আমান ও কোয়েল মল্লিকের বন্ধুতা
হাজারো তরুণীর হূদয় হরণকারী, কাঙ্ক্ষিত ব্যাচেলরদের মধ্যে তিনি একজন। খ্যাতিমান সরোদবাদক আমান আলি খানের কথাই বলা হচ্ছে। আরেকজন টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। এই দুই তারকার মধ্যে বন্ধুতার চেয়েও বুঝি বেশি কিছু আছে, যদিও আজ অবধি কোয়েলের কোনো সিনেমা দেখেননি আমান। তাতে কী যায়-আসে! মাসে দু-তিনবার দেখা হচ্ছে দুজনের। কিছুদিন আগে কোয়েলের মা-বাবার সঙ্গে পরিচিত হয়ে এলেন আমান। মওকা পেলে বন্ধুবান্ধবেরা কোয়েলকে জড়িয়ে ঠাট্টা-তামাশা করতে ছাড়ে না। সে কথা অবশ্য আমান স্বীকারও করেছেন। কিন্তু কোয়েলের সঙ্গে তাঁর স্রেফ ভালো বন্ধুত্ব—এমনই দাবি করে আসছেন আমান। মাস দশেকের পরিচয়ে এর চেয়ে আর বেশি কী-ই বা আশা করা যায়! তবে কলকাতার, বিশেষ করে বাঙালি তরুণীদের, আদব-লেহাজ আর রুচির তারিফ করেছেন আমান। সঙ্গে এও বলেছেন, বিয়ের আগে অবশ্যই তিনি মা-বাবার পছন্দকে গুরুত্ব দেবেন। তবে তাঁর হূদয়রানির ভালো একটা ক্যারিয়ার থাকা চাই। টিএনএন।