আমার জীবনই সংগীত
অনুষ্ঠান শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে গেল। বসার জায়গাও ছিল না। এটাই প্রমাণ করে উচ্চাঙ্গসংগীতের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা। আর উপলক্ষ যদি হয় সংগীতের জীবন্ত কিংবদন্তি পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজ, তাহলে কি আর আগ্রহের শেষ থাকে? মঞ্চে আসন গ্রহণ করেই তিনি বললেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসাই আমাকে বারবার ঢাকায় আসতে বাধ্য করেছে। আমি মিলনায়তনে আলো চাই; কেননা, আপনাদের চোখে সংগীত দেখতে চাই।’ বেহাগ দিয়ে শুরু, ‘ক্যায়সে সুখ যো।’ বেহাগ গাওয়ার সময় মন্ত্রসপ্তকের আলাপ শুনে দর্শকের প্রতিক্রিয়ায় তিনি দরবারি গাইলেন। এত ভালো দরবারি অনেক দিন পর শোনার সৌভাগ্য হলো। তাঁর গানে ছিল আধ্যাত্মিকতার ছোঁয়া, যার বহিঃপ্রকাশ ছিল পরবর্তী বন্দিশে—‘ইয়া মেরি মাওলা, ইয়া রাসুল আল্লাহ।’ ‘এই বন্দিশটা (উচ্চাঙ্গসংগীতে বিশেষত খেয়ালের বাণীকে বন্দিশ বলা হয়) একদিন আমার ভেতর এল। আমি দুঃখী ছিলাম। আমার শিষ্যকে বললাম, যা গাইব, তা লিখে ফেলো। আমার ভেতর এল—ইয়া মেরি মাওলা, ইয়া রাসুল আল্লাহ। খিচ লে আয়া, কিউ আপনে আল্লাহ।’ বললেন তিনি। সেদিন সকালেই তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁর সংগীতের শুরুটা তবলা দিয়ে। তবে গানের তালিম তাঁর তিন বছর বয়সে বাবার কাছেই। অনেক বছর পর আবার উচ্চাঙ্গসংগীতে ফিরে আসা সম্পর্কে বললেন, ‘আমাকে সংগীতে নিয়ে এসেছেন ওস্তাদ গোলাম আলী খান। তখন তিনি অসুস্থ, তাঁকে দেখতে গেছি আমি আর ডা. মুকুল লাট। ওস্তাদজি শুয়ে আছেন। আমি তাঁর কাছে গিয়ে তাঁর পা টিপতে লাগলাম। তিনি বললেন, “তুমি আমার শিষ্য হয়ে যাও।” আমার বাবাও ছিলেন গানের মানুষ, পণ্ডিত মোতিরাম। আমি বললাম, আমি আমার বাবার গান বাঁচিয়ে রাখতে চাই। তা শুনে তিনি খুশি হলেন। বললেন, “জানো, তোমার বাবাই আমাকে সংগীতে এনেছেন। আমি তো ছিলাম কুস্তিগীর। একদিন ওস্তাদ আলী বক্সজি আমাকে জোর করে তোমার বাবার (পণ্ডিত মোতিরামজি) গান শোনাতে নিয়ে গেলেন। আমি তখন বললাম, গান যদি এত সুন্দর হয়, তাহলে আমি গানই করব। এভাবেই আমার গানের শুরু করিয়েছিলেন তোমার বাবা”।’ ১৯৯৭ সালে তাঁর মিয়া কি মল্লার শুনেছিলাম। এ রাগ নিয়ে তাঁর ভাবনার কথা জানাতে গিয়ে মজার গল্প বললেন—‘একবার ১৯৬০ সালে আমি নাগরে জমি কিনতে গিয়েছিলাম। যিনি উকিল ছিলেন, দুই ঘণ্টায় রেজিস্ট্রি অফিসে গিয়ে সব ব্যবস্থা করে দিলেন তিনি। তারপর আমি তাঁকে বললাম, আপনি আমাকে সাহায্য করলেন, আমি কী করতে পারি? তিনি বললেন, “কিছু করতে হবে না, আপনি কী করেন?” গান করি শুনে বললেন, “গান শুনিয়ে দিও।” আমি পুরিয়া শুরু করলাম। তিনি বললেন, “পুরিয়া নয়, এখানে অনেক দিন বৃষ্টি হয় না, পানি নেই, মনে মনে ঈশ্বরের নাম নিয়ে শ্রদ্ধাভরে মল্লার গাও।” আমি একে একে মিয়া কি মল্লার, মেঘ মল্লার, সুর দাসী মল্লার ও চরজুকি মল্লার গাইলাম। গাওয়ার পাঁচ ঘণ্টার পর আর কে ওয়ালা আমাকে বললেন, “বেটা, দেখো, বারিশ হো রাহা হ্যায়।” তারপর তিনি সবাইকে ডেকে বললেন, “ও গান গেয়েছে বলে বৃষ্টি হচ্ছে।” আমাকে ওরা ঘোড়ায় চড়িয়ে হলুদ মালা পরিয়ে সম্মান জানাল। আমার আধ্যাত্মিক গুরু ছিলেন মহারানা জয়বন্ত সিংহ। আমি শুনলাম, তিনি আমায় বলেছেন মিয়া কি মল্লার গাইতে। তখনই আহমেদাবাদ উৎসবে গাইলাম। দুই ঘণ্টা পর বৃষ্টি হলো। আরেকবার ১৯৯৮ সালের ৮ মে বুদ্ধ জয়ন্তীতে এন কে সিংয়ের বাসায় গৃহপ্রবেশ অনুষ্ঠানে বুলিয়া মল্লার গাইছি। গান শেষ করার সঙ্গে সঙ্গে ধূলিঝড় শুরু হলো।’ভানু সিংহের পদাবলীর গানগুলো নিয়ে প্রশ্ন করতেই বললেন, ‘ধন্যবাদ মিসেস বন্দনা মুখার্জিকে। এই গানগুলো না করলে রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানতেই পারতাম না।’ নতুন প্রজন্মের সংগীতচর্চা নিয়ে জানতে চাইলে পণ্ডিত যশরাজ বললেন, ‘নতুন-পুরোনো বলে কিছু নেই। আমি আজকের বাচ্চা। যে মনে করে, আমাদের সময়ে হ্যান হয়েছে ত্যান হয়েছে, সে মরে গেছে। আমি আজকের সময়ে থাকতে চাই।’ তাঁর গানের বিশেষত্ব টপ্পার তান সম্পর্কে প্রশ্ন করায় ভীষণ খুশি হয়ে গেলেন। তিনি বলেন, ‘আমাকে তবলা, ধ্রুপদ ও টপ্পা শেখানো হয়েছে। তাই তার প্রতিফলন আমার গানে পাওয়া যায়।’ দরবারি আমার খুব প্রিয় রাগ। আমি কখনো গুঞ্জি কানাড়া শিখিনি। জানতাম না। স্বপ্নে কে যেন আমায় গেয়ে শোনাল গুঞ্জি কানাড়া। আমি পেলাম, “নৈয়া লাগাছে মেরি পার”। আমার জীবনই সংগীত, যা কিছু করতে চাই, সংগীত দিয়ে করতে চাই।’ ৮১ বছরের এই সুরের গুরুর প্রতি রইল শ্রদ্ধা। অনুষ্ঠানটির আয়োজক ভারতীয় দূতাবাস।