আমার আব্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন—এমনই একজন উজ্জ্বল নক্ষত্র আমার বাবা সাইফুদ্দিন আহমেদ। তাঁকে ঘিরে কত শত স্মৃতি আমাদের। যাঁর নাম আজও মানুষকে আনন্দের স্মৃতি মনে করিয়ে দেয়, তাঁকে নিয়ে লিখতে বসে আমার চোখ ভিজে যাচ্ছে। জন্ম তাঁর আসামের ধুবড়ীতে, ১৯২৭ সালে। ১৯৪৭ সালে দেশভাগের পর কোনো একসময় চলে আসেন ঢাকায়। জীবিকার তাড়নায় নিজেকে ব্যস্ত রাখলেও মানুষটার বরাবরই আকর্ষণ ছিল শিল্পের প্রতি। যেখানেই সাহিত্যচর্চা হতো, সেখানেই তিনি উপস্থিত হতেন। ১৯৫৬ সালে বড় ফুপা স্বনামধন্য চিত্রপরিচালক আবদুল জব্বার খানের পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ কাজ করার সুযোগ পেলেন আব্বা। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সহজাত অভিনয়গুণ তাঁকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার। সবকিছু ছাড়িয়ে দেশের মানুষের ভালোবাসা তাঁকে আমৃত্যু সিক্ত করেছে।আমরা যখন ছোট ছিলাম, তখন ‘সেলিব্রিটি’ শব্দটা এখনকার মতো এতটা জনপ্রিয় ছিল না। আর যাঁরা সেলিব্রিটি ছিলেন, তাঁদের আচরণেও সেই রকম কিছু ছিল না। যখনই কোথাও যেতাম আব্বার সঙ্গে, লোকজন কৌতূহল নিয়ে ভিড় করত। আব্বা তাদের সঙ্গে কথা বলতেন, হাত মেলাতেন। যখন তিনি খ্যাতির শীর্ষে ছিলেন, তখন আমরা বিরক্ত হতাম অতি উৎসাহী ভক্তকুলের অতি আগ্রহে। তিনি সেই আগের মতোই অকৃত্রিম ভালোবাসায় তাদের সব প্রশ্নের উত্তর হাসিমুখে দিতেন। বলতেন, ‘ওদের জন্যই আমি আজ সাইফুদ্দিন। ওরা অনেক কষ্টের টাকায় ছবি দেখতে যায়।’আব্বা সব সময় আমাদের এই শিক্ষা দিয়েছেন, জীবনের কঠিন সময়েও আমরা যেন মনোবল না হারাই। আনন্দ দিয়ে দুঃখকে জয় করা তাঁর কাছেই শেখা। মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আমি যখন চিন্তায় দিশেহারা, আব্বা বলতেন, ‘ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস।’ পরবর্তী সময় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঘরে ফিরে আব্বাকে জানাই। তখন তিনি বললেন, ‘এই তো আমার মেয়ে।’আব্বা তাঁর চলচ্চিত্রের কারণে আমাদের সময় দিয়েছেন কম। অবসরে তিনি লিখেছেন প্রবন্ধ ও নিবন্ধ। লিখেছেন আত্মকথা, চিত্রালীতে চিঠিপত্রের উত্তর দিয়েছেন ভক্তদের। ভালোবাসতেন গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লার সঙ্গে সুন্দরী চলচ্চিত্রে। তার পরও তাঁর সুতীক্ষ দৃষ্টি ছিল সংসারে। দিনের শেষে মায়ের কাছে ঠিকই খোঁজ নিতেন কে কী করছি। হয়তো তাই আজ আমরা চার ভাইবোন সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছি। অভিনয়পাগল মানুষটি অভিনয়ের জন্য তাঁর ব্যক্তিগত মুহূর্তগুলোও অনেক সময় উৎসর্গ করেছেন মানুষের আনন্দের জন্য। যেদিন দাদি মারা গেলেন, তার পরদিনও আব্বার শুটিং ছিল। পরিচালক বিপদে পড়বেন ভেবে মা-হারানোর ব্যথা বুকে চেপে ক্যামেরার সামনে একটা হাস্যোজ্জ্বল দৃশ্যের অভিনয় করে ফিরলেন বাড়িতে। পর্দায় মানুষ দেখে আনন্দ পেল, কিন্তু কেউ জানতেও পারল না শিল্পী-হূদয়ের রক্তক্ষরণের কথা। এভাবেই তিনি ভালোবেসেছেন তাঁর কাজকে।শিল্পীদের জীবনে একই সঙ্গে আনন্দ-দুঃখ থাকে। একজন শিল্পী যখন খ্যাতির শীর্ষে থাকেন, তখন তাঁর বন্ধুর অভাব হয় না। একসময় খ্যাতি কমতে থাকে, কমতে থাকে সুসময়ের বন্ধুরা। আব্বার অসুস্থতার সময় তা-ই দেখেছি, যে মানুষটা তাঁর জীবনের মূল্যবান সময় দিয়ে যে জগৎকে সমৃদ্ধ করেছেন, যাঁর হাত ধরে নতুন নতুন তারার জন্ম হয়েছে, তাঁর খোঁজ নেওয়ার সময় হয়নি তাঁদের অনেকের। তবে মিডিয়ার কর্মীরা সব সময় আমাদের খোঁজ নিতেন। আব্বার মৃত্যুসংবাদ তাঁরাই প্রথম টেলিভিশনে প্রচার করেন।বাংলা চলচ্চিত্রের আনন্দ-বেদনা, হাসি-কান্নায় যে মানুষ রুপালি পর্দায় সীমাহীন সাধনায় আবালবৃদ্ধবনিতাকে হাসিয়েছেন, ব্যক্তিগত জীবনেও তিনি খুব হাসিখুশি থাকতেন। নিজ এলাকার একজন নির্বিরোধ, নির্লোভী ভালো মানুষ হিসেবে তিনি ছিলেন সবার কাছে প্রিয়মুখ।জীবনসায়াহ্নে আব্বা আলঝেইমার রোগে আক্রান্ত হন। স্মৃতিভ্রম এ রোগের প্রধান লক্ষণ। এ রকম বর্ণিল জীবনের অধিকারী একজন ব্যক্তি ধীরে ধীরে সব ভুলে যাচ্ছেন—এটা যে কতটা বেদনার, তা আমরা জানি। শেষবার যখন ভারত থেকে ফিরছিলেন, বিমানবন্দরে ভক্তদের অটোগ্রাফ দিতে গিয়ে সাদা কাগজে নিজের নাম ভুল লিখছেন। ভক্তরা হয়তো ভাবছে উপহাস, কিন্তু তিনি বলতেও পারছেন না, ‘আমি অসুস্থ।’আমরা আসলে পর্দায় শিল্পীদের অভিনয় দেখি, পর্দার অন্তরালের খবর কেউ জানি না। দীর্ঘদিন সিএমএইচে চিকিৎসাধীন থেকে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর তিনি মারা যান।আমার প্রিয় আব্বা গান ভালোবাসতেন। তাঁর একটা প্রিয় গান কলিম শরাফীর কণ্ঠে:পথে পথে দিলাম ছড়াইয়ারেসে দুঃখে চোখের পানিও আমার চক্ষু নাইকতকাল দেখি না...আজ মনে হচ্ছে প্রিয় এই মানুষকে আসলেই কতকাল দেখি না।