আমার ভাষা ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে শোভা পাচ্ছে নানা রঙের বেশ কিছু কাগজের পাখি এবং একটি লাল সূর্য। মাঝে লাল কাপড়ে সাদা অক্ষরে লেখা ‘পথনাট্য উৎসব’। পাশে উৎসবের শিরোনাম ‘আমার ভাষা আমার নাটক’ লেখা আছে কালো কাপড়ে সাদা অক্ষরে। উৎসব উপলক্ষে এভাবেই সাজানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উৎসবের আয়োজন করে তীরন্দাজ নাট্যদল। গতকাল শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক নিরঞ্জন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। এক দিনের এ উৎসবে ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি দল নাটক পরিবেশন করে। শোয়েব মনির রচিত ও নির্দেশিত নাটক আশ্চর্য উপশম-এর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় নাটকের পালা। এটি পরিবেশন করে নারায়ণগঞ্জের দল ঐকিক থিয়েটার। রাহুল আনন্দ রচিত ও নির্দেশিত নাটক ভোমরা পরিবেশন করে প্রাচ্যনাট। মুক্তমঞ্চ থিয়েটার পরিবেশন করে বেহুলা। এর নাট্যকার দীপঙ্কর গৌতম এবং নির্দেশক রফিকুল ইসলাম। সুবচন নাট্য সংসদ পরিবেশন করে আসাদুল ইসলাস রচিত ও নির্দেশিত নাটক দ্য ম্যাড। সবশেষ পরিবেশনা ছিল আয়োজক নাট্যদল তীরন্দাজের। তারা পরিবেশন করে শাহীন রেজা রচিত ও নির্দেশিত নাটক খনি।