আমার একটি নদী ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়ি বছরের ব্যবধানে একই মৌসুমে একই জায়গায় দুবার পদ্মাকে দেখে আমি হতবাক হয়েছিলাম। কুড়ি বছরে পদ্মাকে দখল করে নিয়েছে বালু আর শূন্যতা। নদীর ধারাটা একটা রুপালি ফিতার মতো সেই ধু ধু শূন্যতার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। শুকনো মৌসুম, কিন্তু এই মৌসুমেও তো পদ্মায় বড় নৌকা চলতে দেখেছি কুড়ি বছর আগে, বেশ একটা আধা-তেজি ভাব ছিল পানিতে।অনেক দিন আমরা ফারাক্কার বয়ান শুনেছি, যে ফারাক্কা একাই পদ্মাসহ বাংলাদেশের অনেক নদীকে চিররুগ্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই কুড়ি বছরে ভারতে আরও অসংখ্য বাঁধ হয়েছে আমাদের প্রায় সবগুলো বড় নদীর উজানে। তাতে নিশ্চিতভাবেই বলা যায়, একদিন বাংলাদেশ নদীশূন্য হবে, অথবা নদীর থাকা না-থাকা নির্ভর করবে ভারতের পানি-নীতির এবং পানি প্রকৌশলের ঠাকুরদের ওপর, মমতা ব্যানার্জির মতো রাজনীতিবিদদের ওপর। একটা নদীতে যখন বাঁধ দেওয়া হয় তখন তার সেই দশা হয়, যে দশা হয় একজন মানুষের কোমরে শক্ত লোহার বেড়ি পরিয়ে দিলে। অরুন্ধতী রায়ের মতো কিছু সংবেদী মানুষ আছেন, যাঁরা নদীকে বোঝেন জীবন্ত এক অস্তিত্ব হিসেবে। তাঁরা জানেন, ওই বেড়ি পরানো মানুষটার পায়ের দিক অবশ করে দিলে তার বুক পেট আর হাত-পা এবং তার মাথাও একদিন লুলো হয়ে যাবে।নদীর এই বিপদটা বোঝেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডও। তাঁর অন্তর্ধান ছবিটি আগাগোড়া সেই বেড়ি পরানো নদীকে নিয়ে। ডায়মন্ডও সংবেদী মানুষ; তিনি সমাজের নিম্নবর্গীয়দের, প্রান্তবাসীদের দুঃখকষ্টের সমব্যাথি। এর আগের দুটো ছবিতে তিনি দাঁড়িয়েছিলেন নির্যাতিত কৃষকদের সারিতে, সমাজের অচ্ছুত মানুষজনের পাশে। এই দাঁড়ানোটা সিনেমার জন্য নয়, জীবনের প্রয়োজনে, ভেতরের একটা গুরু তাগিদ থেকে। ডায়মন্ডকে আমি অনেক বছর থেকে চিনি, তাঁর তিনটি ছবিই আমি দেখেছি। চলচ্চিত্র সমালোচনার ভাষাটা আমার জানা থাকলে নিশ্চয় তাঁর অনেক দুর্বলতা আমি আবিষ্কার করতে পারতাম। কিন্তু আমি পুরোনো ধাঁচের দর্শক। একটা ছবি ভালো লাগলে সেটি মূল ধারার নাকি বিকল্প ধারার সেই বিবেচনায় যাই না। তানভীর অথবা তারেকের ছবি ভালো লাগলে তাঁকে সেই মূল্য দিই, যা মৃণাল সেন অথবা জহির রায়হানের কোনো ছবি ভালো লাগলে দিই। ডায়মন্ডের ছবিতে একটা অদম্য ইচ্ছে থাকে; তিনি যা দেখেন এবং যা দেখাতে চান, তার মধ্যে কোনো ফাঁক রাখতে চান না। ছবির বিষয়বস্তুর সঙ্গে তিনি নিজেকে এতটা জড়িয়ে নেন, যে ছবিটা তাঁর নিজের লেখা ডায়রি হয়ে দাঁড়ায়।ডায়মন্ড যেসব বিষয় নিয়ে কাজ করেন, তাতে বড় বড় প্রয়োজকেরা আগ্রহী নন। তানভীর মোকাম্মেল তাঁর ডায়েরিতে অসংখ্যবার আক্ষেপ করেছেন, টাকার অভাবে কত আপস তাঁকে করতে হয়েছে; ছবি বানাতে গিয়ে ডায়মন্ডেরও সেই অবস্থা।অন্তর্ধান ছবিটি পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পত্রপত্রিকায় অনেক প্রশংসা হচ্ছে। দুটি কারণে—এই প্রথম আমাদের নদী হারিয়ে যাওয়া নিয়ে—বলা যায় এই বিষয়টাকে মূল ফোকাসে রেখে একটা বড় কোনো কাজ হয়েছে। আর দ্বিতীয়, অন্তর্ধান-এর সাবটেক্সট-এ পশ্চিমবঙ্গের মানুষ পড়ছে তাদেরও নদী হারানোর শঙ্কা, প্রতিদিনই কাগজে নদী হারানোর সংবাদ উঠছে। নদী কাঁটাতারের বেড়া মানে না। কিন্তু কাঁটাতার দিয়ে নদীকে বাঁধতে গেলে ক্ষতিটা এসে পড়ে মাটি এবং মানুষের ওপর। ডায়মন্ড পুরো ছবিতে একদিকে পদ্মার বিশাল ধু ধু বিস্তারকে ফ্রেমে রেখেছেন, কিন্তু অন্যদিকে ময়েজ-রুমালির সংসার ও তাদের নিঃস্ব লোকালয়কে ক্লোজ-ফোকাসে ধরেছেন। ফলে পদ্মার বিশাল ব্যাপ্তিকে ছাপিয়ে ওঠে একধরনের বদ্ধতার আতঙ্ক। এই আতঙ্কটি আমাদের সব স্বস্তি কেড়ে নেয়। ডায়মন্ড আসলে ময়েজ-রুমালির গল্পটাকে ততটা গুরুত্ব দেননি, যতটা দিয়েছেন পদ্মার নিঃস্বতাকে, যা একদিন পদ্মাপারের সব মানুষকে বাস্তুহারা করবে। তিনি বাস্তুচ্যুতির গল্পও বলেছেন। এবং একটি সরল প্রতীক দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন এই বাস্তুচ্যুতি। প্রতীকটি আকাশ-নদী নামের দুই শিশু চরিত্রের বাঁধ বাঁধ খেলার। বাঁধের কারণে এই নদীর বিপন্নতা, নদীর পড়াশোনায় ছেদ, তার বিয়ে হয়ে চলে যাওয়া। দুই নদীর হারিয়ে যাওয়া একটি জায়গায় এসে মিলে যায়। দাদি মা, যিনি কি না পদ্মার যৌবনের সাক্ষী তিনিও পরপারে চলে যান, কারণটাও সেই পদ্মার বিগতযৌবনা হওয়া। পদ্মাও একদিন তার মতো মারা যাবে, এই শঙ্কা নিয়েই ছবিটি শেষ হয়।পদ্মাকে ক্যানভাসজুড়ে রাখতে গিয়ে যে সমাজকে গুরুত্ব দেননি ডায়মন্ড, তা নয়। সমাজের দুঃখ-কষ্ট, স্খলন-বিকলন, জমির রাজনীতি অথবা শ্রেণীগত বৈষম্য সবই তাঁর ছবিতে এসেছে। ময়েজ-রুমালি চরিত্রে এমন দুজনকে নির্বাচিত করলে ভালো হতো, যাঁদের দেখলে দারিদ্রটা আর বর্ণনায় দিতে হতো না। কিন্তু অভিনয় ফেরদৌস ভালোই করেছেন। তাঁর চরিত্রটা এমনি, যে কোনোকিছুতেই জোর খাটাতে পারে না। তাঁকে শুধু সহ্য করতে হয়।অন্তর্ধান আমাদের নাড়ি ধরে টান দেয়, নদীর সঙ্গে মানুষ মায়ের সম্পর্কে জড়িয়ে সেই নদী হারিয়ে যাওয়া মানে মাকেও হারানো। ছবিটা কষ্ট নিয়ে দেখতে হয়, যেহেতু এই কষ্ট একদিন সবার কাছে একটা বাস্তব সত্য হিসেবে দেখা দেবে।