আমাদের সোনার ময়না পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি এক সাংস্কৃতিক সফরে যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে গান গাইতে গিয়ে শিল্পী কনকচাঁপা পেয়ে গেলেন লোকশিল্পী নীনা হামিদকে, যিনি দীর্ঘদিন প্রবাসে বসবাস করছেন। অনেক দিনের ইচ্ছে ছিল এই শিল্পীকে কাছে পেলে কিছু প্রশ্ন করবেন তাঁকে। ভিডিও ক্যামেরায় ধারণকরা নীনা হামিদের সঙ্গে সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ আনন্দ পাঠকের জন্য লিখেছেনও কনক চাঁপানীনা হামিদ দীর্ঘদিন দেশে নেই। একসময় তাঁর কণ্ঠমাধুর্যে মুগ্ধ হত শ্রোতা-দর্শক। সে কথা মনে পড়ে। হয়তো বুকের ভেতর কোনো অভিমান লুকানো তাঁর। কিন্তু এর চেয়ে ঢের বেশি অভিমান আমার। জানার ইচ্ছে, কেন তিনি আমাদের ছেড়ে পরবাসী জীবন বেছে নিলেন? মনের ভেতর এই প্রশ্ন নিয়ে অনেক দিন ধরে তাঁকে আমি খুঁজছিলাম। হঠাৎই তাঁকে পেয়ে গেলাম সুদূর আমেরিকার আটলান্টিক সিটিতে। যাঁর গান শুনে আমার মতো বাংলাদেশের লাখো শ্রোতা চোখের পানি ফেলেন, তিনি হাসিমুখে মায়ের আদলে আমার সামনে বসে আছেন। আমি কাঁপছি, কিন্তু শান্ত থাকার চেষ্টা করছি। ক্যাসেট রেকর্ডার, স্টিল ক্যামেরা কোনোটাই সঙ্গে নেই। আছে ভিডিও ক্যামেরা। প্রশ্নের ডালি নিয়ে বসে গেলাম তাঁর মুখোমুখি। সেই আলাপচারিতা ভিডিও ক্যামেরায় ধারণ শুরু হলো। বললাম, আপনার সঙ্গে যা কথা হবে, তা পত্রিকায় ছাপা হতে পারে। আপনার যা মনে হয় বলেন। সঙ্গে আমারও কিছু প্রশ্ন থাকবে, মন চাইলে উত্তর দেবেন।বললাম, আপনাকে আমি বলি সোনার ময়না পাখি। নতুন প্রজন্ম আপনার সম্পর্কে খুব একটা জানে না। তাঁদের সঙ্গে আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই। আপনার গানের শুরুটা কীভাবে হয়েছিল, সেটাও যদি একটু বলেন।‘কনক, তুমি আমাকে মনে রেখেছ? বাংলার মানুষ আমাকে মনে রেখেছে? তাই যদি হয়, তবে সবাইকে আমার সালাম এবং ধন্যবাদ। একদম ছোটবেলা থেকেই আমি গান করি। নিখিল দেবের কাছে গানে আমার হাতেখড়ি। প্রতিবছরই স্কুলে গানের প্রতিযোগিতায় আমাদের স্কুলের প্রধান শিক্ষক বাসন্তী গুহ আমার নাম লেখাতেন। তিনি আমার নাম দেন ‘কোকিল’। তখন আমি পল্লিগীতি ছাড়াও সব ধরনের গান গাইতাম। সুরকার আবদুল আহাদ ভাই আমার বড় বোন আফসারী খানমকে গান শেখাতেন। একদিন তিনি আমার কণ্ঠ শুনে বিস্মিত হলেন। এরপর তিনি আমাকে উচ্চাঙ্গসংগীত শেখাতে শুরু করলেন। আমার বড় বোন রাহিজা খানম। তিনি নাচের শিল্পী। যা-ই হোক, এরপর আমি গান শিখলাম ওস্তাদ বিমল দাস, বারীণ মজুমদার—তাঁদের কাছে। ওই বয়সে একবার সরকারি আমন্ত্রণে আমি পাকিস্তানের মুলতানে গেলাম। সেখানে সালামত আলী, নাজাকাত আলী, নুরজাহান, মেহেদি হাসান, সুরাইয়া সুলতানিকা, এনায়েত ভাট্টি—এঁরাও গান করবেন। শুনলাম, আমাকে সুযোগ দেওয়া হবে না। তার পরও অনেক জোরাজুরি করে আমার জন্য একটু সময় চেয়ে নেওয়া হলো। তখন সময় মোটামুটি মাঝরাত। অনেক ছোট আমি। ঘুম পাচ্ছে। আমাকে ধরে ধরে টেবিলের ওপর তুলে দেওয়া হলো। তারপর আমি গান ধরলাম, দিলাম জোরসে