এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ‘মিউজিক ইউফোনি’ অনুষ্ঠান। দিনাত জাহানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান করবেন আতিক হাসান ও তনিমা হাদী। কথা হয় তনিমার সঙ্গে। ‘মিউজিক ইউফোনি’তে আপনি কোন গানগুলো করবেন বলে ঠিক করেছেন?আমার বাবার (সৈয়দ আব্দুল হাদী) গাওয়া কিছু গান গাওয়ার ইচ্ছে আছে। সেই তালিকায় রয়েছে ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘কী করে বলিব আমি’সহ আরও কিছু গান। এ ছাড়া ২০০৪ সালে বের হওয়া আমার প্রথম অ্যালবাম থেকেও গান করার ইচ্ছে আছে। পাশাপাশি দর্শকের অনুরোধ রাখার চেষ্টা করব। তবে সবকিছু নির্ভর করছে সময়ের ওপর। ২০০৪ সালে আপনার অ্যালবাম ‘শেষ বিকেলের গল্প’ বেরিয়েছিল। এরপর আপনার আর কোনো অ্যালবাম নেই। অডিও বাজার এবং টিভি পর্দায় উপস্থিতি এত কম কেন?প্রথম কারণ, যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পিএইচডি করতে পাঁচ বছর আমি দেশের বাইরে ছিলাম। দ্বিতীয় কারণ, আমি যে ধরনের গান করি, সে ধরনের গানের পৃষ্ঠপোষকতা কম। যদিও আমার ইচ্ছের কোনো কমতি নেই। আপনার পরবর্তী অ্যালবামের কাজ শুরু করেছেন?হ্যাঁ। আমার দিক থেকে প্রচেষ্টা শুরু হয়ে গেছে। তবে সমস্যা হলো, যে সুরকারদের কাজ আমার পছন্দ, মানে আমি যাঁদের নিয়ে কাজ করতে চাই, তাঁরা প্রত্যেকেই ব্যস্ত। এ কারণে দেরি হচ্ছে।গানের বিষয়ে আপনার বাবার সহযোগিতা কতটুকু পান?বাবা ভালো গান শেখান, উত্সাহ দেন। তবে বাণিজ্যিকীকরণে বাবার আগ্রহ কম। তিনি চান ধুমধাড়াক্কা নয়, কিছু ভালো গানের একটি অ্যালবাম করি। আমারও তেমনটাই ইচ্ছে। বিনোদন প্রতিবেদক