আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশের মাটির গন্ধে
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান
সমবেত কণ্ঠ
চিরসবুজ এ গানটি ষাটের দশকের। সমবেত কণ্ঠে গাওয়া এ গানটির দুই শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীর কাছে জানা যায়, ’৬৩ সালে রেডিও পাকিস্তান ঢাকার হোম সার্ভিসের জন্য গানটি সমবেত কণ্ঠে প্রথম ধারণ করা হয়। ওই সময় রেডিওর প্রথম শ্রেণীর তালিকাভুক্ত শিল্পীদের প্রায় সবাই এ গানে কণ্ঠ দিয়েছিলেন। ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী ছাড়াও এ গানে কণ্ঠ দিয়েছিলেন এম এ হামিদ, খন্দকার ফারুক আহমেদ, মাহমুদুন্নবী, আঞ্জুমান আরা বেগম, ফরিদা ইয়াসমীন, মোহম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। সৈয়দ আব্দুল হাদী বলেন, এ গানটি পরে আরও একবার সমবেত এবং কেউ কেউ একক কণ্ঠেও গেয়েছেন। তবে এখনো রেডিওতে যে আমাদের গাওয়া ওই গানটিই বাজে।আমি সাগরের নীল
গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল
শিল্পী: ফেরদৌসী রহমান
এ গানের শিল্পী ফেরদৌসী রহমান জানান, আবদুল আহাদকে আমি ‘চাচা’ সম্বোধন করতাম। তাঁর সুর করা অনেক গান আমি গেয়েছি। ‘আমি সাগরের নীল’ গানটি সম্ভবত ’৬৪ সালে রেকর্ড করা হয়। রেডিও পাকিস্তান ঢাকার হোম সার্ভিসের জন্য গানটি করি। আবু হেনা মোস্তফা কামাল আমার জন্য গানটি লিখে আহাদ চাচাকে জানান। তারপর চাচা গানটি সুর করেন। সম্ভবত তিনি আমাদের বাসায় এসে গানের সুরটি আমাকে তুলে দিয়েছিলেন। শাহবাগে গানটির রেকর্ড হয়েছিল। গানটি রেডিওতে প্রচার হওয়ার কয়েক দিনের মধ্যে সুপারহিট হয়ে যায়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে গানটি দর্শকের অনুরোধে আমাকে করতেই হতো। ওই বছরই এইচএমভি থেকে ৭৮ আরপিএম রেকর্ডে আমার দুটো গান বের হয়। এক পিঠে ‘আমি সাগরেরও নীল’, অন্য পিঠে ‘ভ্রমরেরও পাখনা যত দূর যাক না’। দুটো গানই ছিল আবু হেনা মোস্তফা কামালের লেখা। আবদুল আহাদ সম্পর্কে গুণী এই শিল্পী বলেন, ‘শুধু আধুনিক গানই নয়, তিনি আমাকে অনেক নজরুল ও রবীন্দ্রসংগীত শিখিয়ে রেডিওতে গাইয়েছেন। রবীন্দ্রনাথের অপ্রচলিত গানগুলো তখন আমিই রেডিওতে বেশি গেয়েছি।’ কিছু বলো কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
এ গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী বলেন, এটি ষাটের দশকের গান। রেডিও পাকিস্তান হোম সার্ভিসের জন্য গানটি করেছিলাম সম্ভবত ’৬৪ সালে। আবদুল আহাদের সুরে অনেক গানই আমি করেছি। তবে এর মধ্যে ‘কিছু বলো কিছু বলো’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর আমার একটি ৭৮ আরপিএম রেকর্ড বের হয়। সেখানে আবু হেনা মোস্তফা কামালের লেখা দুটো গান ছিল। এক পিঠে ‘অঙ্গে দিলাম ফাগুন ঢল ঢল’, অন্য পিঠে ‘দূর আকাশের তারা’। এ ছাড়া আবদুল আহাদের কাছে আমি রবীন্দ্রনাথের অনেক গানের তালিম নিই। তিনি আমাকে দিয়ে রবীন্দ্রসংগীত সম্মেলনেও রবীন্দ্রসংগীত গাইয়েছিলেন। আমি তো আমার গল্প বলেছি, তুমি কেন কাঁদলে
