চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বায়ান্ন গলির এক গলি। রাবেয়া খাতুনের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন সাইদুল আনাম টুটুল, বৃন্দাবন দাস ও গিয়াসউদ্দিন সেলিম। পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। অভিনয় করছেন তানিয়া আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।‘বায়ান্ন গলির এক গলি’ নাটকটি নিয়ে কিছু বলুন।এই গল্পের সময়টা ১৯৪৭ সালের দেশভাগের আগে। দেশ ভাগের মধ্য দিয়ে তা শেষ হয়। পুরো গল্পটাই পুরান ঢাকার ওপর। নাটকে সময়টা ঠিকভাবে তুলে ধরার জন্য শতভাগ চেষ্টা করেছেন টুটুল ভাই (পরিচালক)। ওই সময় মেয়েরা কী ধরনের পোশাক পরত, তার কিছু ছবি শুটিংয়ের আগেই আমাদের পাঠিয়েছিলেন। সেভাবেই আমরা পোশাক তৈরি করেছিলাম। পুরান ঢাকার ঐতিহ্য তো ছিলই। কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে দর্শক ওই সময়ের পুরান ঢাকাকে খুঁজে পাবেন।এনটিভিতে আপনার অভিনীত ‘অচেনা প্রতিবিম্ব’ প্রচারিত হচ্ছে।এই ধারাবাহিকের কাজ করেছিলাম ব্যাংককে। আমি সাঁতার জানি না। কিন্তু নাটকের শুরুতেই দেখা যাবে আমাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। সেই ছোটবেলা থেকেই আমার মধ্যে পানিভীতি কাজ করে। পরিচালক রায়হান খান পুরো নাটকের শুটিংয়ের শেষে এক সুইমিংপুলে দৃশ্যটি ধারণ করেন। সেই কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে।চ্যানেল আইয়ের ‘ছুটির দিন ও একটি নীল নকশা’ নাটকের খবর কী?এই নাটকের কাজও আমরা দেশের বাইরে করেছিলাম। শুটিংয়ের সময় শতাব্দী ওয়াদুদ নানাভাবে সহযোগিতা করেছিল। মোশাররফ করিম গিয়েছিল তার স্ত্রী আর ছেলেকে নিয়ে। অল্প সময়ের মধ্যেই ওর ছেলের সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব হয়ে যায়। ঈদের জন্য কী কাজ করছেন?কয়েকটি কাজ করেছি। কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছি। বেড়াতে। ফিরব সেপ্টেম্বর মাসে। তাই এবার ঈদে আমার খুব বেশি কাজ থাকবে না।