টান। দর্শক নড়েচড়ে বসল। তারা একটা গান শুনে আরও শুনতে চায়, কিন্তু ওই যে ‘সময়’! এত বড় ওস্তাদেরা গান গাইবেন, সে কথা এখনো খুব মনে হয়। এরপর রেডিওতে খেলাঘরের অনুষ্ঠানে আবদুল আহাদ নিয়ে গেলেন। সেখানে মোটামুটি নিয়মিত ক্লাসিক্যাল গান গাইতে শুরু করি। তারপর স্কুল ব্রডকাস্টিং প্রোগ্রামে নিলুফার ইয়াসমিন, ওমর ফারুক ও হোসনা ইয়াসমীন বানুর সঙ্গে গাই। একদিন মানিকগঞ্জের ওসমান খান (গীতিকার ও সুরকার) আমাদের বাড়িতে এলেন। তিনি আমার মেজো বোন রাশীদা খানমকে দিয়ে এইচএমভি কোম্পানির জন্য একটা গান করাবেন। রাশীদা গাইত রবীন্দ্রসংগীত। ও খুব লাজুক। প্রস্তাব শুনে ও ‘না’ করে বসল। তখন সুযোগটা নিলাম আমি। জোর করেই ওই গানটা গাওয়ার আবদার করে বসলাম। বাবাও আমার জন্য অনুরোধ করলেন। ওসমান ভাই রাজি হলেন। যখন গানটা শিখতে শুরু করি, তখন ওসমান ভাই আমার কণ্ঠ শুনে অবাক। বললেন, এ আমি কী শুনছি! এরপর সেই রেকর্ডিং। আমার গানের সঙ্গে শ্রেষ্ঠ যন্ত্রশিল্পীরা—কানাই লাল শীল (দোতারার স্রষ্টা), বাঁশিতে ধীর আলী মিঞা, তবলায় বজলুল করিম, একতারায় যাদব আলীসহ (তিনি সুরপণ্ডিত আলাউদ্দীন আলীর বাবা) আরও অনেকে বাজালেন। এরপর ‘কোকিল আর ডাকিস না...’ রেকর্ডটি বের হলো। এর কিছুদিন পর এইচএমভির আখতার আব্বাস বললেন, এ রকম বাংলা গানের এলপি রেকর্ডসের এত কাটতি অনেক দিন দেখিনি। তিনি মিষ্টি ও ফুল নিয়ে বাড়ি এলেন। ওসমান খানকে ডেকে বললেন, আপনি নীনার সিরিজ বানানো শুরু করেন। (নীনা হামিদের মুখে স্মৃতিচারণা শুনতে শুনতে চোখে পানি এসে গেল। তাই দেখে) তিনি বললেন, কনক, তুমি কাঁদছ? আমি তোমার আবেগটা বুঝি। কিন্তু কী বলব, আমার দেশের কোনো সরকারই আমার মূল্যায়ন করেনি। তেমন বড় কোনো সরকারি অনুষ্ঠান, বিদেশে দেশের প্রতিনিধি হয়ে যাওয়ার সুযোগ হয়নি। সেই কদর আমি পাইনি। রাষ্ট্রক্ষমতায় এমনও দল ছিল, যারা জানতই না, নীনা হামিদ বলে একজন শিল্পী আছেন! আমি চলে আসার অনেক পরে আমাকে একুশে পদক দেওয়া হলো। ওই পদক দেওয়ার সময় তারা খোঁজও নেয়নি যে এই শিল্পী এখন কোথায় আছে। আমার পক্ষে আমার ছোট ভাই সেই পদক গ্রহণ করে। দুঃখের সঙ্গে বলতে হয়, আমার চেয়ে বয়সে ছোট—এমন শিল্পীকেও আমার আগেই একুশে পদক দেওয়া হয়েছে। আমি নীনা হামিদ—কম দুঃখে দেশ ছেড়ে দেশান্তরি হয়েছি? অথচ আমাকে, শিল্পী আবদুল আলিমকে একপলক দেখার জন্য গাছ ভেঙে, ঘরের চাল ভেঙে লোক জমায়েত হয়েছে—এমন বাঁধভাঙা ভালোবাসা ছিল। অথচ বিদেশে বা বড় কোনো অনুষ্ঠানে নেওয়ার জন্য আমার নাম প্রস্তাব করা হলেই বলতে শুনেছি, নীনা হামিদ না—আমাদের একজন সুন্দরী গায়িকা প্রয়োজন। আচ্ছা, একজন কণ্ঠশিল্পীর কোনো গুণের শর্তে কি সুন্দর চেহারাটাও পড়ে? সত্যিকার অর্থে তৎকালীন সরকারের ওপর রাগ করেই আমি দেশ ছেড়েছি। তোমরা আমার ওপর অভিমান করো। জানি, ভালোবাসো বলেই অভিমান তোমাদের—এই আমার সান্ত্বনা। কনক, তোমার আপা, আমি আপনার সেই পেশাদারি স্বর্ণোজ্জ্বল দিনগুলোর কথা শুনতে চাই। আপনার রূপবান পালার কথা বলেন।