আমার প্রতিবাদের ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জানুয়ারি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চ ঘিরে ভিন্ন রকম এক আয়োজন। মঞ্চে আলো আসতেই দেখা গেল, নানা ধরনের স্লোগান-শোভিত প্ল্যাকার্ড হাতে একঝাঁক শিল্পী। তাঁরা গাইছেন সলিল চৌধুরীর ‘আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন’ গানটি। নাটক তখনো শুরু হয়নি। কিন্তু নাটকের আগে এ রকম পরিবেশনা কেন? প্রশ্নের উত্তর মিলল একটি লিফলেট হাতে পেয়ে। ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ (ওয়ান বিলিয়ন রাইজিং ক্যাম্পেইন)-এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এই আয়োজনটি করেছে (ভিকটরি ডে) ভিডে ঢাকা। তাই এ রকম কিছু আনুষ্ঠানিকতা। এরপর যথাসময়ে নাটক শুরু হলো।আই অ্যাম অ্যান ইমোশনাল ক্রিয়েচার নামে এই নাটকটি লিখেছেন ইভ এন্সলার। আর নাগরিক নাট্যদল প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সারা যাকের। নাটকটিতে আছে চারটি গল্প। প্রথম গল্পে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার তথ্যভিত্তিক নানা উপস্থাপনা। ‘আই ডান্স’ শিরোনামে দ্বিতীয় গল্পে নৃত্য, সংগীত ও কোরিওগ্রাফির সমন্বয়ে দেখানো হয়েছে কিশোরীদের উৎফুল্লতা ও তাদের প্রতি সহিংসতার চিত্র। এভাবে একে একে চলতে থাকল নাটকের সব কটি গল্পের পরিবেশনা। মঞ্চে এলেন নির্দেশক সারা যাকের। নাটক কি তবে শেষ হলো?না, নির্দেশক নয়, ততক্ষণে এই নাটকের একজন শিল্পী হিসেবেই মঞ্চে প্রবেশ করেছেন তিনি। পাঠ করছেন নাটকের চারটি চরিত্রের যোগসূত্র নিয়ে কিছু কথা। পাশাপাশি চলছে কোরিওগ্রাফি। নাটকের শেষ দৃশ্যে নাটকীয়তার চমকটিই ছিল এমন। নাটক প্রসঙ্গে সারা যাকের বলেন, ‘নারী জাগরণের প্রতি আমার বিশ্বাস ও ভালোবাসা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছি আমি।’এদিকে এই নাটক ছাড়াও বীরাঙ্গনা, অ্যাসিড নিক্ষেপ, যৌন নিপীড়ন, হত্যাসহ নারীর প্রতি সহিংসতার আরও নানা বিষয় নিয়ে এখানে মঞ্চস্থ হয়েছে আরও সাতটি একক অভিনয়। এ ছাড়া নজরুলের কবিতা ও গানের মাধ্যমে নৃত্য, গীত এবং কোরিওগ্রাফিতে এই সহিংসতার প্রতিবাদ জানায় ‘সাধনা’-এর শিল্পীরাও। অন্যদিকে, সম্প্রতি নারীদের ওপর ঘটে যাওয়া নানা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পথনাটক পরিষদ। ১১ জানুয়ারি মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সভার মাধ্যমে তারা এই প্রতিবাদ জানায়। এখানে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, মান্নান হীরা, গোলাম কুদ্দুছ, রোকেয়া রফিকসহ সর্বস্তরের নাট্যকর্মীরা।