আমার অভিনয়জীবনে ইতিহাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তমা মির্জা
তমা মির্জা

অভিনয় করতে গিয়ে আমার জীবনে এতবার শট এনজি হয়নি, যতবার হয়েছিল ২০১২ সালের একটা ছবিতে। আমার মনে আছে, সোহানুর রহমান সোহান পরিচালিত এক মন এক প্রাণ ছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে ১০-১২ বার এনজি হয়েছিল একটি শট।
ঘটনাটি ঘটেছে এফডিসিতে। দৃশ্যটিতে আমার সহশিল্পী ছিলেন অপু বিশ্বাস। ছবিতে আমার চরিত্রটি জেদি একটা মেয়ের। যখন যা মন চাই, তখন তাই করি। আমি আর শাকিব খান একই কলেজে পড়ি। শাকিব খানকে আমার ভালো লাগে। যেকোনো মূল্যে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে হবে। ওদিকে শাকিব খানের সঙ্গে পারিবারিকভাবে অপু বিশ্বাসের বিয়ে চূড়ান্ত হয়েছে। কিন্তু আমি নাছোড়বান্দা। শাকিব আর অপুর মাঝে চক্রান্ত তৈরি করি। একদিন অপু বিশ্বাসের মুখোমুখি হয়ে তর্কে জড়িয়ে পড়ি।
সেই দৃশ্যে অপুকে বলি, ‘টাকা ছিটিয়ে মুন্নাকে (শাকিব খান) প্রেমের জালে বন্দী করব।’ চোখেমুখে শয়তানি ভাব নিয়ে রাগান্বিত হয়ে সংলাপটি বলতে হবে অপুকে। কোনোভাবেই চেহারায় তা প্রকাশ পাচ্ছিল না। পরিচালক তো খেপে অস্থির! এরপর বকা দিয়ে পরিচালক বললেন, ‘যতবার সঠিকভাবে হবে না, ততবারই তোমাকে করতে হবে। দৃশ্যটি শেষ না করে কোনো ছুটি নেই তোমার।’ আমি তো ভয় পেয়ে গেলাম। শেষমেশ ১০-১২ বার এনজি হওয়ার পর দৃশ্যটি ওকে হয়েছিল। আমার অভিনয়জীবনে এটি ইতিহাস!
অনুলিখন: শফিক আল মামুন