১৫ জুলাই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন প্রিয় অভিনেতা বুলবুল আহমেদ। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে লিখেছেন সাংসদ, অভিনেত্রী সারাহ্ হোসেন কবরী, অভিনেত্রী ডলি জহুর ও বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা।
আমার নায়ক
‘এই স্বপ্নঘেরা দিন রাখব ধরে।’ পার্বতীর স্বপ্ন দেবদাসের জন্য চিরদিন মনের গহিনে এভাবে বন্দী হয়ে থাকবে।আমি প্রচণ্ড ব্যস্ত, এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন ভাই ফোন করে বললেন, ‘ম্যাডাম, আমার সঙ্গে একটা ছবিতে কাজ করতে হবে যে।’ আমি বললাম, মামুন ভাই, আপনি তো জানেন, আমি কী ব্যস্ত। আপনার সঙ্গে কাজ করার আনন্দ তো আছেই, তবে এখনই ডেট নেই। আমি খাতা দেখে আপনাকে জানাচ্ছি। যা-ই হোক, অবশেষে ছবির নাম জানলাম অঙ্গীকার, নায়ক নতুন, নাম বুলবুল আহমেদ, ব্যাংকে কাজ করেন ইত্যাদি। যথাসময়ে শুটিংয়ের দিন পড়ল। গান লিপসিং দিয়ে শুরু হবে। সেদিন শুধু নায়ক-নায়িকা। কাকতালীয়ভাবে যে বাড়িতে সেদিন শুটিং করেছিলাম, সে বাড়িটি আজকের সাংসদ ‘বিটপি অ্যাডভার্টাইজিং’-এর মালিক রেজা আলীর বাড়ি। বুলবুল সাহেবের সঙ্গে আমার পরিচয় হলো। ভদ্র-মার্জিত চেহারা, খুব সুন্দর করে বললেন, ‘কী সৌভাগ্য, আপনার সঙ্গে কাজ করতে পারছি। ভুলত্রুটি হলে কিছু মনে করবেন না। এখনই পা কাঁপছে।’ বুলবুল একনাগাড়ে বলেই যাচ্ছেন। আমি ফিক করে হেসে ফেললাম। আবার বেশ রাশভারী গলা বানিয়ে বললাম, আরে, নার্ভাস হওয়ার কানো কারণ নেই। আপনি তো টিভিতে একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত।সহকারী পরিচালক এসে তাড়া দিলেন। আমি সুন্দর একটা শাড়ি পরেছিলাম। বুলবুল সাহেব বললেন, ‘খুব সুন্দর শাড়ি তো!’ আমি বললাম, শুধু শাড়িই সুন্দর? বুলবুল বলেন, ‘না, না, যিনি পরবেন, তিনিই হলেন আসল সুন্দর? কীভাবে বলব, বুঝতে পারছি না।’ আমরা সবাই সেটে হো হো করে হেসে উঠেছিলাম। সেই কবেকার কথা, মনে হলে এখনো হাসি।সময় ফুরিয়ে যায়, কিন্তু কথা থেকে যায়। অনেকগুলো ছবির ফাঁকে ফাঁকে আমরা একে অন্যকে চিনতে পারি, বুঝতে পারি, যেমন—বধূ বিদায়, কাজী জহির সাহেবের ছবি। তখন আমি রাজ্জাক সাহেবের সঙ্গে ছবি করব না, ঘোষণা ছিল। কিন্তু কাজী ভাই আমাকে ডেকে বধূ বিদায়-এর গল্প শোনালেন। খুব সুন্দর গল্প। শাবানাও এ ছবিতে দুই নায়িকার এক নায়িকা, কিন্তু শাবানা চান আমার চরিত্রটা। তখন কাজী ভাই শাবানাকে বোঝালেন, কবরীটা কবরীর জন্য সুন্দর। শাবানা, তোমার চরিত্রও সুন্দর। তা ছাড়া কবরীকে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে হবে। যেটা তোমাকে মানাবে না। শাবানা কাজী ভাইয়ের বাড়িতে ব্লাউজ ছাড়া তক্ষুনি শাড়ি পরে এসে বললেন, ‘চিত্রা ভাবি, কাজী ভাই, দেখেন তো আমাকে কেমন লাগছে?’ কাজী ভাই গম্ভীর হয়ে রইলেন, কিছু বললেন না। শাবানা বেচারা, পারে তো কেঁদে ফেলেন। এদিকে রাজ্জাক সাহেবেরও খুব ইচ্ছা ছিল বুলবুল আহম্মেদের চরিত্রটি করার জন্য। কিন্তু আমি তো কাজী ভাইকে বলেই দিয়েছি, আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কাজ করব না। শেষ পর্যন্ত বুলবুল সাহেবই জিন্দাবাদ। বিখ্যাত একটা গান ছিল বধূ বিদায় ছবিতে। ‘একটুস খানি দেখো, একখান কথা রাখো, ভালো বাইসা একবার আমায় বউ বইলা ডাকো’। সারা রাত শুটিং করে এক দিনে গানটি শেষ করেছিলাম। আমার আর বুলবুল আহমেদের ডুয়েট গান ছিল। আমাদের অভিনয়ের দৃশ্যগুলো দুজনে আলোচনা করতাম। এরই মধ্যে কত খুনসুুটি হতো। বুলবুল খুব উইটি ছিল। কোনো কথা মাটিতে পড়তে দিত না। মাঝেমধ্যে আমার কাছে হার মানত। আসলে তখন পরিচালক, শিল্পী-কুশলী, এমনকি প্রযোজক-পরিবেশকেরা পর্যন্ত এই সিনেমাশিল্পকে কোথায় নিয়ে গিয়েছিল বলার অপেক্ষা রাখে না।একটা সময় ভারতের ছবি, পাকিস্তানি ছবি, ইংরেজি ছবির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের বাংলা ছবি সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, প্লাটিনাম জুবিলি পর্যন্ত হয়েছে। প্রতিযোগিতা ছিল মেধা দিয়ে, সততা ছিল কাজের প্রতি। আমার এত ব্যস্ততার মধ্য দিয়েও মনে পড়ে, বুলবুলের সঙ্গে দেবদাস ছবির কথা। পরিচালক চাষী নজরুল ইসলাম, আমাদের দুজনকে যখন একটি দৃশ্য বোঝাচ্ছিলেন, আমার কপালে ছড়ি মারবে দেবদাস, আমি যেন না কাঁদি আর দেবদাকে যেন জড়িয়ে না ধরি। দর্শক, জানি না, বিশ্বাস করবেন কি না, এ দৃশ্যে যে মুহূর্তে বুলবুল ছড়ি দিয়ে আমাকে আঘাত করেছিলেন, মুহূর্তের মধ্যে প্রচণ্ড আবেগে, অভিমানে আমার দুই চোখভরা পানি টস টস করে পড়তে লাগল। আমি তাঁর দিকে তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড। তারপর দুজন দুজনকে দেবদা আর পারু বলে চিৎকার করে জড়িয়ে ধরে এত কাঁদছিলাম, আমি জীবনে কোনো ছবিতে এত কাঁদিনি। শেষ পর্যন্ত চাষী ভাই এসে দুই কিশোর-কিশোরীকে আদর, ভালোবাসায় সান্ত্বনা দিয়ে কান্না থামিয়েছিলেন।জীবন যায় জীবন আসে। এই আসা-যাওয়ার খেলা বড়ই বিচিত্র। এই পৃথিবীতে মানুষের কর্মে, মানুষের ব্যবহারে, ভালোবাসায় এক পাহাড় তৈরি হয়। কখনো মনে হয়, এক কঠিন পাথর কখনো ভাঙবে না, নড়বে না পাষাণ। আসলে আমরা নিজেরাও টের পাই না, কখন একজন মানুষের প্রতি ভালোবাসার টানাপোড়েনে ঋদ্ধ হই, আন্দোলিত হই। ঘণ্টার পর ঘণ্টা গল্প, আলাপচারিতায় সময় কেটে যেত। বুলবুল আহমেদের সঙ্গে আমার এমনই এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল। দেখা হতো কম, কিন্তু ফোনে বিশ্বের এমন আলাপ বাকি ছিল না। বুলবুল সাহেব আমাকে দেখলেই বলতেন, ‘ম্যাডাম, স্বপ্ন বড় সুন্দর, কিন্তু স্বপ্নভঙ্গের কষ্ট বড় বেদনাদায়ক।’ সত্যি যত দিন ছিলেন, ওটাই তো স্বপ্ন ছিল। আজ আপনি কোথায় কত দূরে...আমার কাছে সেটাই স্বপ্নভঙের শামিল।