনায় আসে, ওই সময় তার চেয়েও অনেক বেশি কষ্ট করতে হয়েছে মানুষকে। ওই সময়ের কষ্টগুলো এখন অনুধাবন করা বা বুঝতে পারা কঠিন। একাত্তরে স্বাধীনতা আমরা এমনি এমনি পাইনি। আমরা আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো মুক্তিযুদ্ধের ছবি দেখা হয়ে থাকে বা গান শোনা হয়ে থাকে, সেই অনুভূতিটা কেমন। পাশাপাশি ওই চরিত্রে যদি আপনি অভিনয় করতে পারতেন বা ওই গানটা যদি গাইতে পারতেন, তাহলে কেমন হতো।

.
.

শবনম ফারিয়া: পছন্দের চরিত্র বলার আগে মুক্তিযুদ্ধ নিয়ে আমার কিছু কথা বলে নিই। আমার বাবা যখন ক্লাস সেভেনে পড়তেন, তখন আমার দাদা মারা যান। মাত্র ৩২ বছর বয়সে দাদি বিধবা হয়েছিলেন। ওই সময় তাঁর চার সন্তান। বাবার চেয়ে আমার দাদির জীবন বেশি ঘটনাবহুল। বাবা একাত্তর সালে ঢাকা মেডিকেল কলেজে পড়তেন। কলেজ বন্ধ হওয়ার পর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব চলে যান। তারপর অন্য সব তরুণের মতো যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলেন। কিন্তু দাদি প্রচণ্ড কান্না জুড়ে দিলেন। উনি নিশ্চিত ছিলেন যে বাবা আর ফিরবেন না। এর আগে ১৯৭১ সালের মার্চ মাসে বাবা বাড়ি থেকে পালিয়ে ঢাকা এসেছিলেন বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। ভয় পাওয়ার এটাও একটা কারণ। কিন্তু ২৫ মার্চের পরে বাবাসহ গ্রামের কয়েকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। তারপর বিভিন্ন জায়গায় ঘুরেছেন। যুদ্ধ করেছেন। আমার এ সবই বাবার মুখে শোনা।

জাহীদ: এগুলো শোনার সময় কি অন্য রকম অনুভূতি আসে না?

শবনম: এই অনুভূতিটা আমি বলে প্রকাশ করতে পারব না। আমি ছোটবেলা থেকেই এসব শুনেছি। আমার ভেতরে মুক্তিযুদ্ধের বসবাস।

ঐশী: আমার বাবার কাছে আমার দাদাভাইয়ের গল্প শুনেছি। নোয়াখালীতে আমাদের পুরোনো বাড়িটা পুড়িয়ে ফেলা হয়েছিল। আমার দাদার ৯ ছেলেমেয়ে ছিলেন। তবে ওই সময় বাড়িছাড়া হওয়ার ব্যাপারটি সত্যিই বেদনার।

প্রীতম হাসান: আমার মামার ঘটনাটা বলতে পারি। তিনি যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের একটা ইউনিটের দায়িত্বে ছিলেন। তাঁর দলে ছিলেন আরও সাতজন যোদ্ধা। অপারেশনে যাওয়ার আগে গ্রেনেড হাতে নিয়ে যেতেন। এই সেদিনও তিনি বলছিলেন, আপনাদের কাছে হয়তো এটা একটা অ্যাডভেঞ্চার মনে হবে, কিন্তু যার হাতে গ্রেনেড থাকে বা যার কানের পাশ দিয়ে গুলি চলে যায়, সে বোঝে কেমন লাগে। আমার মামার খুব কাছের বন্ধু ছিলেন বশির। একটা অপারেশনে গিয়ে তাঁর ঠিক বুকের মাঝ বরাবর গুলি লাগে। মারা যাওয়ার আগমুহূর্তে মামাকে তিনি বলেছিলেন, ‘বন্ধু, আমি তো পারলাম না। তুই একটু মাকে খবর দিস।’ এমন একটা মুহূর্ত—নিজে ভাবতে গেলে মনে হয়, মানসিকভাবে কতটা শক্তিশালী হতে হয়েছে।

জাহীদ: যদি জানতে চাই, ১৯৭১ সালে প্রীতম থাকতেন, তাহলে তাঁর ভূমিকা কী হতো?

প্রীতম: আমার শুধু একটা জিনিস মনে হয়, আমি যেহেতু গানের মানুষ, তাই আমি হয়তো স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী হতাম। ওই সময়, মুক্তিযোদ্ধাদের উৎসাহ দেওয়ার জন্য নানা ধরনের গান বা অর্কেস্ট্রা প্লে করতাম। চেষ্টা করতাম যেকোনো মূল্যে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হতে।

জাহীদ: সিয়াম একটু পরে যোগ দিয়েছেন আলোচনায়। আমরা তাঁর কাছ থেকে কিছু শুনে নিই আগে।

সিয়াম: ১৯৭১ সালে আমার বাবার বয়স ১২-১৩ বছর। আর আমার মেজো চাচা হুমায়ূন কবির তখন সাব–সেক্টর কমান্ডার। আমাদের এলাকা পিরোজপুর তখন বেশ উন্নত। আমার দাদা তখন বেশ অবস্থাসম্পন্ন ছিলেন। ওই সময় এলাকার অনেকেই আমাদের বাড়ি দেখিয়ে হানাদার বাহিনীকে বলত, এই বাড়ি থেকে শুরু করতে হবে। আমার চাচারা তখন যুদ্ধে চলে গেছেন। অনেকটা সিনেমার মতো করে একদিন পাকিস্তানি আর্মি অফিসার বাড়িতে আসেন। তারপর বলেন, অনেক দিন খোঁজখবর নেওয়া হয় না। তাই চা খেতে এলাম। তারপর আমাদের বাড়ি ও আশপাশে ধ্বংসযজ্ঞ চালানো হয়। আমাদের বাড়ির পাশে পুকুর ছিল। পরে সেখান থেকে অনেক কঙ্কাল উদ্ধার করা হয়।

ঐশী: আমার একটা অনুভূতি শেয়ার করতে চাই। অনেক সময় মঞ্চে উঠে দেশের গান গাই। বিশেষ করে যখন ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গাই, তখন আমার ভেতর যে অনুভূতি হয়, তা বলে বোঝানো কঠিন। পুরো শরীরে একটা অন্য রকম কিছু ভর করে। আমাদের মতো তরুণদেরই যদি এমন হয়, তাহলে ১৯৭১ সালে শিল্পীদের অনুভূতি কেমন ছিল? তাই প্রীতম ভাইয়ার মতো বলতে চাই, গান গেয়ে যদি তাঁদের একটা অংশ হতে পারতাম বা তাঁদের অনুপ্রেরণা দিতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম।

জাহীদ: আমি একটা ছোট্ট গল্প বলি। আমি যখন সোভিয়েত ইউনিয়নে িগয়েছি পড়তে, তখন আমার বয়স ১৯। ভাষা শিক্ষার পর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ক্লাস করছি। ক্লাসে ১৫০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে আমি একা বাঙালি। ভাষাতত্ত্বের প্রথম ক্লাসে ড. অস্ত্রাউমভ পড়াচ্ছিলেন। উনি কথা বলতে বলতে হঠাৎ বললেন, পৃথিবীতে একটা দেশ আছে, যারা ভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছে এবং সেই পথ ধরেই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। তারপর কেটে কেটে বললেন, সেই দেশের নাম ‘বাং-লা-দে-শ’। এরপর আমাকে কিছু বলতে বললেন। আগে কখনোই আমার কোনো দিন দেশ নিয়ে এ রকম কোনো অনুভূতি হয়নি। কিন্তু ১৪৯ জোড়া চোখ যখন আমার দিকে তাকাল এবং আমি যখন কিছু বলার জন্য দাঁড়ালাম, তখন ঝরঝর করে কেঁদে ফেললাম। আমার মনে হয়, আপনারা বাইরের দেশে গিয়ে যখন গান করেন, বিশেষ করে দেশের গান, তখন আর আপনি থাকেন না। নিজেই বাংলাদেশ হয়ে যান।

এবার শবনম ফারিয়ার কাছে জানতে চাইব, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমাগুলো নিশ্চয়ই দেখা হয়েছে। এমন কোনো চরিত্র আছে, যে চরিত্রে অভিনয় করতে চান।

শবনম: মুক্তিযুদ্ধ নিয়ে যতগুলো সিনেমা হয়েছে, সবই আমি দেখেছি। এর মধ্যে তৌকীর ভাইয়ের (তৌকীর আহমেদ) পরিচালনায় জয়যাত্রা চলচ্চিত্রটি আমার সেরা একটা কাজ মনে হয়েছে। এই ছবিতে বিপাশা আপুর (বিপাশা হায়াত) চরিত্র অদ্ভুত সুন্দর। আমি সুযোগ পেলে ওই চরিত্রটা করতে চাই।

জাহীদ: সিয়ামের এমন কোনো পছন্দের চরিত্র আছে?

