আমার কোনো কষ্টবোধ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মেরিল-প্রথম আলো ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা খান। তাঁর প্রথম ছবি ছিটকিনিতে অভিনয় করে এই পুরস্কার উঠেছে তাঁর হাতে। তিনি সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন আনন্দর। সঙ্গে ছিলেন হাবিবুল্লাহ সিদ্দিক
রুনা খান, ছবি: কবির হোসেন
রুনা খান, ছবি: কবির হোসেন

শুরুতেই মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রসঙ্গ। অনুভূতি ভালো, সেটা অনেক জায়গায় বলেছেন। আপনার কাছে জানতে চাই, পুরস্কারটা কি প্রত্যাশিত ছিল? 
রুনা খান: একেবারেই অপ্রত্যাশিত পুরস্কার ছিল এটি। আমি একটুও ভাবিনি এবার পুরস্কার পাব। আমার সঙ্গে যাঁরা মনোনয়ন পেয়েছিলেন, তাঁরা সবাই খুবই গুণী অভিনেত্রী। সে জায়গা থেকে আমি পুরস্কার পাব, এটা মিলনায়তনে বসেও ভাবিনি। আর এটি আমার প্রথম ছবি। শুরুতেই এমন পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। মেরিল-প্রথম আলো পুরস্কারের এবার ২০ বছর পূর্ণ হলো। এই পুরস্কার যখন শুরু হয়, তখন স্কুলে পড়তাম। ক্লাস টেনে। আমি মেরিল-প্রথম আলোর দর্শক ছিলাম তখন। বিপাশা আপা, জাহিদ ভাইদের পুরস্কার নিতে দেখতাম। এবার আমি সেই অনুষ্ঠানে পুরস্কার পেলাম। সেটা যে কত আনন্দের, বোঝাতে পারব না। 

২০১৭ সালে আপনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কোনটাকে এগিয়ে রাখবেন? 
রুনা খান: দেখুন একেকটির গল্প একেক রকম। চরিত্রও। ছিটকিনিতে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম। বাকি দুটি হলো হালদা ও গহীন বালুচর। দুটি ছবির চরিত্র হয়তো অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার চরিত্র দুটি ছাড়া গল্প অসম্পূর্ণ থেকে যেত। তাই কোনটা রেখে কোনটার কথা বলব। আসলে নিজের জিনিসের মধ্যে ভাগ করা যায় না। 

আপনার অভিনয়ের শুরুর গল্পটা একটু বলুন। 
রুনা খান: আমি মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে পড়তাম। সে স্কুলে প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। নিয়মিত সেই অনুষ্ঠানে অংশ নিতাম। তারপর এইচএসসিতে ঢাকার বদরুন্নেসা কলেজে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে বাফায় নাচ শিখতাম। ওখানেই কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হয়। তাদের কাছেই প্রথম থিয়েটারের গল্প শুনি। জানি। তারপর ২০০২ নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হই। ওখান থেকেই থিয়েটার চর্চা শুরু করি। তারপর ধীরে ধীরে টেলিভিশন নাটকে। ছোটখাটো চরিত্রে। এভাবেই ধীরে ধীরে এগিয়ে চলা। 

২০০২ সাল থেকে হিসাব করলে অনেক দিন ধরেই আপনি কাজ করছেন। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি ঠিকঠাক গুরুত্বটা পাননি। এ নিয়ে কোনো আক্ষেপ বা কষ্টবোধ আছে আপনার? 

রুনা খান: আমি সিসিমপুরে যখন কাজ শুরু করি। তারপর থেকে মানুষ আমাকে চেনা শুরু করেছে। সিসিমপুরে আমি ছিলাম সুমনা। মজার ব্যাপার হলো, আমাকে মানুষ রুনা খানের চেয়ে সুমনা নামে বেশি চেনেন। এখনো কোথাও গেলে অনেকে সুমনা নামে ডাক দেন। তুমি তুমি করে কথা বলেন। সিসিমপুরে আমরা সবাই সবাইকে তুমি করে বলতাম। আমার পরিচিতির জন্য এটা একটা বড় কাজ ছিল। তারপর অমিতাভ রেজার একটা বিজ্ঞাপন করেছিলাম। সেটাও মানুষ দেখেছে। তারপর ডাচ্বাংলা ব্যাংকের বিজ্ঞাপনটি সবার কাছে নিয়ে গেছে। আর আক্ষেপের কথা যেটা বললেন-তার উত্তরটা হলো, আমি হয়তো অভিনয় সে রকম করে পারি না। অত কিছু বুঝি না। অনেকেই হয়তো অনেক কথা বলবেন। কিন্তু সত্যিটা হলো, আমি অভিনয় ছাড়া কিছুই পারি না। তাই যতটুকু পারি, ততটুকুই খুব মন দিয়ে, দরদ দিয়ে করে যাই। আমৃত্যু এটাই করে যেতে চাই। এটা করেই আমি ভালো আছি। শান্তিতে আছি। এ কারণেই আমার কোনো আক্ষেপ নেই। বরং প্রাপ্তি আছে। মানুষের ভালোবাসা পাই, এটাই বড় প্রাপ্তি। আমার যতটুকু আছে, তাতেই আমি অনেক ভালো আছি। আমার প্রাপ্তিটা কি জানেন, আমার বাবা-মা বা আত্মীয়স্বজন কেউ এই জগতের না। কিন্তু শুধু অভিনয়ের জোরে আমাকে দেশের পাঁচটা মানুষ চেনেন এবং ভালোবাসেন। এর চেয়ে বড় আনন্দের আর কী আছে, বলেন। তাই আমার কোনো কষ্টবোধ নেই।
আপনাকে একটু নিম্নবিত্ত নারীর চরিত্রে বেশি দেখায় যায়। এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি কেমন থাকে?
রুনা খান: আমি জন্মেছি টাঙ্গাইলের মির্জাপুরের একটি গ্রামে। বেড়ে উঠেছি মফস্বল এলাকা সখীপুরে। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। সেই সূত্রেই ওখানে থাকা। আমার চোখের সামনে দিয়ে ওখানে থানা হয়েছে, হাসপাতাল হয়েছে। খুব কাছ থেকে মানুষের জীবনযাপন দেখেছি। বাড়ির পাশে ইটভাঙা, মাটি কাটাশ্রমিক, ভ্যান-রিকশাচালকদের দেখেছি। তাদের সঙ্গে সময় কাটিয়েছি। তারা ছিল আমার কাছে বন্ধুর মতো। তাই ও ধরনের চরিত্র করা আমার জন্য খুব সহজ। যেমন ডাচ্বাংলা ব্যাংকের একটা বিজ্ঞাপনে পোশাকশিল্প কারখানার কর্মী হিসেবে দেখেছে। আবার ছিটকিনি চলচ্চিত্রে পাথর ভাঙা শ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। আমার জন্য সহজ হওয়ার এটাই কারণ, আমি শহরের উচ্চবিত্ত মানুষদের জীবনযাপন দেখতে দেখতে বড় হইনি। তাই বলে শহরের চরিত্র যে করিনি তা কিন্তু নয়।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
রুনা খান: সত্যি কথা কি জানেন, আমার স্বামী ও সন্তান নিয়ে অনেক সুখে আছি। এ রকম সুখে সারা জীবন থাকতে চাই। আর মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই।