আমার ভালোবাসার গান

প্রেমের গানের সংজ্ঞা কী? শিল্পীদের এমন প্রশ্ন করলে, কিছুক্ষণের নীরবতা নিশ্চিত। এরপর একেক জন একেকভাবে সংজ্ঞায়িত করেন একে। তবে সবাই ঘুরেফিরে একটা বার্তাই দিতে চান। তা হলো—সব সুরেই তো প্রেম থাকে। তবে এবার সব গান নয়, এ সময়ে যাঁদের তোলপাড় করা কিছু প্রেমের গান রয়েছে, তাঁদের কাছে জানতে চাওয়া হলো ‘ভালোবাসা দিবস’-এ তাঁদের ভালোবাসার গান কোনটি। পড়ে মিলিয়ে নিন তো, আপনার পছন্দের সঙ্গে মিলে যায় কি না-

হাবিব
হাবিব

হাবিব
সত্যি বলতে, শুধু গান নয়, পুরো পৃথিবীটা তো ভালোবাসার কারণেই বেঁচে আছে। শুধু গানে কিংবা সুরে ভালোবাসা খুঁজলে কী হবে! তবে শিল্পী হিসেবে আমার ভালোবাসার গান যদি বাছাই করতে বলা হয়, তা আমার জন্য খুব কঠিন হবে। আমার করা ৯০ ভাগ গানই তো প্রেমের। একেকটা গান প্রেমের একেকটা পর্যায়কে ব্যাখ্যা করে। একেকজন শ্রোতার কাছে প্রেম একেকভাবে আসে। কেউ হৃদয়ের কথা ছবির ‘ভালোবাসব বাসব রে’ গানে খুঁজে পায় নিজের ভালোবাসার মুহূর্ত, কেউ আবার আকাশ ছোঁয়া ভালোবাসার ‘পৃথিবীর যত সুখ’ গানে। এই গানগুলো অনেক বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। হয়তো এই গানগুলোর সঙ্গে শ্রোতারা নিজেদের ভালোবাসার মুহূর্তকে সবচেয়ে বেশি মেলাতে পেরেছিল।

কনা
কনা

কনা
শ্রোতাদের সঙ্গে আমার এই ভালো লাগার ভালোবাসার গানটি মিলবে কি না, জানি না। তবে আমার কাছে আমার প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসার টাইটেল ট্র্যাকটি হলো ভালোবাসার গান। তবে প্রেমের গান হিসেবে শ্রোতাদের প্রচুর সাড়া পেয়েছি হাবিব ওয়াহিদের সঙ্গে প্রজাপতি ছবির ‘প্রজাপতি’ এবং ইমরানের সঙ্গে ছুঁয়ে দিলে মন ছবির ‘শূন্য থেকে আসে প্রেম’ গান দুটি গেয়ে।

ন্যান্সি
ন্যান্সি

ন্যান্সি
আমার ভালোবাসার একটা গান খুঁজে বের করা কঠিন। তবুও যদি বলতে হয় কোনো গানের নাম-তাহলে বলব, আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিতে হাবিব ওয়াহিদের সঙ্গে করা ‘পৃথিবীর যত সুখ’ গানটি। তা ছাড়া আমার নতুন একক অ্যালবামেও থাকছে বেশ কয়েকটি ভালোবাসার গান। কিন্তু সেখান থেকে নাম ধরে কোনো একটার কথা বলা যাবে না। কারণ ওখানে প্রেমের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রূপের গান রয়েছে; যা ভালোবাসাকে একেক রূপে একেক পরিস্থিতে শ্রোতাদের সামনে তুলে ধরবে।

তাহসান
তাহসান

তাহসান
‘আলো’, ‘প্রেমাতাল’-এই গানগুলোর বয়স প্রায় ১২ বছর হবে। কিন্তু এখনো কোনো কনসার্টে গাইতে গেলে সবাই এ গানগুলোই শুনতে চায়। আমার কষ্ট খুব কমই করতে হয়, গান তো সব শ্রোতারাই গান। তাই শ্রোতাপ্রিয়তার দিক থেকে আমার ভালোবাসার গানের কথা বলতে এই গানগুলোর কথা তো আসবেই। তবে একটা গানের কথা আমি আলাদাভাবে বলতে চাই। গানটির নাম ‘প্রথম সকাল’। এ গানের প্রতিটি কথায় যে ভালোবাসার প্রকাশ, তা এখনো আমার মন ছুঁয়ে যায়। বিয়ের পরদিন সকালে ঘুমিয়ে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে একজন স্বামী যে কথাগুলো ভাবেন, ‘প্রথম সকাল’ গানের মধ্য দিয়ে সে ভাবনাটাই উঠে এসেছে। আমার ভালোবাসার গানের মধ্যে তাই ‘প্রথম সকাল’ আমার খুব প্রিয়।
সাক্ষাৎকার: আদর রহমান