সিয়াম: আমার এটা নিয়ে একটু কথা আছে। অনেক সিনেমাই দেখেছি। তবে আমার কাছে মনে হয়েছে, মুক্তিযুদ্ধের মতো এত বিশাল ব্যাপার একটা চলচ্চিত্রে তুলে আনা সম্ভব নয়। আমার ছোটবেলায় দেখা হয়েছে হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটি। শুধু এটা নয়, মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাগুলোর অনেক চরিত্র আমার পছন্দের কিন্তু আমি কোনোটাতেই অভিনয় করতে চাই না।

প্রীতম: আমি তো গানের মানুষ। কিন্তু আমাকে যদি পছন্দের চরিত্রের কথা বলা হয়, তাহলে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের রাশেদ চরিত্রে অভিনয় করব।

ঐশী: আমার কাছে উদ্যমী গানগুলো খুব পছন্দের। আমি সাধারণত মঞ্চে এই গানগুলো করি।

প্রীতম: আমাদের একটা ছোট্ট আক্ষেপ আছে। আমাদের দেশে যঁারা মাটির গান গেয়ে থাকেন এবং একদম মাটির শিল্পী, তাঁদের কথা কম উঠে আসে। তাঁদের নিয়ে এ সময়ের সংগীত পরিচালকদের আগ্রহ কম। কিন্তু তঁারা যে কী প্রতিভাবান, এটা আমি কুদ্দুস মামার সঙ্গে (কুদ্দুস বয়াতি) কাজ করতে গিয়ে বুঝেছি। দেশ মানে আসলে তাঁরাই। দেশের গান, দেশের প্রাণ এই শিল্পীরাই। তাই আমার বরাবর চেষ্টা থাকে এমন মাটির শিল্পীদের নিয়ে কাজ করার। এটা করতে গিয়ে সমালোচনার পাশাপাশি সাধুবাদও পেয়েছি। এটা আমার পরম পাওয়া। লোকগানের বড় সুবিধা হলো, এটা শুধু দেশের মানুষের কাছেই না, দেশের বাইরের মানুষও পছন্দ করে।

ঐশী: লোকসংগীত গাওয়ার সময় আমি সবকিছু ভুলে যাই। যেমন তোমার ‘হৃদ মাঝারে রাখব’ বা ‘দিল কি দয়া হয় না’ গানগুলোর জন্য আমি প্রচুর প্রশংসা পেয়েছি।

প্রীতম: গান করার আগে শুরুতে পরিকল্পনা ছিল, যে রিকশাওয়ালা পকেটে মুঠোফোন রেখে গান শোনেন আর রিকশা চালান, তাঁর পকেটে আমাকে ঢুকতে হবে। এই পরিকল্পনা থেকে আমি দুইটা জগৎকে এক জায়গায় করেছি। আমার যেমন প্রচুর তরুণ শ্রোতা আছেন, তেমনি রিকশাওয়ালা থেকে শুরু করে যাঁরা গান শুনতে ভালোবাসেন, সবাই আছেন।

সিয়াম: আমি মনে করি সব ধরনের শ্রোতা বা দর্শকদের সংযুক্ত করার কাজটি এই সময়ের তরুণেরা ভালো পারছেন। তবে ফিউশন করাটা হয়তো গানে সম্ভব কিন্তু অভিনয়ে সম্ভব নয়।

শবনম: যেমন অনেক নাটক আছে যেটা তরুণ ছেলেমেয়েরা পছন্দ করে নানা ধরনের মন্তব্য করেন। কিন্তু আমার বাবা-মা অতটা পছন্দ করেন না। আবার অনেক নাটক আছে, যেটা আব্বু-আম্মু খুব পছন্দ করেন কিন্তু বন্ধুরা অতটা পছন্দ করেন না।

জাহীদ: এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি বা চলচ্চিত্রের কথা বলি, এটাতে কি তরুণদের আগ্রহ কম বা তঁারা কম শুনছেন বা দেখছেন?

শবনম: আমি মনে করি একটু কম শুনছে বা দেখছে। আমাকে আমার ভাষায় বলতে হবে মুক্তিযুদ্ধের গল্প। আমার বাবার ভাষায় বললে হবে না। আমার মতো করে না বললে আমি সেটা বুঝতে পারব না।

জাহীদ: আপনাদের চাওয়া নিশ্চয়ই পূরণ হবে। মুক্তিযুদ্ধ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা নিশ্চয়ই এটি ভেবে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ সময় দিয়েছেন আপনারা।