আমার ওস্তাদ তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন স্যারের সঙ্গে আমার চেনাজানা ২০-২২ বছরের। তাঁর অনেক নাটক-সিনেমায় গান গেয়েছি। সর্বশেষ গেয়েছি ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে। ‘যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো...’ এই গানটি স্যারের অনেক পছন্দের। স্যারের ঘরোয়া আড্ডাগুলোয় আমার যাওয়া ছিল প্রায় বাধ্যতামূলক। পরিচয়টা ১৯৮৮-৮৯ সালে। এর আগে স্যারকে আমি চিনতাম না। আমি তখন বিভিন্ন জায়গায় পালাগান গাইতাম। সেই সময় একদিন তারা মিয়া নামের একজন আমার বাসায় হাজির। বললেন, ‘হুমায়ূন স্যার আপনাকে দেখা করতে বলেছেন।’ আমি ভাবি, হুমায়ূন আবার কে! যা-ই হোক, ওই ভদ্রলোকের সঙ্গে স্যারের বাসায় গেলাম। প্রথম সাক্ষাতেই স্যার বললেন, ‘কী মিয়া, আমারে চেন?’ আমি বললাম, ‘না, চিনি না।’ তিনি বললেন, ‘বলো কী! তোমার বাড়ি নেত্রকোনার যেখানে, আমার জন্মও সেখানে। তার পরও চিনলা না। আমি কিন্তু তোমারে চিনি। তোমার গান শুনছি আমি।’ তারপর বললেন, তিনি একটি নাটক বানাতে চান। নাটকের নাম খাদক। সেই নাটকে আমাকে গান গাইতে হবে। স্যার নিজেই গান লিখেছেন। আমাকে পড়ে শোনালেন। আমি বললাম, ‘স্যার, আমি তো মূর্খ মানুষ! আপনাদের ভাষায় গান গাইতে পারি না। নিজের ভাষায় গান বান্ধি, নিজেই গাই।’ স্যার তখন নাটকের কাহিনি শোনালেন। কাহিনি শুনে আমি সঙ্গে সঙ্গে গান বেঁধে ফেললাম, ‘খাদক লওরে আল্লার নাম...।’ গানটি তিনি খুবই পছন্দ করলেন। এরপর স্যারের শুক্লপক্ষ, রূপার ঘণ্টা—এসব নাটকে গান গাইলাম। তবে যে গানের মাধ্যমে সারা দেশের মানুষ কুদ্দুস বয়াতিকে চিনেছে, সেটি হচ্ছে, ‘এই দিন দিন নয় আরও দিন আছে...।’ গানটা হুমায়ূন স্যারের লেখা। স্যার একদিন ডেকে বললেন, ‘এই গানটা তোমাকেই গাইতে হবে, কুদ্দুস। কোনো অজুহাত শুনতে চাই না।’ এরপর একটানা কয়েক দিন মহড়া চলল। মহড়ার পুরো সময় স্যার আমার পাশে বসে থাকতেন। তার পরের ইতিহাস তো সবার জানা। বিটিভিতে গানটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিখ্যাত হয়ে গেলাম আমি।আজ কুদ্দুস বয়াতি হিসেবে আমার যে পরিচিতি, তার পুরো কৃতিত্ব হুমায়ূন স্যারের। তিনি আমার ওস্তাদ। কুদ্দুস বয়াতি: সংগীতশিল্পী