আমাদের 'ইকরি'

খুব স্বাভাবিক একটা জীবনযাপনের মধ্যেই ইকরির ফোনটা হঠাৎ বেজে ওঠে ঝনঝন করে। ফোনের ওপাশে অচেনা কোনো অস্থির কণ্ঠস্বর, ‘মা, বলো না ওকে একটু ওষুধটা খেতে’, কিংবা ‘বলো না ওকে একটু পড়াশোনা করতে’। ইকরির কথায় সেই শিশুরা ওষুধ খায়, পড়াশোনা করে, ঘুমায়। ঠিক এভাবেই সম্পূর্ণ অপরিচিত মায়েদের সেই আবদার ইকরি রক্ষা করে চলে কোনো আপত্তি ছাড়াই। এমনি করে হাজারো অচেনা শিশুর কাছে ইকরি হয়ে গেছে তাদের প্রিয় বন্ধু।
দারুণ জনপ্রিয় শিশুতোষ পাপেট্রি সিসিমপুর-এর সেই ‘ইকরি’ই আমাদের নওশাবা। দীর্ঘ সাত বছর ধরে ইকরি সেজে থাকা নওশাবার কাছে সেই জীবনের গুরুত্ব কতখানি, সেটা তাঁর কথাতেই অনুমেয়: ‘আমার ওই যাপিত জীবন একটা ঘোরের মতো। ওই জীবনের সঙ্গে আজকের এই নওশাবার জীবনের কোনো মিল নেই।’
মজার কথা হলো, ওই ইকরি চরিত্রের মতোই ছিল নওশাবার নিজের শৈশব। সারাটা দিন কেটেছে পশু-পাখি-ফুল-ফল আর গাছগাছালির সঙ্গে মিতালি করতে করতে। দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট হওয়ায় মা-বাবা আর ভাইদের সবটুকু আদর-স্নেহ দিয়ে রঙিন করে নিয়েছেন নিজের শৈশব। বাবা হাতে ধরে ধরে ফুল, পাখি, গাছ চেনাতেন। গান গেয়ে, বই পড়ে, কবিতা আবৃত্তি করে শোনাতে শোনাতে বাবাই হয়ে গেছেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। সেনা কর্মকর্তা বাবার কারণেই তাঁর ছোটবেলার পুরো সময়টুকু কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টের সাজানো আর সুশৃঙ্খল আঙিনায়। ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই ওই ছোট্ট নওশাবার স্কুলজীবনে পা রাখা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মাস্টার্স পাস করার মধ্যে দিয়েই সেই পড়াশোনাকে জানিয়েছেন সাময়িক ছুটি। অবশ্য সবকিছু ঠিক থাকলে মা-বাবার পছন্দের ইংরেজির একজন গুরুগম্ভীর অধ্যাপক হিসেবেই নাকি দেখা যেত তাঁকে। সে পথেই এগোচ্ছিল নওশাবার জীবন, কিন্তু একদিন চারুকলার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা ভেতরের পরিবেশটাই নাকি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চারুকলার প্রেমে মজে ভর্তি হয়ে গেলেন সেখানেই। আর সেই সূত্র ধরেই তাঁর সিসিমপুর-যাত্রা।
নওশাবা অভিনীত প্রথম নাটক ছোটবেলা বড়বেলা। অবশ্য তার আগেই দর্শক তাঁকে দেখেছে একটি টিভি বিজ্ঞাপনে। এরপর ঈদ ভ্যাকেশন, ললিতা, গহিনে, সাতকাহনসহ অনেক নাটকে অভিনয় করলেও দর্শক তাঁকে চিনেছে রূপকথা নাটকের মধ্যে দিয়ে। আর সমসাময়িক কালে নির্মিত ভালোবাসার চতুষ্কোণ, কাম টু দ্য পয়েন্ট নাটকগুলো তাঁকে দিয়েছে নিজেকে ভেঙে গড়ার সুযোগ। তাঁর মতে, ‘ইকরি আমাকে দিয়েছে একটা ইমেজ, আর রূপকথা দিয়েছে পরিচিতি।’
অবশ্য সেই পরিচিতিকে নওশাবা খুব একটা কাজে লাগাতে পেরেছেন বলে মনে হয় না তাঁর। ক্ষণে ক্ষণে জ্বলে ওঠে আবার নিভে যাওয়ার মতো অবস্থাই হয়েছে তাঁর ক্ষেত্রে। আর হঠাৎ হঠাৎ হারিয়ে যাওয়ার কারণটাও নওশাবা ব্যাখ্যা করেছেন খোলামেলাভাবে, ‘ক্যারিয়ারের শুরুর দিকে যখন আমি অভিনয়কেই আমার গন্তব্য ভাবছিলাম, তখনি আমি ভয়াবহ এক দুর্ঘটনায় পড়ি। আর তখন চিকিৎসকদের নিষেধের কারণেই আমাকে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। আমার প্রিয় ইকরিকে ছাড়তে হয়েছে।’ তার দুই বছর পরউধাও চলচ্চিত্রে অভিনয় করেই নওশাবার প্রত্যাবর্তন।
এভাবেই আসা-যাওয়ার মধ্যে থাকা এই অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা অনেকগুলো নাটকের কাজ নিয়ে। আর মুক্তির মিছিলে থাকা আন্ডার কনস্ট্রাকশন সিনেমাটি নিয়ে তাঁর অনেক প্রত্যাশা।