আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমাইয়া শিমু
সুমাইয়া শিমু

এনজি শটের কথা আর কী বলব—বিনোদন ভুবনে আমার হাঁটাচলা শুরুই হয়েছে এনজি শট দিয়ে! বুঝলেন না তো? এবার বুঝিয়ে বলি: ১৯৯৯ সাল। আমি তখন সবে ব্রিজ বিউটি সোপ নামে একটি সাবানের বিজ্ঞাপনে কাজ করেছি। শুটিং হয়েছিল মুম্বাইয়ে। বিজ্ঞাপনের শুটিং শেষ করে আমি তো দেশে ফিরেছি ফুরফুরে মেজাজে। এর মধ্যে যে বিজ্ঞাপনী সংস্থার হয়ে এই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম, হঠাৎ ফোন এল সেখান থেকে। ওরা বলল, টিভি বিজ্ঞাপনের পাশাপাশি বিলবোর্ডও করা হবে। এ জন্য ফটোশুট করতে হবে। ফলে ফটোশুটের জন্য আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম আমি। দৃশ্যটি এমন ছিল যে একটি গোলাপ ফুল মুখে নিয়ে নিষ্পাপ একটি হাসি দেব আমি। কিন্তু না, শটটি ঠিকঠাকমতো হচ্ছে না—বারবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, তবে হাসিটা ঠিক নিষ্পাপ হচ্ছে না। এদিকে একই শট অনেকবার দিতে দিতে আমি ততক্ষণে কাহিল। পরিচালকও কিঞ্চিৎ বিরক্ত। একসময় ইউনিটের একজন হঠাৎ বুদ্ধি বাতলালেন। আমায় বললেন, ‘শোনো, বয়ফ্রেন্ডকে দেখার পর তুমি যেমন নিষ্পাপ অভিব্যক্তি দিয়ে হাসো, তোমার হাসিটা হতে হবে ঠিক সে রকম, বুঝেছ?’

তাঁর কথায় আমি সায় জানালাম বটে, তবে মুখ ফুটে এও বললাম, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই! এ কথা শুনে সবার সে কী হো হো হাসি—আমার বয়ফ্রেন্ড নেই, কথাটা কেউই বিশ্বাস করল না। যাহোক, সেবার অনেক কসরত করে আমার কাছ থেকে নিষ্পাপ হাসিটি আদায় করেছিলেন পরিচালক।

এনজি শট নিয়ে আরেকটি কাহিনি এ মুহূর্তে মনে পড়ছে। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি। অনার্সের কোনো এক বর্ষের ফাইনাল পরীক্ষার ঠিক আগের ঘটনা। সাধারণত পরীক্ষার সময় আমি আমার হল শহীদজননী জাহানারা ইমাম হলেই থাকতাম। তো, কাল আমার ফাইনাল পরীক্ষা—এ রকম এক মুহূর্তে পরীক্ষার আগের দিন একবার নাটকটির শুটিং করতে হয়েছিল। নাটকের পরিচালক আমায় বলেছিলেন, আপনি আসবেন। শট দেবেন এবং দ্রুতই আবার ক্যাম্পাসে চলে যাবেন। পরীক্ষার কোনো ক্ষতি হবে না।

যেই কথা, সেই কাজ। ক্যাম্পাস থেকে আমি এলাম শুটিং করতে। কিন্তু কপাল মন্দ—নানা সমস্যার কারণে সারা দিন আমার শুটিং হলো না। সন্ধ্যার ঠিক পর পর শুরু হলো আমার শট—আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে কাঁদতে হবে। ওদিকে পরিচালকের কড়া নির্দেশ, কান্নায় টিয়ারস্টিক ব্যবহার করা যাবে না, কান্না আসতে হবে একদম ভেতর থেকে। কিন্তু ভেতর থেকে আমার তো কান্না আসে না, তখন তো কান্নায় অতটা স্মার্ট হইনি। তাই বারবার এনজি হয় শট। রাত বাড়তে থাকে।

হঠাৎই মনে হলো, কালকে পরীক্ষা, পড়াশোনা তেমন কিছুই হয়নি। রাতও হয়ে গেছে—আমি কখন ক্যাম্পাসে ফিরব, কখন পড়াশোনা করব। এসব ভাবনা আসতেই অঝোরে চোখ থেকে গড়িয়ে পড়ল জল। ভেতর থেকে কান্না এল আমার। পরিচালক খুশি—দৃশ্যটি তো ‘ওকে’ হলো। আমাকে তখন বাহবা দিচ্ছেন সবাই। কিন্তু আমি তো জানি, ভেতর থেকে হঠাৎ এই হু হু কান্নাটি কেন এল, কীভাবে এল।

অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