আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রনাট্য
>ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ২.০–এ অভিনয় করেছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। দুই সুপারস্টারের যুগলবন্দী দেখার অপেক্ষায় অসংখ্য চলচ্চিত্রপ্রেমী। এই ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। ছবির মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের হোটেল সান এন স্যান্ডে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের মুখোমুখি হয়েছিলেন যাঁরা, তাঁদের মধ্যে ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। নানান কথায় জমে উঠেছিল এই আড্ডা।

আপনি সাধারণত ঘড়ির কাঁটা ধরে চলেন। এত সুন্দর করে সময়কে ম্যানেজ করেন কী করে?
আমাকে আজ বলা হয়েছিল একটার সময় আসতে। তাই আমি একটাতেই এসেছি। আমি দেরি করে এলে আপনারা নিশ্চয় অপেক্ষা করতেন। আপনাদের যেনতেনভাবে নেওয়ার কোনো অধিকার আমার নেই। আমরা সবাই ছাত্রজীবনে ঘড়ির কাঁটা ধরে স্কুলে যেতাম। খুব বেশি হলে সারা বছরে হয়তো চার থেকে পাঁচ দিন আমরা দেরিতে স্কুল গিয়েছি। তাহলে আমরা এখন কেন দেরিতে যাব সব জায়গায়? সময়কে এখন কেন মূল্য দেব না? আমার একদম পছন্দ হয় না এ বিষয়টা। প্রত্যেক মানুষেরই সময়ের দাম আছে। আপনার সময়ের মূল্যও আমাকে দিতে হবে। আমরা একটা উচ্চতায় পৌঁছে গেলে এই সব ভুলে যাই। আর এখানেই আমার আপত্তি।
এ জন্যই কি বছরে তিন থেকে চারটি ছবিতে কাজ করতে পারেন?
হতে পারে এ জন্যই। এরপরও আমি ১৬৫ দিন একদম ফাঁকা থাকি।
একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, রজনীকান্তের কাছে ঘুষি খাওয়াও আপনার জন্য সম্মানজনক। তাঁর মতো অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
ছোটবেলায় আমি রজনীকান্তের বেশ কিছু ছবি দেখেছি। শুটিং সূত্রে আমাদের প্রথম দেখা হয়। তিনি যেহেতু মারাঠি, তাই আমরা মারাঠিতে কথা বলতাম। মারাঠিতে প্রচুর আড্ডা দিতাম। রজনীকান্তের সঙ্গে কাজ করার সূত্রে অনেক কিছু দেখেছি, শিখেছি। তবে একটা বিষয় আমাকে অবাক করেছে তা হলো, তাঁর সংলাপ বলার ভঙ্গি। রজনীজি এমনই এক অভিনেতা, যিনি একটা সাধারণ সংলাপকে অসাধারণ করে বলার ক্ষমতা রাখেন।
‘২.০’ ছবিতে আপনার মেকআপের ছোট একটা ভিডিও দেখেছি। এই ছবিতে আপনার লুক একদম ভিন্ন। মেকআপের প্রক্রিয়াটা কী রকম ছিল?
সাড়ে তিন ঘণ্টা সময় লাগত আমার মেকআপ করতে। তিনজন মিলে আমাকে মেকআপ করাতেন। আর এটাকে বলা হয় থার্ড ডিগ্রির মেকআপ, এটা কঠিনতম কাজ। আমাকে রবারের মোটা কস্টিউম পরানো হতো। তার ওপর পালক লাগানো হতো। ঘাম বের হওয়ার কোনো উপায় ছিল না আমার। তাই যখন কস্টিউম খুলতাম সারা গা ঘামে প্যাচপ্যাচ করত। এই সময় আমি কিছু খেতে পারতাম না। আমাকে পানীয়ের ওপর থাকতে হতো। আমাকে চোখে মোটা লেন্স পরতে হয়েছিল। চোখের মণির চেয়েও মোটা লেন্স। তাই আমার সঙ্গে ২৪ ঘণ্টা চোখের ডাক্তার থাকতেন। একবার চোখে ইনফেকশনও হয়েছিল। চোখের ডাক্তার ছাড়াও আরও দুজন ডাক্তার আমার সঙ্গে থাকতেন। আর শুটিংয়ের সময় ওরা আমাকে শীতাতপনিয়ন্ত্রিত খাঁচার মতো এক ঘরে রাখত, কারণ বাইরে গেলে মেকআপ গলে যেতে পারে। শুটিংয়ের একটা স্পট থেকে অন্য স্পটে হেঁটে যাওয়ার অনুমতি ছিল না আমার। খাঁচায় পুরে ওরা ঠেলে ঠেলে নিয়ে যেত। শুধু শট দেওয়ার সময় খাঁচা থেকে বের হতাম। শট হয়ে গেলে পাখির মতো আবার খাঁচায় ফিরে যেতাম। খাঁচার ভেতরে আমার জন্য একটা বিছানা পাতা ছিল। আমি ইচ্ছে করলে শুধু শুতে পারতাম। সহকারী পরিচালকেরা আমাকে এসে একাধিকবার বোঝাতেন যে আমি শটটা কীভাবে দেব। এমনিতে আমার খুব ধৈর্য। ২.০ ছবিটা করার পর আমার ধৈর্য আরও বেড়ে গেছে। ৩৮ দিন এই মেকআপের সঙ্গে শুটিং করা খুব কষ্টকর ছিল। তবে টানা তিন দিন পর আমাকে ওরা এক দিনের জন্য বিশ্রাম দিত। কারণ শরীরের জন্য এই বিশ্রামের প্রয়োজন ছিল। আর চেন্নাইয়ে আমাকে ভীষণভাবে খেয়াল রাখতেন সবাই। স্পটবয় থেকে ক্যামেরাম্যান—সবাই আমার খেয়াল রাখতেন।
আপনি কি মনে করেন ভিলেন হিসেবে আপনাকে দর্শক গ্রহণ করবেন?
কেন করবে না? ২.০ ছবিতে এটা আমার অভিনীত একটা চরিত্র মাত্র। তাই আমার ভক্তরা এতটুকু আহত হবেন না বলে আমার স্থির বিশ্বাস। আমি দেখেছি আমাদের এখানে এসব ভেদাভেদ করা হয়। তবে এখন হিন্দি ছবির দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। এখন আর নায়ক, খলনায়ক সেভাবে আলাদা করা যায় না। পুরোপুরি ভিলেন বিষয়টা এখন বলিউড থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। এই ধরুন মনোজ বাজপেয়ী বা নওয়াজকে আপনি কোন তালিকায় ফেলবেন? ওনারা কখনো নায়ক, আবার কখনো ভিলেন।
আপনার প্রিয় ভিলেনের তালিকায় কে কে আছেন?
অমরেশ পুরি ভিলেন হিসেবে আমার ভীষণ প্রিয়। আমি তাঁর সঙ্গে একাধিক ছবি করেছি। এ ছাড়া ড্যানি, রঞ্জিত, জীবন, মদন পুরিসহ প্রিয় শিল্পীর তালিকায় আরও অনেকে আছেন।
আপনি একবার দুঃখের সঙ্গে বলেছিলেন যে আগে আপনাকে শুধু অ্যাকশন হিরো হিসেবে দেখা হতো। কিন্তু এ বছরই আপনাকে নানান চরিত্রে দেখা গেছে। এটাও বলিউডের একটা বদল? মানে টাইপকাস্ট কি এখানে মুছে যেতে বসেছে?
একদমই তাই। এখন প্রায় সব অভিনেতাই চান নিজেকে নানান চরিত্রে মেলে ধরতে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রনাট্য। হলিউডে কোনো অভিনেতা চরিত্রের দৈর্ঘ্য দেখেন না। একটা ভালো ছবিতে ১০ থেকে ১৫ মিনিট থাকলেই তাঁরা সন্তুষ্ট। ধীরে ধীরে বলিউডেও এ ধারা আসছে। এখন একটা ছবিতে একাধিক নায়ক কাজ করছেন। আমি মিশন মঙ্গল বলে একটা ছবিটা করছি। সেখানে পাঁচজন নায়িকা। তাঁরা একবারও প্রশ্ন করেননি যে অন্য নায়িকার চরিত্র কত বড়? আমি ২.০ ছবিটা ভিলেন হিসেবেও বেছে নিয়েছি এ কারণে। আমি চেয়েছি একটা ভালো এবং ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবির অংশীদার হতে।
আপনার আগে এই ছবির ভিলেন হিসেবে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ছবিটা করতে পারেননি। তাঁর পরে বলিউড থেকে আপনাকে নির্বাচন করা হয়। কেমন লাগছে?
খুবই ভালো। তবে আমি যদি পরিচালকের চতুর্থ পছন্দ হতাম, সেটাও খুব একটা ম্যাটার করত না। আমি সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেখানে হাতে কোনো কাজ ছিল না। এখন কাজ পাচ্ছি, এটাই বড় কথা।
এখনকার অভিনেতারা চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে নিয়ে অনেক ভাঙচুর করেন। কখনো ওজন বাড়ান, কখনো খুব কমিয়ে ফেলেন। কিন্তু আপনাকে সেসব করতে দেখা যায়নি কখনো...
আমি কখনো চাই না আমার শরীরকে কোনোভাবে বিরক্ত করতে। আমার পেশার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার শরীর। শরীর না থাকলে পেশাও থাকবে না।
বলিউডের ছবির দুনিয়া থেকে ভারতের দক্ষিণের ছবির দুনিয়া কতটা আলাদা?
ওদের থেকে আমাদের অনেক শেখার আছে। দক্ষিণে অনেক দ্রুতগতিতে কাজ হয়। ওরা সময় নষ্ট করে না। অভিনেতারা সময়মতো শুটিংয়ে আসেন। দক্ষিণ প্রযুক্তিগতভাবেও আমাদের থেকে অনেকটাই এগিয়ে। ওখানকার টেকনিশিয়ানরা হলিউডের সঙ্গে রীতিমতো পাল্লা দেন।

২.০’ ছবির ট্রেলারে দেখা গেছে, মোবাইল ফোনকে ঘিরে এই ছবির গল্প। আপনি নিজে কতটা সময় মোবাইলে কাটান?
আমি খুব একটা সময় মোবাইলে কাটাই না। মোবাইল হাতে নিই শুধু ফোন করার জন্য। অনেক সময় তা–ও করি না। আমার সহকারীকে বলে দিই কোন সময় মিটিং রাখবে। প্রযুক্তির প্রতি আমার খুব একটা আসক্তি নেই।
বাচ্চাদের হাতে মোবাইল এখন একটা বড় সমস্যা। আপনি আপনার সন্তানদের কীভাবে এর থেকে দূরে রাখেন?
এই প্রজন্মের বাচ্চাদের সঙ্গে জোরজবরদস্তি করে কিছু হয় না। বাচ্চাদের ভালো করে বুঝিয়ে বললে তারা নিশ্চয় শুনবে। আমি আমার সন্তানদের বুঝিয়ে বলি। আর তারা আমার কথা শোনে।
বাংলাদেশে আপনার অসংখ্য অনুরাগী আছেন। তাঁদের উদ্দেশে কিছু বলতে চান?
আমি ঢাকায় কয়েক মাস ছিলাম। বাংলাদেশবাসীকে আমার শুভকামনা জানাবেন।