আমার চোখে আমার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অনন্ত জলিল, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপি করিম, তিশা, আরিফিন শুভ, সজল, অপূর্ব, মাহি—এবার ঈদে তাঁদের দেখা গেছে বিভিন্ন টিভি চ্যানেলে। নাটক, টেলিছবি, চলচ্চিত্রে আর বিভিন্ন অনুষ্ঠানে। এই ব্যস্ত তারকারা ঈদের সময়টা কেমন কাটিয়েছেন? তাঁদের অভিজ্ঞতার কথা শুনেছেন মনজুর কাদের।
অনন্ত জলিল
অনন্ত জলিল

বাসার দরজা সবার জন্য খোলা
নায়ক হওয়ার আগে অনন্ত জলিলের ঈদ ছিল অন্য রকম। তবে নায়ক হওয়ার পর ২০১২ সাল থেকে প্রতিটি ঈদ ভক্তদের সঙ্গেই কাটান তিনি। বললেন, ‘ঈদের দিন আমার বাসার দরজা সবার জন্য খোলা থাকে। আর এটা আমার ভক্তরাও জেনে গেছেন। প্রায়ই ব্যবসার কাজে দেশের বাইরে থাকতে হয়। কিন্তু ঈদের সময় আমি বাসায় থাকি।’
অনন্ত জানান, তাঁর ঈদ বিনোদনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এতিমদের সঙ্গে সময় কাটানো। ১১ বছর ধরে চারটি এতিমখানা পরিচালনা করছেন তিনি।

মোশাররফ করিম
মোশাররফ করিম

এবার নিজের নাটক দেখেছেন
বছরের অন্য সময় দম ফেলার উপায় নেই মোশাররফ করিমের। তাই ঈদের সময়টা নাকি ঘুমিয়েই কাটিয়ে দেন।
বললেন, ‘সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেই ঘুম। ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ি গিয়েছি। এরপর ভাইয়ের শ্বশুরবাড়ি। এভাবেই আমার ঈদের দিন শেষ হয়ে যায়।’
আর টিভিতে নিজের নাটক দেখা? বললেন, ‘কাজ শেষ করার পর সেই নাটক আর দেখি না। ইচ্ছা হয় না। এবার একটি নাটক দেখার সুযোগ হয়েছে। দুষ্টু ছেলের দল ধারাবাহিক নাটকের একটা পর্ব দেখেছি। ভালো লেগেছে।’
গত সোমবার দুপুরে মুঠোফোনে কথা হচ্ছে মোশাররফ করিমের সঙ্গে। জানালেন, তিনি বরিশালে মামার বাড়িতে বেড়াতে গেছেন। মামার বাড়ি এলেই মনটা ভালো হয়ে যায়। অসাধারণ একটি জায়গা। সময়টা দারুণ কাটছে।

তিশা
তিশা

কষ্ট সার্থক হয়েছে
ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছেন তিশা। ঈদের আগে লন্ডন থেকে তিশার ভাই আর ভাবি দেশে এসেছেন। আট বছর পর। তাই এবার তিশার ঈদের আনন্দ ছিল অন্য রকম। বললেন, ‘ঈদের এই সময়টাতে শুধু দুই বাড়িতে গিয়েছি, শ্বশুরবাড়িতে আর বোনের বাসায়।’
বাসায় টিভিতে নিজের কাজগুলো দেখার চেষ্টা করেছেন তিশা। এবার ঈদের জন্য তিনি পাঁচটি নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া তাঁর আগের কয়েকটি কাজও প্রচারিত হয়েছে। বললেন, ‘এবার দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি চক্র টেলিছবির জন্য। এই টেলিছবিতে কাজ করতে গিয়ে আমরা সবাই অনেক কষ্ট করেছি। প্রচারের পর মনে হয়েছে, আমাদের এই কষ্ট সার্থক হয়েছে।’
আরও দুটি নাটকের কথা তিনি আলাদা করে বললেন—টু এয়ারপোর্ট ও গুলবাহার।

অপি করিম
অপি করিম

খুব ভালো একটা ঈদ
এখন শিক্ষকতা নিয়ে বেশি ব্যস্ত অপি করিম। পাশাপাশি সময় বের করে অভিনয় করছেন নাটকে, করছেন উপস্থাপনা। সব মিলিয়ে দারুণ ব্যস্ত। তাই ঈদের ছুটির পুরোটা সময় ছিলেন বাবা-মা আর পরিবারের সঙ্গে। নিজেই রান্না করেছেন। এবারের ঈদ নাকি অপির জন্য একটু ব্যতিক্রম ছিল। বললেন, ‘অনেক বছর পর খুব ভালো একটা ঈদ উদ্যাপন করেছি। মনে হয়েছে ছোটবেলায় ফিরে গেছি।
‘টিভিতে আমার নাম কে রেখেছে নাটকটি দেখেছি। নাটকটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু বিজ্ঞাপনের কারণে স্বাভাবিকভাবে নাটক দেখার ধারাটা বাধাপ্রাপ্ত হয়েছে। নাটকটি এবার ঈদে আমার সেরা কাজ। তবে এবার ঈদে বিরতিহীনভাবে নাটক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য চ্যানেলগুলোর কর্তৃপক্ষদের ধন্যবাদ জানাই। কিন্তু দর্শক যাতে বিরতিহীন নাটক বিরতিহীনভাবে এক বসায় দেখতে পারে, সেই নিশ্চয়তাও দেওয়া উচিত। বলতে চাইছি, নাটক প্রচারের আগে এর মান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা খুব প্রয়োজন।’

