আমার একটা স্বপ্ন পূরণ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ হয়েছেন মেহ্জাবীন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানের। গতকাল সকালে মুঠোফোনে কথা হলো মেহ্জাবীনের সঙ্গে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হিসেবে যখন আপনার নাম ঘোষণা করা হলো, তখন কেমন লেগেছে?তখন নিজের মধ্যে প্রচণ্ড মানসিক চাপ অনুভব করছিলাম। যখন আমার নাম ঘোষণা করা হলো, তখন কয়েক মুহূর্ত বিশ্বাসই হয়নি—সত্যি আমি পেয়েছি! কোনো কিছু ভুল শুনিনি তো! পরে যখন বিশ্বাস হলো, তখন সবাইকে ধন্যবাদ জানালাম। আমার একটা স্বপ্ন পূরণ হলো। প্রতিযোগিতার সময় একবারও কি মনে হয়নি—আপনিও সেরা হতে পারেন?দেখুন, আমার একটা বড় সমস্যা হলো, আমি খুব ভালো বাংলা বলতে পারি না। কারণ, বাবার চাকরির কারণে প্রায় ১৬ বছর ওমানে ছিলাম। বাংলার চর্চাটা তেমন হয়নি। এটা ছিল আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ২০০৭ সালে আমরা বাংলাদেশে এসেছি। এখন আমরা আছি চট্টগ্রামের বহদ্দারহাটে আর বাবা আছেন দুবাইতে। তাই সেরা হওয়ার স্বপ্নটা ছিল, কিন্তু কখনো ভাবনার মধ্যে আসেনি।আপনার পড়াশোনার কথা বলুন।এবার ‘এ’ লেভেল পরীক্ষা দেব।টিভি বা চলচ্চিত্রের দর্শকেরা আপনাকে কবে দেখতে পাবে?শুরুতে হয়তো চ্যানেল আইয়ের কোনো বিশেষ দিনের নাটকে কাজ করব। এখন তো অন্য কোনো চ্যানেলের নাটকে কাজ করতে পারব না। আর প্রতিযোগিতার পুরস্কার হিসেবে সৈয়দ শামসুল হকের চিত্রনাট্যের একটি চলচ্চিত্রে অভিনয় করব। তবে ছবিটা কে পরিচালনা করবেন, তা এখনো জানতে পারিনি। পুরো প্রতিযোগিতার মধ্যে কোন অংশটি আপনার কাছে খুব ভালো লেগেছে?গুপ্তধন খোঁজার অংশটা খুব মজা লেগেছে। এমনিতে আমি খুব অভিযানপ্রিয়। এই পর্বগুলোর কাজ হয়েছে সিলেটের লাউয়াছড়ায়। সেখানে আমরা উঁচু-নিচু পাহাড়ে উঠেছি, নৌকায় নদীর এক পার থেকে অন্য পারে গিয়েছি। তখনো মাঝি আসেনি, তাই আমরা নিজেরাই নৌকা চালিয়েছি।  বিনোদন প্রতিবেদক