আমার উপহার পেয়ে তিনি মজা পেয়েছিলেন: ফেরদৌস

শুনেছি, বাসু চ্যাটার্জি তাঁর হঠাৎ বৃষ্টি ছবির জন্য আমার বিপরীতে নাকি মুনমুন সেনকে ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে হঠাৎ বৃষ্টি ছবির উদ্বোধনী প্রদর্শনীতে মুনমুন এসেছিলেন। এর পর থেকে ওই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ। প্রথম দিকে যখন ওই বাড়িতে যেতাম, তখন অন্য সবার মতো আমিও সুচিত্রা সেনকে দেখার তীব্র ইচ্ছা পোষণ করতাম। পরে জানতে পারলাম, মুনমুনের বন্ধুরা যাঁরা ১৭-১৮ বছর ধরে ওই বাসায় আসা-যাওয়া করতেন, তাঁদের সঙ্গে সুচিত্রা সেনের কখনো দেখা হয়নি।
একদিন রাতের বেলা দেখলাম, অন্ধকারের মধ্যে বারান্দায় কে যেন বসে আছেন। আমি তখন মুনমুনকে জিজ্ঞেস করলাম, কে তিনি? তখন মুনমুন আমাকে বললেন, তিনি তাঁর মা সুচিত্রা সেন। আমি তখন বুঝতে পারলাম, তিনি তাঁর মতো করে নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছেন। অন্য একদিন আমি সুচিত্রা সেনের বাসায় গিয়েছিলাম। ড্রয়িংরুমে তাঁর একটি বড় পেইন্টিং ছিল। ওটি ছিল তেপায়ার ওপর রাখা। হঠাৎ মনে হলো, ছবিটি বাতাসে পড়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ছবিটাকে ঠিক করে জায়গামতো রেখে দিই।
তা দেখে মুনমুন হেসে বলেন, ‘বাহ তুমি কী সুন্দর করে মায়ের ছবিটা ঠিক করে রাখলে!’
আমি তখনই মজা করে বলি, ‘তুমি তোমার মাকে বলো, আমাকে বিয়ে করতে। আমি সারা জীবন তাঁকে যত্ন করে রাখব। হা হা হা।’
পরে জানতে পারলাম, সুচিত্রা সেনকে কথাটি মুনমুন সেন বলেছিলেন। আর তা শুনে নাকি সুচিত্রা সেন খুব হেসেছিলেন।
এর মধ্যে একদিন কথায় কথায় মুনমুন সেনকে বলি, ‘তোমার মাকে আমি কিছু উপহার দিতে চাই।’
মুনমুন আমাকে জানায়, তার মা (সুচিত্রা সেন) বাংলাদেশি গান খুব পছন্দ করেন। তারপর একদিন বাংলা গানের কয়েকটি সিডি, জামদানি শাড়ি, আমার কিছু ছবিসহ আরও কিছু উপহার নিয়ে যাই। ছবিগুলো দিয়েছিলাম, যাতে তিনি আমাকে চিনতে পারেন। শুনেছি, এসব উপহারে তিনি খুব মজা পেয়েছিলেন। আর গানগুলো শোনার পর সিডিগুলো ফেরত দিয়ে দিতে চেয়েছিলেন।
পরিবারের অন্য সবার কাছ থেকে সুচিত্রা সেনের খোঁজ-খবর নিতাম। সর্বশেষ সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে রাইমার সঙ্গে দেখা হয়। সেখানে তার কাছে তাদের দিদিমার খবর নিয়েছিলাম।
সুচিত্রা সেন এমন একজন অভিনয়শিল্পী, যিনি জনপ্রিয়তার চূড়ায় থাকাকালে চলে যান লোকচক্ষুর অন্তরালে। আর কোনো শিল্পী পৃথিবীতে এমন ত্যাগ করেছেন কি না, তা আমার জানা নেই।