আরিফিন শুভ ও মাহি
আরিফিন শুভ ও মাহি

ঈদের দিন জ্বর
মৃত্যুপুরী ছবির শুটিংয়ে আরিফিন শুভ এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। এবার ঈদ তিনি সেখানেই উদ্যাপন করেছেন। ঈদের সময়টা তাঁর জন্য মোটেও সুখকর ছিল না। সিডনি থেকে মুঠোফোনে শুভ বললেন, ‘অস্ট্রেলিয়ার আবহাওয়া এই গরম এই ঠান্ডা। এমন আবহাওয়ার সঙ্গে আমরা মোটেও অভ্যস্ত নই।’
ঈদের আগে সিডনির মজম্যান নামের একটি জায়গায় শুটিং করেছেন তিনি। বললেন, ‘সেদিন এত বাতাস আর ঠান্ডা ছিল, শুটিং শেষে টের পেলাম, গায়ে জ্বর।’
তাই ঈদের দিন ও পরদিন ছিলেন পুরো বিশ্রামে। কোথাও যেতে পারেননি। এখন আবার শুটিং করছেন।

নতুন ছবি নিয়ে আলোচনা
ঈদের দিন বেলা দেড়টা পর্যন্ত ঘুমিয়েছেন মাহি। বললেন, ‘ঘুম থেকে উঠে দেখি কোরবানি হয়ে গেছে। এরপর বিকেলটা মা-বাবার সঙ্গেই ছিলাম।’ সন্ধ্যায় নতুন ছবি নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করেন মাহি। সেখান থেকে ফিরতে একটু রাত হয়েছে। বাসায় ফিরেই আবার ঘুম।
এবার ঈদে মাহির কোনো ছবি মুক্তি পায়নি। তবে ঈদের সময়টায় বাসায় টিভিতে অন্যদের কাজ দেখেছেন। এর মধ্যে একটি টেলিছবির কথা আলাদা করে বললেন, ‘টেলিছবিটির নাম ভালোবাসি তাই, ভালোবেসে যাই। পুরোনো, আবার দেখিয়েছে। তাতে কী! আমার তো ভালো লেগেছে। এমন একটি টেলিছবি তৈরির জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ।’

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

একই মুখ বারবার
ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন চঞ্চল চৌধুরী। ঈদের সময় বাসায়ই ছিলেন। পরিবারকে সময় দিয়েছেন। বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখেছেন। দেখেছেন নিজের কাজ, পাশাপাশি সহকর্মীদের কাজও। বললেন, ‘আমার মনে হয়েছে, হাতে গোনা কয়েকজন শিল্পী টিভি নাটক আর টেলিছবিগুলোতে অভিনয় করেছেন। আবার একই মুখ দেখছি টিভির অন্য অনুষ্ঠানগুলোতেও। নাটকে একই পোশাক, চরিত্রের কোনো বৈচিত্র্য নেই। সব নাটকে একই ধরনের অভিনয়।’
নিজের নাটক নিয়ে চঞ্চল বলেন, ‘আমি ছয়টি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে তিনটি এক ঘণ্টার নাটক আর তিনটি ছয় পর্বের ধারাবাহিক। টিভি চ্যানেলগুলো পাঁচ মিনিট দেখাচ্ছে নাটক আর ২০ মিনিট বিজ্ঞাপন। তাহলে বলুন, দর্শক এত সময় ধরে আমাদের কাজ কেন দেখবে?’
নিজের কাজের মধ্যে ধারাবাহিক নাটক ওয়াইফ মানে ইস্তিরি আর এক ঘণ্টার নাটক মফিজ বিএসসি ভালো লেগেছে তাঁর।

অপূর্ব
অপূর্ব

কাজ থেকে পুরোপুরি মুক্ত
অপূর্বর মতে, ‘ঈদ হচ্ছে পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুদের সময় দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। কয়েকটা দিন কাজ থেকে পুরোপুরি মুক্ত।’
এবার ঈদে অপূর্বর ১৫টি নাটক প্রচারিত হচ্ছে। বললেন, ‘ঈদের সময় নিজের কাজগুলো দেখি। কোথাও কোনো খুঁত থাকলে পরের কাজে তা সংশোধন করার চেষ্টা করি। এবার ঈদে আমার কাজগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে উৎসর্গ নাটকটি।’

সজল
সজল

ঘুমের বিরতিতে নাটক
গত কয়েক বছর ঈদের পুরো সময়টা ঘুমিয়ে কাটান সজল। পুরো সময়টায় বিছানা ছাড়তে চাননি তিনি। ঘুমের ফাঁকে চলে প্রয়োজনীয় সব কাজ। বললেন, ‘এবার ঘুমের বিরতিতে নিজের কিছু নাটক দেখেছি।’
নিজের কাজগুলোর মধ্যে তাঁর খুব ভালো লেগেছে শিহাব শাহীনের তোমার আমার বিয়ে। অন্যদের কাজও দেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মনে হয়েছে সুমন আনোয়ারের গুলবাহার। এখানে তিশার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি।