আমার পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকের বাদ্য আর উলুধ্বনির আহ্বানে বছর ঘুরে আবার এল শারদীয় দুর্গোৎসব। পূজা মানেই আনন্দ। সেই আনন্দ ছুঁয়ে গেছে তারকাদেরও। পূজার দিন মানেই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। দেবী দর্শন। বিনোদন জগতের পাঁচ তারকার পূজার স্মৃতিচারণা নিয়ে এই আয়োজন। লিখেছেন মেহেদী মাসুদ ও মনজুর কাদের

চিত্রলেখা গুহ

চিত্রলেখা গুহ
চিত্রলেখা গুহ

বাবার বাড়ির পূজা খুব মিস করি
আমার বাবার বাড়ি চট্টগ্রামের রাউজানে আঁধারমানিক গ্রামে। দুর্গাপূজা হতো আমাদের বাড়িতেই। সবার কাছে এখনো তা ‘উকিলবাড়ির পূজা’ নামেই পরিচিত। শত বছরের পুরোনো পূজা। এক মাস আগে থেকেই বাড়ির উঠানে শুরু হতো ঠাকুর গড়ার কাজ। আসতেন প্রতিমাশিল্পী। জগরণী পুঁথি পাঠের মধ্য দিয়ে শুরু হতো কাজ। আমার বিয়ে হয়েছে ১৮ বছর বয়সে। এর আগে পর্যন্ত এই পূজার সঙ্গে আমার ছিল নাড়ির সম্পর্ক। বাবা, কাকা আর জ্যাঠারা সব আয়োজন করতেন। কেনাকাটা করতেন। ঠাকুরমা, মা, কাকিমা, জেঠিমা, পিসিমারা গোছাতেন বাড়ির ভেতরের কাজ। পূজার সময় আমার কিছু নির্দিষ্ট কাজ ছিল—ফুলের মালা গাঁথা, দূর্বাঘাস বাছাই করা, কলাপাতা পরিষ্কার করা, চন্দন বাটা আর ফল কাটা। সঙ্গে থাকতেন আমার অন্য বোনেরা। অষ্টমী আর নবমীর তিথির মাঝে হতো সন্ধিপূজা। ওই সময় আমরা ১০৮টা প্রদীপ জ্বালাতাম। চার দিন অনেক আত্মীয়স্বজন আসতেন। থাকতেন। আমাদের বাড়িটা ছিল অনেক বড়। পূজার চার দিনে কত মানুষ যে থাকত, তার কোনো হিসাব ছিল না। সারা দিন ভোগ রান্না হতো। বাড়ির ভেতরে আছে চারটি পুকুর। বাইরে আছে আরও কয়েকটি। দশমীর দিন এই পুকুরগুলো থেকে মাছ ধরা হতো, অতিথিদের আপ্যায়ন করার জন্য। বছরে দুটি নতুন জামা পেতাম। একটা পয়লা বৈশাখে আর দ্বিতীয়টি দুর্গাপূজার সময়। পয়লা বৈশাখের জামাটা পূজার দিনগুলোর জন্য উঠিয়ে রাখতাম। শুধু যে বাড়ির পূজা দেখতাম তা নয়, ভাইবোনেরা মিলে অন্য গ্রামে যেতাম প্রতিমা দেখতে। প্রতিমা বিসর্জন হতো আমাদের পুকুরেই। এরপর হতো রং খেলা আর কাদা খেলা। আমার শ্বশুরবাড়ি কুমিল্লার মোগলটুলীতে। এখানে হয় সর্বজনীন পূজা। এখন তো আমাদের মেয়েরা মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখে, সেলফি তোলে, রেস্টুরেন্টে খেতে যায়। পৃথিবীটা এখন ওদের হাতের মুঠোয়। মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে পূজার সময় বাবার বাড়ি যাই। সবকিছু দেখে ওরা খুব অবাক হয়। সত্যি, বাবার বাড়ির পূজা খুব মিস করি।

পূজা সেনগুপ্ত
পূজা সেনগুপ্ত

পূজা সেনগুপ্ত
লঞ্চে চড়ে গঙ্গায় বিসর্জন দেখতাম
পূজার দিনগুলোতে সকালে উপোস করি। অঞ্জলি দিই। আগে আমাদের বাসা ছিল গোপীবাগে। সেখান থেকে রামকৃষ্ণ মিশন খুবই কাছে। আগে তো পূজার সময় প্রতিদিন সেখানে চলে যেতাম। পরে সন্ধ্যায় বাবা-মা, কাকা, পিসিমারা একসঙ্গে বের হতাম অন্য এলাকার প্রতিমাগুলো দেখতে। বাবা মনোজ সেনগুপ্ত ছিলেন বাংলাদেশ টেলিভিশনে। খুব ব্যস্ত থাকতেন। তার মাঝেই পূজার দিনগুলোতে আমাদের জন্য একটু সময় বের করতেন। তবে এখন বাবা বনানী মাঠের পূজা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর করেছি। পাশাপাশি আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকেও নাচের ওপর স্নাতকোত্তর করেছি। সেটা ২০১১ সালের কথা। যেহেতু নাচ নিয়ে পড়ছি, তাই শিল্পের প্রতি আকর্ষণ সব সময়ই ছিল। কিন্তু ওখানে প্রতিমাগুলো দেখে মুগ্ধ না হয়ে উপায় ছিল না। প্রতিমা গড়ার সঙ্গে প্রতিমাশিল্পীরা দারুণ দারুণ ভাবনা যোগ করেন। আমরা বন্ধুরা মিলে ঘুরে ঘুরে সেসব দেখেছি। বিসর্জনের সময় আমরা গঙ্গায় চলে যেতাম। লঞ্চে চড়ে ঘুরে ঘুরে বিসর্জন দেখতাম। এখন পূজা এলে যুক্ত হয় টিভিতে আর বিভিন্ন অনুষ্ঠানে নাচের আমন্ত্রণ। এবার ২১ অক্টোবর অষ্টমীর দিন আমি নাচ করছি বনানী পূজামণ্ডপে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রার্থনা’ কবিতা নিয়ে পাঁচ মিনিটের নাচ তৈরি করেছি।

