আমার আকাশ মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের বৃষ্টিভেজা সকাল। আড়মোড়া দিয়ে সবে জেগেছে নগর। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি মিলনায়তন ভরে গেছে দর্শকে। আষাঢ়ের নিয়ম মানা বৃষ্টি উপেক্ষা করে মিলনায়তনের বাইরেও উল্লেখযোগ্য দর্শক।বেঙ্গল ফাউন্ডেশন পঞ্চকবির গান নিয়ে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার তারা আয়োজন করেছে ‘নজরুল উৎসব’-এর। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ‘আমার আকাশ মায়ের কোলে’ শীর্ষক তিন দিনের এই উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার ছিল উৎসবের দ্বিতীয় দিন।সকাল বেলার অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে ছিল মূলত নজরুলের বিভিন্ন পর্যায়ের রাগাশ্রয়ী গান। বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হলেও শ্রোতার উপস্থিতি ছিল অনেক। অনুষ্ঠান শুরু হয় শিল্পী ফাইজুর রহমানের বাঁশিতে ভৈরবী রাগের মনমাতানো সুরে। তারপর শুরু হয় বিভিন্ন রাগে কবির গান। ‘ললিত’, ‘রামকেলি’, ‘আহির ভৈরবী’, ‘দেশি’, ‘জয়জয়ন্তী’—এসব রাগের ওপর গান করেন শিল্পী ফেরদৌস আরা, অসীত দে, অনুপ বড়ুয়া, বিজন চন্দ্র মিস্ত্রী, শহীদ কবির ও চম্পা বণিক। তাঁদের পরিবেশিত গানের মধ্যে ছিল ‘পিউ পিউ পাপিয়ারা’, ‘ভোরের হাওয়া’, ‘অরুণকান্তি কে গো’, ‘এসো প্রিয় আরো কাছে’, ‘জাগো জাগো খোল গো আঁখি’, ‘মোর না মিটিতে আশা’, ‘ওরে নীল যমুনার জল’, ‘বন-কুন্তল এলায়ে’, ‘কী হবে জানিয়া কে তব বঁধু’ প্রভৃতি। গানের মাঝে ‘অতৃপ্ত কামনা’ পাঠ করে শোনান ফরহাদ জামান।সন্ধ্যাকালীন অধিবেশন শুরু হয় সাড়ে ছয়টায়। এতে গান শোনান সুবীর নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান, সুমন চৌধুরী, ডালিয়া নওশীন, অনিন্দিতা চৌধুরী ও ছন্দা চক্রবর্তী।আজ শনিবার উৎসবের শেষ দিনের অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। নজরুলের নির্বাচিত রচনা পাঠ করে শোনাবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। গান করবেন শাহীন সামাদ, খায়রুল আনাম, নাশিদ কামাল, সুজিত মোস্তফা, শারমিন সাথী ইসলাম, প্রদীপ নন্দী ও মফিজুর রহমান।