রূপবান যাত্রাপালা রেকর্ড করা হতো। এটার স্রষ্টা ছিলেন খান আতাউর রহমান। ছোট ছোট গান ছিল এতে। ‘দাইমা দাই মা গো...’, ‘সাগর কূলের নাইয়া...’ এমন অপূর্ব শক্তিশালী গান ছিল সেগুলো। সেগুলো এত জনপ্রিয় হলো, সেখান থেকে ছবি তৈরি হলো। সেই রূপবান-এর কী ডিমান্ড, কনক! গ্রাম থেকে নৌকায়, গরুর গাড়িতে বোঝাই করে দলবেঁধে মানুষ এসেছে শুধুরূপবান দেখতে। সে এক জীবন গেছে। আমার এই রূপবান-এর গানের পরে একটা হিড়িক পড়ে গেল ফোক ছবি বানানো। পাতালপুরীর রাজকন্যা, জংলি মেয়ে, সুয়োরানী দুয়োরানী, গোলাপী এখন ট্রেনে, কুচবরণ কন্যা এমন অনেক রূপকথার গানের ছবি। এই গানগুলোর জন্যই আমি ও আবদুল আলিম সারা পৃথিবী ঘুরেছি। বিদেশে ওখানকার মানুষ বাংলা ভাষা না বুঝলেও সুরেই তারা চোখ ভাসাত। এখানেই আমার সার্থকতা। আমি মনে করি, আমাদের গানের ইতিহাস, পল্লিগানের ইতিহাস সংরক্ষণ করা উচিত। আমাদের দোতারা, কানাই শীল, নিতাই শীল, অবিনাশ শীল, জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট—এগুলোর ইতিহাস সংরক্ষণ জরুরি।নীনা আপা, আমি আপনার কন্যাসম। আপনিও শিল্পী, আমিও সেই পথে। তো আমি একটু অনুযোগ করি, কিছু মনে করবেন না!না না, কনক। আমি তোমাকে খুব পছন্দ করি।আপা, জীবনে আপনি অনেক কিছুই পেয়েছেন—‘গানের কোকিল’ পদবি, বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা। সেই ভালোবাসা পেছনে ফেলে, সোনার বাংলাকে ফেলে চলে এলেন। আপনার কি আপামর জনতার ভালোবাসার প্রতিদান হিসেবে আরও কিছু দেওয়ার ছিল না?কনক, প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। তবুও বলি, আমাদের সরকার যে একুশে পদক দেয়, তা কি সিনিয়রিটি না পপুলারিটি না কোয়ালিটি—কিসের ওপর ভিত্তি করে দেয়? না তাতে রাজনীতির প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে—বলো?আপা, আমি এর উত্তর জানি না। একটা কথা বলা হয় যে এই পৃথিবীর তাবৎ বয়সে আরেকটা লতা মুঙ্গেশকর আসবেন না, ঠিক তেমনই আমরা আমাদের এই গানের জগতে একজন আব্বাসউদ্দিন, আবদুল আলিম, ফেরদৌসী রহমান, নীনা হামিদ আর পাব না। শুধু সরকারের ওপর অভিমান করে না নিজের জীবনের আরাম-আয়েশটা উপভোগ করার জন্য দেশ ছাড়লেন?না না, আরাম-আয়েশে থাকার জন্য দেশ ছাড়িনি। সরকারের ওপর রাগ করেই পরবাসী হয়েছি। আর বেশি কিছু আমি বলতে চাই না। শিল্পীরা অনেক আবেগপ্রবণ। তাঁরা আবেগের বশবর্তী হয়ে দেশের জন্য প্রাণ দেন, বিনিময়ে তাঁরা একটু ভালোবাসা চান। সেটা না পেলে ভীষণ দুঃখ পাওয়ারই কথা। আমার দোয়া থাকল, তুমি ও তোমরা তোমাদের প্রাপ্য সম্মান পাও।আমার কিছু কথাআরও অনেক কথা লেখার ছিল, যা তিনি বলেছেন। সবই দামি কথা। তিনি বললেন, একটা কথা তাঁর বারবার মনে হয় যে আমাদের প্রবীণ শিল্পীরা তাঁদের অভিজ্ঞতা-ইতিহাসের সাক্ষ্য, সবই তাঁরা যদি লিপিবদ্ধ করতেন, তাহলে কত সমৃদ্ধ হতো আমাদের সংগীতভুবন? এটা একটা ইনস্টিটিউটে দাঁড়িয়ে যেত। এ নিয়ে পরবর্তী সময়ের শিল্পীরা পড়াশোনা করে শিক্ষিত হতে পারত। তাহলে আজ সুস্থ সংস্কৃতির জায়গায় অপসংষ্কৃতির প্রসার হতো না। আমাদের ব্যর্থতা বোধ হয় এখানেই।