আমার ঈদ

আমার ছোটবেলা কেটেছে যশোরে। জেলা শহরের সার্কিট হাউজের সামনেই আমার দাদার বাড়ি। নাম রাবেয়া মঞ্জিল। আমাদের পরিবারটা ছিল অনেক বড়। আর তাই ছোটবেলায় ঈদে অনেক মজা হতো। সালামির আশায় সবার বাড়িতে যেতাম। সবাইকে সালাম করতাম। সবার কাছ থেকে যে কোনো উপায়ে ঈদি আদায় করতাম। ঈদে কে কত বেশি পেল-এ নিয়ে আমাদের সব ভাইবোনের মধ্যে একটা প্রতিযোগিতা চলত। আর এ কারণে পাড়া প্রতিবেশী কারো বাড়িতে যেতে ভুল করতাম না। পরে ঈদির টাকা দিয়ে সিনেমা দেখতাম। আমাদের ওদিকে তখন সিনেমা হলে ইংরেজি সিনেমা চলত। একেকটা সিনেমা অনেকবার দেখতাম। ছোটবেলায় নতুন জামা-কাপড় নিয়েও একটা প্রতিযোগিতা চলত। এমন হতো দর্জির দোকানে গিয়ে বসে থাকতাম। নতুন জামা সেলাই করার সময় টুকরো কাপড় পড়ে থাকলে তা কুড়িয়ে নিয়ে আসতাম-যাতে আমার নতুন জামা কেউ দেখতে না পায়। যদি আবার কেউ দেখে ফেলে, তাহলে তো পুরনো হয়ে যাবে। ছোটবেলার ঈদের আনন্দ বলে বোঝানোর ভাষা নেই।
তারকা হওয়ার পর...
তারকা হওয়ার পর এমনও হয়েছে, ঈদের দিনও শুটিং করতে হয়েছে। ‘অশনি সংকেত’ ছবির শুটিংয়ের সময় এমনটা ঘটেছিল। আমরা তখন শান্তি নিকেতনে ছবিটির শুটিং করছি। ঈদের দিনে শুটিং করছি এই কথা মনে হতেই খুব কান্না পাচ্ছিল। আমার কান্নাকাটি দেখে মানিকদা, সন্দীপদা, বৌদি সেমাই কিনে এনে রান্না করে আমাকে খাইয়েছিলেন। আগরবাতি, তারাবাতি ফুটিয়ে আমাকে মাতিয়ে রাখার চেষ্টা করেছিলেন।
বাংলাদেশে থাকলে প্রত্যেক ঈদে আমার বাসায় ভক্তরা আসত। অনেক দূর-দূরান্ত থেকে তাঁরা আসত। আমার সঙ্গে গল্প করবে, আড্ডা দেবে, খাওয়া-দাওয়া করবে। তাঁরা আমার জন্য ফুল নিয়ে আসত। এমন ভক্তও পেয়েছিলাম, যে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলত, একটা চিমটি দিয়ে দেখি তো, আপনি সত্যিই ববিতা কিনা! আপা কিছু মনে করবেন না কিন্তু, স্বপ্ন দেখছি কিনা তা বুঝার জন্য আর কি...
এখনকার ঈদ ও এবারের ঈদ...
এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমাকেও বছরের অনেকটা সময় দেশের বাইরে থাকতে হয়। কয়েক বছর ধরে আমার বাসায় সব ভাইবোন ও তাদের পরিবারের সবার দাওয়াত থাকে। সবাই আসে। দুপুরের খাবার খায়। হই-হুল্লোড় করে। পরিবারের সবার সঙ্গে সময়টা কাটানো হয়। কিন্তু এবারের ঈদ আমার জন্য অনেক কষ্টের। কারণ এবারের ঈদে দেশে তাঁরা নেই। ভাইবোনেরাও সবাই দেশের বাইরে। আমি একদমই একা। ভাগনা-ভাগনি সবাইকে সালামি দিতাম। এবার তাঁরা কেউ নেই তাই দেওয়াও হবে না।