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
শিল্পী: শাহনাজ রহমতুল্লাহ
শিল্পী শাহনাজ রহমতুল্লাহ বলেন, আমি আবদুল আহাদকে ‘চাচা’ বলে ডাকতাম। তাঁর সুর করা দুটো গানই আমি করেছি। এর একটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমি তো আমার গল্প বলেছি’। এ গানটি ’৬৮ বা ’৬৯ সালের দিকে শাহবাগ রেডিও স্টেশনে রেকর্ড করা হয়। বছর কয়েক আগে আমি যুক্তরাষ্ট্রে একটি কনসার্ট করি। সেই অনুষ্ঠানটি সরাসরি রেকর্ড করা হয়। ওই রেকর্ডে ‘আমি তো আমার গল্প বলেছি’ গানটিও ছিল। বেশ মেলোডি সুরকার ছিলেন আবদুল আহাদ। তাঁর সুরারোপিত আরও একটি গান আমি করেছি। সেটি ছিল ‘যাকে এত দেখলাম সে কেন আমার হলো না’। এ গানটিও গাজী মাজহারুল আনোয়ারের লেখা। গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, মনে আছে, ষাটের দশকে শাহবাগ রেডিও স্টেশনের ক্যান্টিনে আমাদের আড্ডা বসত। সেখানে বসেই ‘আমি তো আমার গল্প বলেছি’ গানটি লিখি। তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এত মধুর
গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল
শিল্পী: বশীর আহমেদ
স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ বেতারের হোম সার্ভিসে বিশেষ অনুষ্ঠানের জন্য এ গানটি রেকর্ড করা হয়। গানের শিল্পী বশীর আহমেদ জানান, আবদুল আহাদের সুরে তিনি এই একটি গানই গেয়েছিলেন। গানটি অল্প সময়েই শ্রোতাপ্রিয় হয়। এরপর আবু হেনা মোস্তফা কামালের লেখা এবং আবদুল আহাদের সুরে আরও একটি গান গাওয়ার কথা ছিল তাঁর। গান লেখাও হয়েছিল। কিন্তু হঠাৎ আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে সেই গান আর রেকর্ড করা হয়নি।অনেক বৃষ্টি ঝরে তুমি এলে এবং হাতেরও কাঁকন ফেলে চলে যেয়ো না
গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল
শিল্পী: রুনা লায়লা
আবদুল আহাদের সুরে আমি মাত্র দুটো গান করেছি। দুটো গানই আবু হেনা মোস্তফা কামালের লেখা। দুটো গানই বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠানের জন্য ’৭৫ বা ’৭৬ সালের দিকে রেকর্ড করা হয়েছিল। প্রথমে আমি গাই ‘অনেক বৃষ্টি ঝরে’ গানটি। আমাদের আসাদ গেটের বাসায় তিনি এসে আমাকে গানটির সুর তুলে দেন। মনে আছে, রেকর্ডিংয়ের দিন শাহবাগ রেডিও স্টেশনে গানের গীতিকার আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। গানটি রাতারাতি খুব শ্রোতাপ্রিয় হয়। এর মাসখানেক পর আবদুল আহাদ সাহেব আবার আমার বাড়িতে আসেন এবং ‘হাতেরও কাঁকন ফেলে চলে যেয়ো না’ গানটির সুর তুলে দেন। এ গানটিও বেশ শ্রোতাপ্রিয় হয়। একটি কথা না বললেই নয়, আমি আমার অধিকাংশ কনসার্ট শুরু করি ‘অনেক বৃষ্টি ঝরে’ গানটি দিয়ে।