সুভাষ দত্তকে শ্রদ্ধা: না ফেরার দেশে চলে গেলেন সুভাষ দত্ত। একুশে পদকসহ অসংখ্য সম্মানে ভূষিত এই চলচ্চিত্রকারের ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, কবরী ও ইলিয়াস কাঞ্চন। সুভাষ দত্তকে শ্রদ্ধা জানালেন এই তিন অভিনয়শিল্পী
আমার দত্তদা
দত্ত দাদা (সুভাষ দত্ত) সব সময় বলতেন, ‘মানুষকে মরতে হবে। আর মারা যাওয়ার আগে মানুষ যেন মানুষের জন্য কাজ করে।’ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমি তাঁর এ কথাটি সব সময় মেনে চলার চেষ্টা করি। মা-বাবার পর আমার অভিভাবক হিসেবে পেয়েছি দত্ত দাদাকে। তাঁর মতো একজন ভালো মানুষের হাত ধরেই চলচ্চিত্রের দুনিয়ায় পা রেখেছি। সুতরাং ছবির মধ্য দিয়ে সবাই আমাকে আবিষ্কার করেন। আজকে সবাই আমাকে একজন ভালো শিল্পী হিসেবে মূল্যায়ন করেন, সেটার পুরো কৃতিত্ব দত্তদার। সুতরাং ছবির সময় দাদা, দাদার পরিবারের সদস্যদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। দাদা তখন রান্না করেও খাইয়েছেন। বলা যায়, আমি তাঁদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলাম। আমি মনে করি, একজন মানুষের হাতেখড়ি যদি ভালো মানুষের কাছে হয়, তাহলে তিনি অবশ্যই ভালো করবেন। দাদা আমাকে অনেক কিছুই শিখিয়েছেন। জানি না, কতটুকু রপ্ত করতে পেরেছি। তবে যতটুকু শিখেছি, ততটুকু দিয়েই কিন্তু আজকে আমি কবরী হয়েছি। তারপর এই জীবনে অনেক মানুষের সঙ্গে মিশেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। সবকিছুর মূলে দত্তদা। আমার পরিচালিত আয়না ছবিতে অভিনয় করেছিলেন দত্তদা। ছবিটির শুটিং করার সময় কখনোই একবারের জন্যও মনে হয়নি যে, আমি তাঁর হাত ধরেই এসেছি। বিষয়টি আমাকে বেশ বিস্মিত করেছে। দত্তদা ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ। তাঁর একটা নীতি ছিল; যেটা সব সময় তিনি অনুসরণ করেছেন। একেবারে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতেন। শেষ বয়সেও যে নিয়মতান্ত্রিকতা ধরে রেখেছিলেন, সেটা সত্যিই শেখার মতো। একজন শিল্পী, একজন পরিচালক এবং সর্বোপরি একজন মানবতাবোধসম্পন্ন মানুষ ছিলেন তিনি। তাঁর মতো মানুষের সাহচর্য আমার এবং আমাদের পরম প্রাপ্তি। দত্তদার মতো মানুষের দেখা তো সব সময় মেলে না। (অনুলিখিত)