
প্রথম ক্র্যাশ খেয়েছি স্কুলজীবনে। সবার সঙ্গে হইহুল্লোড় করা, ঘুরে বেড়ানো—এমনটা ভাবলে ভুল হবে। কারণ, আমার জীবনের এই সময়টি কেটেছে সৌদি আরবে। পড়তাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অব জেদ্দায়। সেখানকার পরিবেশ ছিল অন্য রকম।
সেখানেই বাংলাদেশি বংশোদ্ভূত একটি ছেলের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। এটা হয়তো ভালো লাগা। তবে এই ভালো লাগা একতরফা ছিল না। কারণ, ওই ছেলের চোখ দেখে বুঝতাম, সেও আমাকে পছন্দ করে। বিশেষ করে টিফিনের সময় আমাদের বেশ চোখাচোখি হতো। কথা হতো। ছেলেটি অন্য ক্লাসের হওয়ায় এগুলো বেশ বিরতি দিয়েই হতো। আবার বাসায় ফিরে ফোনে কথা হতো। স্কুলে এতটা সময় পার করলেও কখনো তার সঙ্গে ভালো লাগার বিষয় নিয়ে কথা বলা হয়নি। হয়তো সংকোচবোধ থেকেই এটা সম্ভব হয়নি। এরপর বাংলাদেশে এসে তার সঙ্গে আমার দেখা ও যোগাযোগ হয়। একদিন তাকে পছন্দের কথা বলেই ফেললাম। তবে সেটা ছিল স্মৃতিচারণামূলক। তাকে বলেছিলাম, একসময় তাকে আমি পছন্দ করতাম। মনে মনে দুর্বলতাও ছিল। শুনে সে হাসল। হেসে আমাকেও একই কথা বলেছিল।
আর প্রথম প্রেম বলতে যা বোঝায় তা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আর ছেলেটি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ক্যাম্পাস হওয়ায় আমাদের মধ্যে যোগাযোগ ছিল। আমরা বেশ ভালো সময় কাটিয়েছি। বিশ্ববিদ্যালয়ের জীবনটা উপভোগ করেছি।