মৌটুসী বিশ্বাস
মৌটুসী বিশ্বাস

মৌটুসী বিশ্বাস
প্রতিমাগুলো ছিল দারুণ
আমাদের বাসা ছিল চট্টগ্রামের কাজীর দেউড়িতে। কাছেই রামকৃষ্ণ মিশন। পূজার সময় সকাল সকাল চলে যেতাম সেখানে। সারা দিন থাকতাম। খাওয়াদাওয়া ওখানেই হতো। দুপুরে ছিল খিচুড়ি, লাবড়া, অম্বল। রামকৃষ্ণ মিশনের আশপাশে পরিচিতজনদের বাসা ছিল। আমরা ছোটরা মিলে সেখানেও যেতাম। নাড়ু খেতাম। বিয়ের পর স্বামীর সঙ্গে চলে যাই দিল্লিতে। তখন পলাশ ওখানেই চাকরি করত। আমরা যেখানে থাকতাম, তার কাছেই ছিল বাঙালি পাড়া। সেখানে দুর্গাপূজা মানে অন্য কিছু। বাসার ছাদে গিয়ে দেখতাম আতশবাজি। রাতের আকাশ আলোয় আলোয় ভরে যেত। একটার থেকে আরেকটা সুন্দর। আমিও বাজি কিনে আনতাম। ওই আনন্দ বলে বোঝানো যাবে না। ওখানে ঠাকুর দেখতে লম্বা লাইনে দাঁড়াতে হতো। প্রতিমাগুলোও ছিল দারুণ। এরপর খেতে যেতাম বাঙালি রেস্টুরেন্টে। এবার সবাইকে নিয়ে যাব ঢাকেশ্বরী মন্দিরে।

বাপ্পি চৌধুরী
বাপ্পি চৌধুরী

বাপ্পি চৌধুরী
রাস্তায় দাঁড়িয়ে নাচতে পারি না
আমাদের বাসা নারায়ণগঞ্জে চৌধুরীপাড়ায়। বাবা ব্যবসায়ী আর মা গৃহিণী। চার ভাইবোন। গত তিন বছরে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করছি। এখন আমাকে অনেকেই চেনে। আর এ কারণে পূজার সময় ইচ্ছে হলেও রাস্তায় দাঁড়িয়ে নাচতে পারি না। আগে পূজার সময় অনেক আনন্দ করেছি। এখন সারা দিন শুটিং করি। সন্ধ্যায় পরিচালক ছুটি দেন। তারপর চুপিসারে ঘুরতে বের হই। আমাদের ওখানে আমলাপাড়ায় পূজার বড় আয়োজন হয়। গভীর রাতে সেখানে যাই। সবার সঙ্গে আড্ডা দিই। ছবি তুলি। আগে পুজোর সময় সারা দিন মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। নারায়ণগঞ্জ তো ছিলই, পাশাপাশি নরসিংদী যেতাম আর ঢাকায় আসতাম। সারা রাত পূজামণ্ডপে গান শুনতাম। হইহুল্লোড় করতাম। খুব মজা করতাম। ওই সময়টা খুব মিস করি। তবে এখন পূজামণ্ডপে গেলে সবাই বাড়তি খাতির করেন। এবার রাত ১২টার দিকে বের হব। সারা রাত ঘুরে সকালে আবার শুটিং করব। পূজা উপলক্ষে সবার জন্য কেনাকাটা করেছি। মায়ের জন্য শাড়ি, বাবা ও ভাইয়ের জন্য পাঞ্জাবি-পায়জামা। এখনো পর্যন্ত নিজের জন্য কিছু কিনতে পারিনি। এখন তো সারা বছরই নতুন পোশাক কেনা হয়। তাই পূজার সময় খুব কেনাকাটার প্রয়োজন হয় না। এখন সবাইকে উপহার দিতে পেরে আনন্দ পাই।

মিথুন
মিথুন

মিথুন
ঢাক ছিল আমার চেয়ে বড়
মা বলেন, আমি নাকি তিন বছর বয়সে প্রথম ঢাক বাজিয়েছিলাম। তবে পূজার মণ্ডপে আমি প্রথম ঢাকা বাজিয়েছি ছয় বছর বয়সে। আমার মামার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। মামাদের বাড়িতেই পূজা হয়। তখন আমি এত ছোট ছিলাম যে ঢাক আমার চেয়ে বড় ছিল। পূজার সময় ঢাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে। যেহেতু আমি ছোট, তাই আমার কোনো সুযোগ নেই। এদিকে মামাদের একটি দলের ঢাকি নেই। শেষ পর্যন্ত আমি সুযোগ পেয়ে যাই। সেদিন অনেক বড় বড় ঢাকির সঙ্গে বাজিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই থেকে আমার ঢাক বাজানো শুরু। বিয়ের পর শ্বশুরবাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির রোসাংগিরিতে যাই দুর্গাপূজা উপলক্ষে। সেখানে ছয় ঘণ্টা ঢাক বাজিয়েছি। আমার সঙ্গে শাঁখ, করতাল আর কাঁসা বাজিয়েছেন কয়েকজন চাচা শ্বশুর। এখন তো কত ধরনের ঢোল বাজাই, পাঞ্জাবি ঢোল, আফ্রিকান ঢোল; কিন্তু বাংলাদেশের ঢাকের আওয়াজ আলাদা।