
মুস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া ছবির ঘটনা। আমি একা একা অপেক্ষা করছি—এমন একটি দৃশ্য নেওয়া হবে। পরিচালক আমাকে বললেন, ফিফটি লেন্সে নেওয়া হবে শটটি। আমি ভাবলাম, যেহেতু ফিফটি লেন্সে নেওয়া হবে তাহলে স্ক্রিনে আমাকে হাফ দেখাবে। আমি জুতা খুলে খালি পায়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম। ওদিকে আকাশে মেঘের আনাগোনা। যেকোনো সময় বৃষ্টি নামবে, তাই তাড়াহুড়া করে শটটি নেওয়া হবে। প্রথম টেকেই দৃশ্যটি ওকে হয়ে যায়। আমি দৃশ্যটি মনিটরে দেখতে গিয়ে দেখি, ফুল ফ্রেমে শটটি নেওয়া হয়েছে। দৃশ্যে আমার খালি পা! ইউনিটের কেউই খেয়াল করেননি এটা। এর আগের দৃশ্যে পায়ে হিল পরা অবস্থায় চলমান শট। আমি পরিচালককে বললাম, ‘আমার পায়ে তো জুতা নেই।’ বিষয়টি বুঝতে পেরে ইউনিটের সবাই তো হেসে কুটি কুটি! শট এনজি হয়ে গেল। পরে হিল জুতা পরে আবার দৃশ্যটি নেওয়া হলো। পরেরবার দৃশ্যটি ওকে হয়।
আরেকটি ঘটনা বলি। গেল ঈদের আগে নেপালে একটি নাটকের শুটিং করতে গিয়ে এনজি শটের কবলে পড়েছিলাম। এই মুহূর্তে নাটকটির নাম মনে পড়ছে না। থামেল থেকে প্রায় দেড় ঘণ্টার রাস্তা। একটি রিসোর্টে শুটিং হচ্ছিল। আমার সহশিল্পী ইমন ভাই। দুজনের একটি রোমান্টিক দৃশ্য। দৃশ্যটি নেওয়ার আগেই কি যেন আমার হয়েছিল, খালি হাসি পায়। সবকিছু ঠিকঠাক। প্রথম সংলাপ আমার। ক্যামেরা চলছে। সংলাপ দিতে গিয়েই প্রথমেই হাসি চলে এল। এমন হাসি, আর থামে না। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছিল, চোখে পানিও চলে আসছিল। হাসির কারণে বেশ কয়েকবার এনজি হয়ে গেল শটটি। পরে যখন আমি সিরিয়াস হয়ে সংলাপ দিচ্ছিলাম, তখন ইমন ভাইয়ের হাসি শুরু হলো। একপর্যায়ে পরিচালকও হাসা শুরু করলেন। প্রায় দেড় ঘণ্টা ধরে দৃশ্যটি নেওয়ার চেষ্টা করা হলেও বারবারই এনজি হয়ে যাচ্ছিল। ওই দিন আর কাজই হয়নি। পরের দিন দৃশ্যটি করা হয়।
অনুলিখন: শফিক আল মামুন